১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চিকিৎসা বিজ্ঞান গবেষণায় বায়ো ল্যাব চালু করল অ্যানথ্রপিক

এ ল্যাবে সরাসরি ভৌত পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার পাশাপাশি এআই ও রোবটিক্সকে গবেষণায় কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে এআই কোম্পানিটি।

চিকিৎসা বিজ্ঞান গবেষণায় বায়ো ল্যাব চালু করল অ্যানথ্রপিক

নতুন এ গবেষণাগার কার্যক্রমের সুনির্দিষ্ট পরিধি স্পষ্ট না হলেও এআই চিকিৎসা বিজ্ঞানে বড় ধরনের বিপ্লব ঘটাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 01:16 PM

Updated : 19 Sep 2026, 01:14 PM

ভৌত পরীক্ষার জন্য নিজস্ব জীববিজ্ঞান বা বায়ো ল্যাব চালু করল মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি অ্যানথ্রপিক।

রয়টার্স প্রতিবেদনে লিখেছে, স্যান ফ্রান্সিকোর বে এলাকায় স্থাপিত এ ল্যাবটিতে সরাসরি ভৌত পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার পাশাপাশি এআই ও রোবটিক্সকে গবেষণায় কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে এআই কোম্পানিটি।

অ্যানথ্রপিকের ‘লাইফ সায়েন্সেস’ বিভাগের প্রধান এরিক কৌডেরার-এব্রামস এ ল্যাব প্রতিষ্ঠার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “আমরা বিশ্বাস করি জীববিজ্ঞান নিয়ে কাজ করার ক্ষেত্রে চূড়ান্ত পরীক্ষাটি এখন পর্যন্ত এবং আরও কিছুটা সময় প্রকৃত ল্যাবরেটরি কাজের মাধ্যমেই করতে হবে। আর আমরা সেটাই আসলে করছি…।”

নিজস্ব ল্যাবে কাজের পাশাপাশি প্রয়োজন সাপেক্ষে তারা বাইরের পার্টনারদের সঙ্গেও যৌথভাবে কাজ করছেন। তবে ল্যাবটিতে সুনির্দিষ্টভাবে কী ধরনের গবেষণা চলছে তা স্পষ্ট করেননি কৌডেরার-এব্রামস।

এর আগে, জুনে অ্যানথ্রপিক ‘ক্লড সায়েন্স’ নামের এক ওষুধ উদ্ভাবন কর্মসূচি চালু করেছিল।

ওই সময় কোম্পানিটি বলেছিল, তারা এমন সব গবেষণায় মনোযোগ দিতে আগ্রহী, যা বাণিজ্যিক লাভের দিক বিবেচনা করে বড় বড় বিভিন্ন ফার্মা কোম্পানি এড়িয়ে চলে।

অ্যানথ্রপিকের একজন মুখপাত্র বলেছেন, নতুন ল্যাবটি কেবল ওষুধ উদ্ভাবনের লক্ষ্যে তৈরি হয়নি।

এদিকে, নতুন এ গবেষণাগার কার্যক্রমের সুনির্দিষ্ট পরিধি স্পষ্ট না হলেও এআইনির্ভর চিকিৎসা বিজ্ঞানে বড় ধরনের বিপ্লব ঘটাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কৌডেরার-এব্রামস বলেছেন, এআই এমন সব রোগের চিকিৎসা পদ্ধতির উদ্ভাবনকে বাড়িয়ে দিতে পারে, যা এতদিন দুরূহ বলে মনে হত। এক্ষেত্রে জটিল ও লক্ষ্যভিত্তিক থেরাপির অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে এআই।

এআই মডেল ব্যবহার করে রোবটের মাধ্যমে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার বিষয়টি খতিয়ে দেখছে অ্যানথ্রপিক।

এরিক কৌডেরার-এব্রামস বলেছেন, ল্যাবরেটরির কাজ স্বয়ংক্রিয় করার ক্ষেত্রে তারা ‘প্রাথমিক পর্যায়ে’ রয়েছেন। আপাতত নিরাপত্তার স্বার্থে মানুষের তদারকি জরুরি। তারা এখনপর্যন্ত কোনো ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করেনি।

বর্তমান সময়ের অন্যান্য এআই কোম্পানির মতো অ্যানথ্রপিককেও জনস্বার্থ ও বিশ্বাসের সংকটের মুখে পড়তে হচ্ছে।

কোম্পানিটি বলেছে, তাদের এআই মডেল ব্যবহার করে সম্ভাব্য জৈবিক অস্ত্র তৈরির চেষ্টা করা একাধিক গবেষককে তারা শনাক্ত করেছে ও তাদের কার্যক্রম আটকেছে।

এর আগে, এ ধরনের ঝুঁকি ঠেকাতে ফ্রন্টিয়ার পর্যায়ের এআই সিস্টেমের ওপর নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি কমাতে উন্নত প্রযুক্তির বিকাশ মন্থর করার আহ্বান জানিয়েছিলেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই।