২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আটলান্টিক-এর শেয়ার কিনছেন লরিন জবস

মার্কিন সাময়িকীয় আটলান্টিক-এর অধিকাংশ শেয়ার কিনছেন টেক জায়ান্ট অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস-এর স্ত্রী লরিন পাওয়েল জবস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 10:46 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

লরিন জবস ‘এমারসন কালেকটিভ’ নামে সামাজিক বিচারবিষয়ক একটি সংস্থা পরিচালনা করেন। এই সংস্থা সাময়িকীটির অধিকাংশ শেয়ার কিনে নিতে সম্মত হয়েছে, আটলান্টিক মিডিয়া-এর মালিক ও চেয়ারম্যান ডেভিড জি ব্র্যাডলি এ কথা বলেছেন বলে সাময়িকীটিতে উল্লেখ করা হয়েছে।

ব্র্যাডলি এই প্রকাশনার কম অংশের শেয়ার নিজের কাছে রাখবেন। সামনে আরও তিন থেকে পাঁচ বছর প্রতিষ্ঠানটি পরিচালনার পরিকল্পনা করছেন তিনি, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

৬৪ বছর বয়সী ব্র্যাডলি কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে বলেন, “আমি যত বছর ধরে পরিচালনা করছি, তার মধ্যে এটি আমার সবচেয়ে ফলপ্রসু সিদ্ধান্ত: কার হাতে আমি এই ১৬০ বছর পুরানো জাতীয় সম্পদের ভার দিচ্ছি।”

সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতের নেতৃত্বস্থানীয়দের সাংবাদিকতায় আসার প্রচলন দেখা যায়। লরেন জবস-এর এই খাতে প্রবেশটাও একই রকম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কয়েক বছর আগে অ্যামাজন প্রধান জেফ বেজোস কিনে নেন প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।

শিক্ষার্থীদের পড়াশুনায় সহায়তা করতে অনলাইন টুল নির্মাণ করে থাকে ‘অ্যাচিভা’ নামের এক প্রতিষ্ঠান। লরিন জবস আগে এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।