আসছে ‘হিরোজ অব ৭১’ এর তৃতীয় পর্ব
দুই পর্বের সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের কাহিনীনির্ভর মোবাইল ফোন গেইম ‘হিরোজ অব ৭১’ এর তৃতীয় পর্ব।
নির্মাতারা জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় পর্বে প্রতিরোধ ও প্রত্যাঘাতের ধারাবাহিকতায় এবার মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের ‘ভূমিকা নিয়ে’ খেলা যাবে নতুন ‘হিরোজ অব ৭১: মুক্তি ক্যাম্প’ গেমটি।
মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় দেশীয় তরুণ উদ্যোক্তাদের প্রতিষ্ঠান পোর্টব্লিস এই গেইম নির্মাণ করেছে।
বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারে অবস্থিত আইটি ইনকিউবেটরে এক অনুষ্ঠানে ‘হিরোজ অব ৭১’ এর নতুন গেইমসহ ১০টি নতুন আইটি স্টার্টআপ নির্মাণকাজের অগ্রগতি তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে ‘হিরোজ অব ৭১’ এর বিস্তারিত জানান পোর্টব্লিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশা মুস্তাকিম।
তিনি বলেন, “মুক্তিযোদ্ধা ক্যাম্পের সৈন্য সংগ্রহ, তাদের ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও সর্বোপরি আক্রমণ পরিচালনা বিষয় নিয়ে তৈরি হচ্ছে এই গেইম। ছোট এলাকার ক্যাম্প দখলের বিষয় থাকায় যিনি খেলবেন তিনি সেক্টর কমান্ডারের ভূমিকা পালন করবেন।”
আগামী ১৬ ডিসেম্বর খেলাটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য ছাড়া হবে বলে জানিয়ে তিনি বলেন, “নতুন মাত্রার স্ট্র্যাটেজি গেইম হবে এটি। ৩৫ থেকে ৪০ লেভেলে খেলতে পারবেন ব্যবহারকারীরা। এর গেইম ডিজাইন ও ভিজ্যুয়াল এসেট ডেভেলপমেন্টের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।”
প্রথম ও দ্বিতীয় পর্বে মিলিয়ে গেইমটির প্রায় ৪০ লাখ ইউনিক ইউজার রয়েছে বলে জানান মাশা মোস্তাকিম।
অনুষ্ঠানে আইটি ইনকিউবেটরে চালু থাকা অন্য ৯টি স্টার্টআপের কাজের সংক্ষিপ্ত রূপ তুলে ধরা হয়।
অনলাইনে ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার প্ল্যাটফর্ম ‘বিডিরেটস হোল্ডিংস লিমেটেড’, সার্চ ইঞ্জিন ‘খুঁজুন ডটকম’, মোবাইলে ও অনলাইনে খুচরা অর্ডারের অ্যাপ্লিকেশন ‘সেলিসকোপ’, আঞ্চলিক ফার্মেসি ও টেলিমেডিসিন প্রযুক্তির ‘প্রযত্ন’, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও অভিভাবকদের সময় বাঁচানোর জন্য ‘ইশকুল’ প্রকল্প এর মধ্যে রয়েছে।
অনুষ্ঠানে বাংলালিংকের করপোরেট কমিউনিকেশন বিভাগের প্রধান আসিফ আহমেদ জানান, গতবছরের ফেব্রুয়ারিতে ‘কানেক্টিং স্টার্টআপ’ আয়োজনে নির্বাচিত ৫০টি স্টার্টআপের মধ্যে ১০টিকে এক বছরের জন্য পূর্ণ সহযোগিতা দিচ্ছে বাংলালিংক।
এর মাধ্যমে বাংলালিংক আইটি ইকিউবেশন সেন্টার ছোট ও মাঝারি ডিজিটাল ব্যবসায় প্রতিষ্ঠানকে উৎসাহ দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
