আসছে নতুন তিন আইপ্যাড!
সামনের বছর মার্চেই নতুন তিনটি আইপ্যাড প্রো আনবে অ্যাপল। নতুন ফাঁস হওয়া গুজব থেকে এমনটাই প্রকাশ করেছে অ্যাপল বিষয়ক নিউজের সাইট ম্যাকরিউমারস।
তিনটি ভিন্ন মাপে আসতে পারে নতুন আইপ্যাড প্রো। এর মধ্যে আগের ৯.৭ ইঞ্চি এবং ১২.৯ ইঞ্চি আইপ্যাডকে আরও উন্নত করার কথা শোনা যাচ্ছে। আর সম্পূর্ণ নতুন ১০.৯ ইঞ্চি আইপ্যাড আনার ব্যাপারেও জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
নতুন ১০.৯ ইঞ্চি আইপ্যাড হতে পারে বেজেল বা ফ্রেমহীন। তাই বর্তমানের ৯.৭ ইঞ্চি পর্দার আইপ্যাডের সমানই হবে এই ডিভাইসটি। অর্থাৎ সামনের দিকের পুরো অংশ জুড়েই থাকবে পর্দা। এখানে কোনো বাড়তি ফ্রেম রাখা হবে না। যার ফলে নতুন এই আইপ্যাড থেকে হোম বাটনও বাদ দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
এর আগে বেশ কয়েকটি গুজবেই বলা হয়েছে নতুন ১০ ইঞ্চির কাছাকাছি পর্দার আইপ্যাড বানাচ্ছে মার্কিন এই টেক জায়ান্ট। তবে সবগুলো প্রতিবেদনে এটি আসল মাপ ভিন্ন ভিন্ন উল্লেখ করা হয়। কেজিআই সিকিউরিটিস-এর বিশ্লেষক মিং-ছি কু জানিয়েছেন ২০১৭ সালে ১০.৫ ইঞ্চি আইপ্যাড উন্মোচন করবে অ্যাপল। আর জাপানি ওয়েবসাইট ম্যাক ওতাকারা জানিয়েছে ২০১৭ সালের শুরুর দিকেই ১০.১ ইঞ্চি আইপ্যাড প্রো উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।
ম্যাকরিউমারস-এর প্রতিবেদনে আরও জানানো হয় ৯.৭ ইঞ্চি পর্দার ডিভাইসটি হবে সবচেয়ে কম দামী আইপ্যাড প্রো। ৭.৯ ইঞ্চি পর্দার আইপ্যাড মিনি-তে আর আপডেট নাও আনতে পারে প্রতিষ্ঠানটি।
নতুন আইপ্যাডগুলোতে রাখা হতে পারে চারটি স্পিকার। আর আইফন ৭-এ হেডফোন জ্যাক বাদ দেওয়া হলেও এখানে ঠিকই রাখা হবে ৩.৫ মিলিমিটার জ্যাক।
