২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নোট ৭ বিপর্যয় শেয়ার বাজারে

স্যামসাং গ্যালাক্সি নোট ৭ সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর সোমবার বিপর্যয় নেমে এসেছে প্রতিষ্ঠানটির শেয়ারে। ব্যাটারিতে ত্রুটির জন্য ফোনে আগুন ধরে যায় এমন প্রতিবেদন প্রকাশের পর বাজার থেকে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2016, 05:12 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

বিবিসি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য সোমবার ছয় শতাংশ কমে যায়। আগের সপ্তাহে স্যামসাং বাজার থেকে প্রায় ২৫ লাখ ফোন সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়।

'ফোন বিস্ফোরণের' অভিযোগ নিশ্চিত হওয়ার পর বিভিন্ন এয়ারলাইন তাদের ফ্লাইটে স্যামসাং ফোন ব্যবহার নিষিদ্ধ করতে শুরু করে। এরপর একে একে বিভিন্ন দেশের মধ্যে এভিয়েশন কর্তৃপক্ষ এবং স্বতন্ত্র এয়ারলাইনের ফ্লাইটে স্যামসাং ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করে মার্কিন গ্রাহক নিরাপত্তা সংস্থাও।

স্যামসাং জানিয়েছে, তারা তাদের গ্রাহকদের হাতে থাকা এই মডেলের সব ফোন প্রতিস্থাপন করে দেবে।

স্যামসাংয়ের মতে, ফোনে আগুন ধরে যাওয়ার মূল কারণ ব্যাটারিতে 'সমস্যা'। কিন্তু ইতোমধ্যে বিক্রি হয়ে যাওয়া ফোনগুলো নিয়ে কাজ করা মোটেও তাদের জন্য সহজ নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অগাস্টে বাজারে আসা স্যামসাং গ্যালাক্সি নোট ৭ সাধারণ গ্রাহক আর সমালোচকদের কাছে ভালই গ্রহণযোগ্যতা পেয়েছিল। এর আগে এ প্রতিবেদনে জানা যায়, শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্যামসাং নিজের অবস্থান নিয়ে গর্বিত। এমন প্রতিষ্ঠানের একটি ফোন বাজার থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি আগে কখনো ঘটেনি। এরই মধ্যে এই মডেলের প্রায় ২৫ লাখ ফোন বিশ্বব্যাপী বিক্রি হয়েছে। শুক্রবার এই প্রতিষ্ঠানের শেয়ারমূল্য প্রায় ৩.৯ শতাংশ পড়ে যায়।

স্যামসাং যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের বিভিন্ন মডেলের একটি ফোনের সঙ্গে তাদের স্যামসাং গ্যালাক্সি নোট ৭ বিনিময়ের অফার দিয়েছে। বিনিময়ের সময় ২৫ ইউএস ডলারের উপহার কার্ড দেওয়ার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।