হিরোজ অব ৭১: এবার প্রতিশোধ পর্ব
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রথম মোবাইল গেইম ‘হিরোজ অব ৭১’-এর নতুন পর্ব মুক্তি পাচ্ছে এই স্বাধীনতা দিবসে ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় এবং বিসিসির সহযোগিতায় গেইমটি তৈরি করেছে বাংলাদেশেরই একদল তরুণ গেইমার।
‘পোর্টব্লিস’ গেইমস দলের ওই সদস্যরা জানিয়েছেন, আগামী ২৬ মার্চ গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড ফোনে ‘হিরোজ অব ৭১: রিট্যালিয়েশন’ নামের নতুন গেইমটি ডাউনলোড করা যাবে।
সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, “মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একদল তরুণ মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের গৌরবময় ইতিহাসকে গেইমে তুলে এনেছেন।
“যারা মুক্তিযুদ্ধ দেখিনি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখিনি, তাদের সামনে এগিয়ে যেতে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস জানতে হবে। তরুণ প্রজন্মের কাছে বিজয়ের ইতিহাস তুলে না ধরতে পারলে এগিয়ে যেতে পারব না।”
সারাবিশ্বে গেইমিং ইন্ডাস্ট্রি যেভাবে ডেভেলপ করছে সেখানে বাঙালি তরুণরা নিজেদের অবস্থান করে নেবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
“আমরা আনন্দিত, বাংলাদেশের গেইম ডেভেলপাররা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরবে। লড়াকু জাতি হিসেবে নিজেদের ইতিহাস তরুণ প্রজন্ম জেনে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত হবে।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও ‘হিরোজ অব ৭১’ গেইমটি দেখে আনন্দিত হয়েছেন; ছোট-বড় সবার কাছে সেটি গ্রহণযোগ্যতা পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বলেন, “২০২১ সাল পর্যন্ত এক হাজার প্রোডাক্টকে আমরা সাপোর্ট দেব। এটা কেবল গেইমে না, নতুন টেক প্রোডাক্টেও দেওয়া হবে।”
পোর্টব্লিসের নতুন গেইমটি সারাবিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নতুন গেইমটি সম্পর্কে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শামসু বাহিনী বরিশালের শনির চরে একটি পাকিস্তানি ক্যাম্প দখল করে এবং শক্রুর আক্রমণের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে। যুদ্ধের শেষে তারা জয়লাভ করলেও তাদের সহযোদ্ধা সজল শহীদ হন। শামসু বাহিনীর সদস্যরা প্রতিশোধের শপথ নেয় ও পরবর্তীতে গেইমটি নানা কাহিনী অতিক্রম করে চলে।
এক লিখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হিরোজ অব ৭১’ গেইমের সিক্যুয়েল নতুন গেইমটি। গুগল অ্যানালিটিক্সের তথ্য অনুযায়ী, ‘হিরোজ অব ৭১’ গেইমটি গুগল প্লে স্টোর থেকে ৩,৮০,০০০ বার ডাউনলোড হয়েছে। গেইমটি খেলছেন ৬,৮৪,১৯৬ জন এবং গেইমটির সেশন সংখ্যা ৪৯ লাখ ও ইউজার রেটিং ৪.৭।
নির্মাতারা এবার আরও বড় পরিসরে এই গেইমের নতুন পর্বটি নিয়ে এসেছেন; যার নাম ‘হিরোজ অব ৭১: রিট্যালিয়েশন’।
গেইমটিতে থ্রিডি গ্রাফিক্স এবং এনিমেশনের মাধ্যমে ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধের সময়ের যুদ্ধকালীন পরিবেশকে তুলে ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার।
