২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

‘আনসেইভড’ নম্বরে বার্তা পাঠানো সহজ করল হোয়াটসঅ্যাপ

এতদিন কেবল ওয়েবলিংকের মাধ্যমে বা বিভিন্ন গ্রুপ চ্যাটে আনসেইভড নম্বরের সঙ্গে কথোপকথন চালানো যেত।

‘আনসেইভড’ নম্বরে বার্তা পাঠানো সহজ করল হোয়াটসঅ্যাপ

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 02:01 PM

Updated : 22 Jul 2023, 05:06 PM

মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপে নতুনদের বার্তা পাঠানোর উপায় আগের চেয়ে সহজ হতে যাচ্ছে।

‘ডব্লিউএবেটাইনফো’র তথ্য অনুসারে, হোয়াটসঅ্যাপ এমন এক আপডেট চালু করছে, যেখানে ব্যবহারকারী কোনো ব্যক্তির নম্বর সেইভ না করেই তার সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন।

উদাহরণ হিসেবে ধরা যায়, কোনো প্রতিবেশীর নম্বর, যাদের সঙ্গে ব্যবহারকারী হয়ত একবার যোগাযোগ করেছেন এবং পরে হয়ত আর কথা বলার সম্ভাবনা নেই, তেমন ক্ষেত্রে এটা কাজে লাগবে।

এই সুবিধা ব্যবহার করার জন্য ব্যবহারকারীর হোম স্ক্রিনে (অ্যাপল ডিভাইসের বেলায় ওপরের ডানদিকে ও অ্যান্ড্রয়েডের বেলায় নিচের ডানদিকে) থাকা নতুন মেসেজ বাটনে ক্লিক করতে হবে। তারপর অ্যাপের সার্চ বারে ওই নম্বর টাইপ করতে হবে, যা দেখা যাবে ‘নট ইন ইয়োর কনট্যাক্টস’ শ্রেণির অধীনে।

ওই ব্যক্তির নম্বর ও প্রোফাইল ফটোর ডানপাশে থাকা ‘চ্যাট’ নামের অপশনে ক্লিক করলেই ব্যবহারকারী তার সঙ্গে কথোপকথন চালাতে পারবেন।

এতদিন কেবল ওয়েবলিংকের মাধ্যমে বা বিভিন্ন গ্রুপ চ্যাটে আনসেইভড নম্বরের সঙ্গে কথোপকথন চালানো যেত। তবে কথোপকথন শুরু করার জন্য ‘কিউআর কোড’ বা পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে ইনভাইটেশন পেতে হত।

হোয়াটসঅ্যাপের এই সর্বশেষ আপডেট ধীরে ধীরে সকল ব্যবহারকারীর কাছে পৌঁছাবে বলে প্রতিবেদনে জানিয়েছে এনগ্যাজেট।