ফেইসবুক লাইভে সন্তান জন্মদানের ভিডিও
ফেইসবুকে দুই লাখেরও বেশি দর্শকের সামনে সরাসরি সন্তান জন্মদানের ভিডিও সম্প্রচার করেছেন লন্ডনের ৩৫ বছর বয়সী এক মা।
ব্রিটিশ দৈনিক সান-এর বরাতে আইএএনএস জানায়, সারাহ-জেইন লিউংস্ট্রম নামের ওই নারী একটি বিজ্ঞাপনী সংস্থার পরিচালক। বাড়িতে বসে পিৎজা খাওয়ার সময় তার প্রসব বেদনা উঠে, সে সময় থেকেই তিনি তার ক্যামেরা অন করেন। ২৪ ঘণ্টার মধ্যে তিনি পাঁচটি ভিডিও পোস্ট করেন, যেখানে সরাসরি আপডেট দেখানো হয়।
ছবি- সারাহ-জেইন লিউংস্ট্রম
অন্যান্য গর্ভবতী নারীরাও যাতে এ সময়টা কেমন হয় তা দেখতে পান এজন্যই এই ভিডিও শেয়ার করার ধারণা আসে তার। প্রসব বেদনা আর খাওয়ানোর মতো বিষয়গুলো নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন বলে জানান। এ জন্য সব সময় তিনি সহায়তা আর পরামর্শ চাইতেন বলেও জানিয়েছেন।
জন্ম নেওয়া কন্যা সন্তানের নাম ইভলাইন রেখেছেন লিউংস্ট্রম।
