এবার ১০.৫ ইঞ্চির আইপ্যাড প্রো
১২.৯ ইঞ্চি ও ৯.৭ ইঞ্চির পর এবার ১০.৫ ইঞ্চির নতুন আইপ্যাড প্রো উন্মোচন করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সোমবার শুরু হওয়া ডেভেলপারপদের নিয়ে অ্যাপলের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডাব্লিউডাব্লিউডিসি)-এর এবারের আসরে নতুন এ আইপ্যাড প্রো উন্মোচন করল প্রতিষ্ঠানটি।
১০.৫ ইঞ্চি আইপ্যাড প্রো উন্মোচনের পাশাপাশি আগের ১২.৯ ইঞ্চি আইপ্যাড প্রো আপগ্রেড করেছে অ্যাপল। প্রথমবার ১২.৯ ইঞ্চি আকারেই আইপ্যাড প্রো উন্মোচন করে প্রতিষ্ঠানটি। অনেক গ্রাহকের জন্যই এটি আকারে বড় হওয়ায় পরবর্তীতে এটির ৯.৭ ইঞ্চি সংস্করণ আনা হয়। এবার পর্দার মাপ আরেকটু বাড়িয়ে ১০.৫ ইঞ্চি করেছে তারা, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।
শুধু পর্দার মাপে নয় আইপ্যাড দু’টির হার্ডওয়্যারেও পরিবর্তন আনা হয়েছে। আইপ্যাড দু’টোতে ব্যবহার করা হয়েছে ছয় কোরের এ১০এক্স সিপিইউ এবং ১২ কোরের জিপিইউ। ১২০ হার্টজ রিফ্রেশ রেটে এইচডিআর ভিডিও সমর্থন করবে ডিভাইসগুলো।
নির্মাতা প্রতিষ্ঠানটির দাবী নতুন আইপ্যাডগুলো অ্যাপল পেন্সিলের জন্য আদর্শ কারণ এটি আগের চেয়ে বেশি সংবেদনশীল। এতে বিলম্বের সময়ও কমিয়ে ২০ মিলিসেকেন্ডে নামিয়ে আনা হয়েছে।
শক্তিক্ষয়ের হারকে স্মার্ট করতে গ্রাহক কী দেখছেন তার ওপর ভিত্তি করে রিফ্রেশ রেট পরিবর্তন হবে নতুন আইপ্যাডে। আগের ডিভাইসগুলোর চেয়ে নতুন ডিভাইসের ট্রু টোন পর্দা ৫০ শতাংশ উজ্জ্বল বলে উল্লেখ করা হয়।
নতুন আইপ্যাডগুলোর পেছনে ১২ মেগাপিক্সেল এবং সামনে ৭ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির দাবী একবার পূর্ণ চার্জে ডিভাইসগুলো ১০ ঘন্টা চালানো যাবে।
৬৪ গিগাবাইট ১০.৫ ইঞ্চির আইপ্যাড প্রো-এর দাম রাখা হয়েছে ৬৪৯ মার্কিন ডলার। আর ৬৪ গিগাবাইট সেলুলার মডেলের মূল্য ৭৭৯ মার্কিন ডলার।
অন্যদিকে ৬৪ গিগাবাইট ১২.৯ ইঞ্চি আইপ্যাড প্রো-এর মূল্য ধরা হয়েছে ৭৯৯ মার্কিন এবং ৬৪ গিগাবাইট সেলুলার সংস্করণের দাম ৯২৯ মার্কিন ডলার। সামনের সপ্তাহেই ডিভাইসগুলো বাজারে ছাড়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফটি/এইচবি/জুন ০৬/২০১৭
