স্যামসাংয়ের নোট ৭ বদলানো শুরু
আনুষ্ঠানিকভাবে প্রায় ১০ লাখ স্যামসাং গ্যালাক্সি ৭ যুক্তরাষ্ট্রের বাজার থেকে সরিয়ে নিয়েছে স্যামসাং।
ব্যাটারিতে আগুন ধরে যায়- এমন প্রতিবেদন প্রকাশের পর প্রতিষ্ঠানটি বিক্রিত ফোন প্রতিস্থাপন করে দেওয়ার ঘোষণা দেয়। এসব পদক্ষেপ মূলত দক্ষিণ কোরীয় এই স্মার্টফোন পরাশক্তির ক্ষতিগ্রস্থ ভাবমূর্তি ফিরিয়ে আনার চেষ্টা বলেই বিবেচিত হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে প্রতিষ্ঠানটি ফোনের ব্যাটারি পুড়ে যাওয়ার অভিযোগ সংক্রান্ত প্রায় ৯২টি প্রতিবেদন পেয়েছিল। এর মধ্যে প্রায় ২৬টি প্রতিবেদন ছিল ফোন পুড়ে যাওয়ার আর ৫৫টি অভিযোগ ছিল এসব ফোন বিস্ফোরণের জন্য সম্পত্তি ক্ষতিগ্রস্থ হওয়া সম্পর্কিত।
ফোন বাজার থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি স্যামসাংয়ের জন্য 'ব্যয়বহুল' এক বিপত্তি বলেই দেখা হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি নোট ৭ প্রায় একই সময় বাজারে আসা প্রতিদ্বন্দ্বী অ্যাপল ইনকর্পোরেটেডের নতুন ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে আশা করা হচ্ছিল।
স্যামসাং জানিয়েছে, ২১ সেপ্টেম্বরের পরই যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রয় কেন্দ্রগুলোতে নোট ৭ এর প্রতিস্থাপন শুরু হবে।
চলতি মাসের শুরুতে স্যামসাং ঘোষণা দিয়েছে, তারা আগুন ধরে যায় এমন ব্যাটারিযুক্ত ফোনগুলো যুক্তরাষ্ট্রের অন্তত দশটি বাজার থেকে প্রত্যাহার করে নিচ্ছে। তা ছাড়াও এই ফোন বিক্রিও স্থগিত ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্লেষকদের মতে, ফোন বাজার থেকে সরিয়ে নেওয়ার এই ঘটনা স্যামসাংয়ের জনপ্রিয়তায় ব্যাপক ধ্বস নামাবে।
এর আগে সিপিএসপি জানিয়েছে, ভোক্তাদের অবিলম্বে গ্যালাক্সি নোট ৭ ব্যবহার বন্ধ করা উচিত।
ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এয়ারলাইন যাত্রীদের ফ্লাইটে স্যামসাং গ্যালাক্সি ৭ ব্যবহার নিষিদ্ধ করেছে।
প্রায় আড়াই কোটি বিক্রিত স্যামসাং গ্যালাক্সি নোট ৭ বাজার থেকে সরিয়ে নিয়ে তা প্রতিস্থাপন করতে হবে। এতে প্রায় পাঁচশ কোটি ইউএস ডলার আয় হারাবে প্রতিষ্ঠানটি, ধারণা বিশ্লেষকদের।
