২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

৬০ শতাংশেই 'থামবে' নোট ৭-এর চার্জ

দক্ষিণ কোরিয়ায় এক সফটওয়্যার আপডেটে মাধ্যমে গ্যালাক্সি নোট ৭ হ্যান্ডসেটের চার্জ নেওয়ার ক্ষমতা ৬০ শতাংশে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। বিস্ফোরণ আর আগুনের ঝুঁকি ঠেকাতে গ্রাহকদের কাছ থেকে নোট ৭ ফেরত চাওয়ার পর শেষ পর্যন্ত এরই কথা জানাল দক্ষিণ কোরীয় এই ইলেকট্রনিক জায়ান্ট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2016, 03:01 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

এর আগে হ্যান্ডসেট ফেরত চাওয়ার কারণে ক্ষমা চেয়ে বিজ্ঞাপনও প্রচার করে বিশ্বের সবচেয়ে বড় এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এমন ঘটনা উৎপাদনখাতে নিজেদের 'মর্যাদাবান' হিসেবে বিবেচিত করা প্রতিষ্ঠানটির জন্য 'নজিরবিহীন', জানিয়েছে রয়টার্স।

এই সফটওয়্যার আপডেট দক্ষিণ কোরিয়ার বাইরের অন্যান্য বাজারেও আনা হবে কিনা এখনও ঠিক করা হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র।

এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, ২০ সেপ্টেম্বর দেশটির স্থানীয় সময় রাত দুইটায় স্বয়ংক্রিয়ভাবে এই আপডেট নেওয়া শুরু হবে।

দক্ষিণ কোরিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১০টি বাজারে স্যামসাং প্রায় ২৫ লাখ নোট ৭ বিক্রি করেছে। এই সব হ্যান্ডসেটই ফেরত চাওয়া হয়েছে।

নিজ দেশে নোট ৭- বদলে নিরাপদ ব্যাটারিসহ অন্য কোনো স্মার্টফোন দেওয়ার প্রস্তাব ১৯ সেপ্টেম্বর থেকে চালু করার পরিকল্পনা করছে স্যামসাং।    

এরই মধ্যে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন আর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এই হ্যান্ডসেটের উপর নিষেধাজ্ঞা জারি করে, আর বিপর্যয়ের মুখে পড়ে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্যও। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য সোমবার ছয় শতাংশ কমে যায়।