২০১৭ সালে 'কমবে' আইফোন বিক্রি
২০১৭ সালের প্রথমার্ধের মধ্যে আইফোন এসই-এর নতুন কোনো সংস্করণ আনবে না প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, বলেছেন বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান কেজিআই সিকিউরিটিজ-এর বিশ্লেষক মিং-চি কুও।
২০১৭ সালের প্রথমার্ধে চীনে চাহিদা কম থাকার কারণে আইফোনের বিক্রি হ্রাস পাবে বলেও পূর্বাভাস দিয়েছেন তিনি, জানিয়েছে অ্যাপলবিষয়ক গুজবের সাইট ম্যাকরিউমার্স। ২০১৬ সালের প্রথমার্ধে "আইফোন এসই-এর জন্য চাহিদা ভাল" থাকার কারণে এই আইফোনের বিক্রি ভাল ছিল বলেও মত তার।
এই বিশ্লেষকের বিশ্বাস, অ্যাপল তাদের ভাল লাভ ধরে রাখার চেষ্টায় আইফোনের উপাদান নির্মাতাদের দাম কমানোর জন্য চাপ দেবে। চলতি বছর নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে অ্যাপলের উপাদান সরবরাহকারীরা দাম কমানো শুরু করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ডিভাইস প্যানেলের মতো উপাদানগুলোর সরবরাহকারীদের মধ্যে ভালো প্রতিযোগিতা থাকায় তারা অ্যাপলের সঙ্গে তর্কের ক্ষমতা খুব একটা রাখে না আর এ কারণে অধিকাংশরাই দাম কমিয়ে দেবে বলে জানান তিনি।
কুও-এর পূর্বাভাস মতে, ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকে আইফোন বিক্রি ধীরে ধীরে হ্রাস পেয়ে সাড়ে তিন কোটি থেকে চার কোটিতে গিয়ে দাঁড়াবে। ২০১৬ সালে দ্বিতীয় প্রান্তিকে ৪.০৪ কোটি আইফোন বিক্রি হয়েছিল।
চলতি বছর মার্চে অ্যাপল আইফোন এসই বাজারে আনে। আইফোন ৬এস-এর অধিকাংশ ফিচার আর উপাদান ঠিক রেখে আইফোন ৫এস-এর মতো ৪ ইঞ্চির একই আকারে এই হ্যান্ডসেট আনা হয়। এই ডিভাইসটি অ্যাপল ঠিক কবে আপগ্রেড করবে তাও এখনও স্পষ্ট নয়।
