২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নোট ৭-এর অগ্নিঝুঁকি, অভিযোগ চীনেও

গ্যালাক্সি নোট ৭ নিয়ে 'অভ্যন্তরীণভাবে একটি যাচাই' কার্যক্রম চালাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং, জানিয়েছে অনলাইনে খুচরা বিক্রেতা চীনা প্রতিষ্ঠান জেডি ডটকম।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 05:16 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক জায়ান্টটির সর্বশেষ এই প্রিমিয়ার স্মার্টফোনের ব্যাটারিতে আগুন ধরে যাওয়া নিয়ে এক গ্রাহকের অভিযোগ নির্মাতাদের কাছে পাঠায় ই-কমার্স প্রতিষ্ঠানটি। এরই প্রেক্ষিতে স্যামসাং এ কথা জানায়।

চীনা প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র রয়টার্স-কে এক ইমেইলে বলেন, "আমরা তাৎক্ষণিকভাবে এই বিষয়টি স্যামসাংয়ের কাছে পাঠিয়েছি আর তারা এটি অভ্যন্তরীণভাবে যাচাই করছে।"

এ নিয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেওয়া হয়নি।

অর্থবিষয়ক চীনা অনলাইন ম্যাগাজিন সাইশিন জেডি ডটকম থেকে কেনা স্মার্টফোনে আগুন ধরে যাওয়া নিয়ে এক ব্যবহারকারীর অভিযোগের কথা জানিয়েছে।

এর আগে ১৪ সেপ্টেম্বর স্যামসাংয়ের চীনা ওয়েবসাইট থেকে এক বিবৃতিতে জানানো হয়, ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বের করার পর বিক্রি হওয়া গ্যালাক্সি নোট ৭ ফোনগুলোতে অগ্নিঝুঁকি নেই। এর কারণ হিসেবে চীনে বিক্রি হওয়া সংস্করণে আলাদা ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। 

এই খবর প্রকাশের আগের সপ্তাহে চীনের পণ্যমান পর্যবেক্ষক কর্তৃপক্ষ জানায়, স্যামসাংয়ের স্থানীয় ইউনিট তাদের গ্যালাক্সি নোট ৭-এর ১৮৫৮টি ইউনিট ফেরত নেবে। এই সংখ্যক স্মার্টফোন দেশটিতে পরীক্ষামূলকভাবে বিক্রি করা হয়েছিল।