চীনে নোট ৭-এ আগুন, ব্যাটারি 'নির্দোষ'
গ্যালাক্সি নোট ৭-এ আগুন ধরা নিয়ে এক চীনা ব্যবহারকারীর করা অভিযোগের জবাবে স্যামসাং জানিয়েছে, এ আগুন বাইরের তাপের কারণে লেগেছে। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন বাজারে বিক্রি করা এই ডিভাইসের সংস্করণগুলো নিরাপদ বলে নিশ্চিত করতে চাচ্ছে দক্ষিণ কোরিয়ার এই ইলেকট্রনিক জায়ান্ট।
বিস্তারিত কিছু না জানিয়ে, নিজেদের চীনা ওয়েবসাইটে প্রতিষ্ঠানটি বলে, "এই পণ্য বাইরের তাপের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে।"
চীনা বাজারে ছাড়া নোট ৭ স্মার্টফোনগুলোতে আলাদা ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এই ব্যাটারি নিরাপদ বলে দাবি করেছিল স্যামসাং। এবার সোমবার এই ব্যাটারি নির্মাতা চীনা প্রতিষ্ঠান আমপেরেক্স টেকনোলজি লিমিটেড আলাদাভাবে জানিয়েছে, নোট ৭-এর জন্য বানানো তাদের একটি ব্যাটারি নিয়ে প্রশ্ন ছিল। তবে, স্যামসাংয়ের সঙ্গে যৌথ বিবৃতিতে তারা স্যামসাংয়ের সঙ্গেই সুর মিলিয়েছে। এই আগুন সরাসরি ব্যাটারির সঙ্গে যুক্ত নয় বলেই বক্তব্য তাদের।
ওই বিবৃতিতে বলা হয়, "নমুনায় থাকা পুড়ে যাওয়ার চিহ্নগুলোর সূত্রমতে, আমরা অনুমান করছি, এটি ব্যাটারির বাইরের কোনো উৎস থেকে উত্তপ্ত হয়েছে আর এখানে অনেক বেশি সম্ভাবনা রয়েছে যে বাইরের কোনো কারণে উত্তপ্ত হওয়ার সমস্যা সৃষ্টি হচ্ছে।"
এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তি রয়টার্স-কে জানিয়েছেন, ওই ফোনটি বাইরের কোনো তাপের উৎস থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে, এক্ষেত্রে ওভেন বা ফ্যান হিটার থেকে উৎপন্ন তাপ এই ক্ষতিসাধন করেছে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যক্তি প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে অনুমোদিত নন বলে তিনি পরিচয় প্রকাশ করেননি।
অন্যদিকে, ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরেক ব্যক্তি রয়টার্স-কে জানিয়েছেন, ত্রুটিপূর্ণ ব্যাটারির জন্য স্যামসাং দায়ী।
