তিন আইপ্যাড আনবে অ্যাপল?
২০১৭ সালে নতুন তিনটি আইপ্যাড আনতে পারে অ্যাপল, সোমবার এ খবর জানিয়েছে অ্যাপলবিষয়ক গুজবের সাইট ম্যাকরিউমার্স।
কেজিআই সিকিউরিটিজ-এর অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও'র বরাতে সাইটটি জানায়, নতুন আইপ্যাড প্রো মডেলগুলো ৯.৭ ইঞ্চি থেকে ১২.৯ ইঞ্চির মধ্যে হবে।
ডিভাইস উন্মোচন অনুষ্ঠানের আগে নতুন কোনো হার্ডওয়্যার পণ্য বিষয়ে সাধারণত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয় না মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট। নতুন আইপ্যাড আনার বিষয়ে একই রীতি অনুসরণ করেছে প্রতিষ্ঠানটি, মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি'র কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তারা।
নতুন মডেল আনা হলেও, সামনের বছর আইপ্যাড বিক্রির সংখ্যা কমার হার অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন কুও। তবে, নতুন আইপ্যাডগুলোতে 'বৈপ্লবিক' পরিবর্তন আনা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ২০১৮ সালের শুরুর মধ্যেই নমনীয় ডিসপ্লে'র আইপ্যাড আনা হবে বলেও জানিয়েছে ওই সাইট।
বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান আইডিসি'র সূত্রমতে, দ্বিতীয় প্রান্তিকে বড় বড় বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর ট্যাবলেট বিক্রি ১২ শতাংশেরও বেশি কমেছে।
চলতি বছরের অক্টোবরেই আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপল ইভেন্ট,সম্প্রতি এক প্রতিবেদনে এমন গুঞ্জনের খবরই জানা যায়। ৭ সেপ্টেম্বর ইভেন্টেই নতুন ম্যাকবুক উন্মোচন করার কথা শোনা গেলেও বাস্তবে তেমনটি দেখা যায়নি। তবে, অ্যাপলের পরবর্তী প্রজন্মের প্রোফেশনাল ল্যাপটপ লাইনআপে বড় ধরনের পরিবর্তনের আশা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ২০১২ সালে ম্যাকবুক প্রো রেটিনা উন্মোচন করার পর থেকে এ যাবৎ হার্ডওয়্যার উন্নত করা ছাড়া বাহ্যিকভাবে তেমন কোনো পরিবর্তনই করেনি প্রতিষ্ঠানটি। নতুন ম্যাকবুকে এবার বড় ধরনের পরিবর্তন নিয়ে উঠেছে জোর গুঞ্জন।
২০১৫ সালে ম্যাকবুক এয়ার থেকেও পাতলা সম্পূর্ণ নতুন ম্যাকবুক উন্মোচন করে অ্যাপল। কিন্তু প্রফেশনাল ল্যাপটপে বাহ্যিকভাবে ফোর্স টাচ সংযুক্তকরণ ছাড়া কোনো পরিবর্তনই আনেনি প্রতিষ্ঠানটি।
নতুন ম্যাকবুকে 'ওয়ান-টাচ শর্টকাট' ফিচার যোগ করতে পারে অ্যাপল। নতুন ম্যাক কিবোর্ডে নাম্বার লাইনের ঠিক উপরেই একটি টাচ স্ক্রিন যুক্ত করা হতে পারে। সেখানে ফাংশন বাটনগুলোর সঙ্গে ভিন্ন ভিন্ন অ্যাপের জন্য ভিন্ন ভিন্ন শর্টকাট বাটন দেখানো হবে বলেও জানা যায়। যেমন, কেউ যদি ফটোশপ ব্যবহার করে থাকেন, তবে তিনি এই স্ক্রিনটিতে তার প্রয়োজনীয় বিভিন্ন টুল দেখতে পাবেন এবং সেগুলো ব্যবহার করে আরও সহজে ছবি এডিট করতে পারবেন।
এ ছাড়াও পরবর্তী প্রজন্মের ম্যাকবুকে এমডি পোলারিস গ্রাফিক্স চিপ ব্যবহার করা হতে পারে বলেও জানা গেছে। তবে ১৩ ইঞ্চি ও ১৫ ইঞ্চি ম্যাকে তা ব্যবহার করা হবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে।
