নতুন ওএস আপডেট থেকে বাদ গেল শাওমির ১৯টি ফোন
২০২৬ সালের ১৫ অক্টোবর থেকে কোম্পানিটির সর্বশেষ ফোন ও ট্যাবলেটগুলোতে এই আপডেট দেওয়া শুরু হয়েছে।
নতুন অপারেটিং সিস্টেমের আপডেট উন্মুক্ত করতে শুরু করেছে শাওমি। সফটওয়্যার সাপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কোম্পানিটির অন্তত ১৯টি পুরনো মডেলের ফোনে নতুন আপডেট ও ভবিষ্যতের কোনো সিকিউরিটি প্যাচ পৌঁছাবে না।
চীনে ‘শাওমি ১৭’ ব্যবহারকারীরা এখন নতুন ‘হাইপারওএস ৪’ আপডেট পাচ্ছেন, যা শাওমির সফটওয়্যার ইন্টারফেইসে এক ধরনের স্বচ্ছ বা ‘সি-থ্রু’ লুক নিয়ে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
এটাকে অ্যাপলের ‘লিকুইড গ্লাস’-এর সঙ্গে তুলনা করা হচ্ছে। ২০২৬ সালের ১৫ অক্টোবর থেকে কোম্পানিটির সর্বশেষ ফোন ও ট্যাবলেটগুলোতে এই আপডেট দেওয়া শুরু হয়েছে।
তবে ‘শাওমি ১২টি’ ও ‘রেডমি নোট ১২’ ব্যবহারকারীরা এই আপডেট থেকে বঞ্চিত হচ্ছেন। এসব মডেলের সফটওয়্যার সাপোর্ট এরইমধ্যে শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে থাকায় এগুলোতে আর নতুন আপডেট আসবে না।
শাওমির অফিশিয়াল চালুর তালিকা অনুসারে, প্রথম ধাপের ‘হাইপারওএস ৪’ আপডেটের আওতায় রয়েছে ‘শাওমি ১৭’ সিরিজ, ‘রেডমি কে১০০’ ও ‘কে৯০’ সিরিজ ও ‘শাওমি প্যাড ৮’।
২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে আরও অন্যান্য মডেলে এই আপডেট পৌঁছাবে। তবে এ বছর যেসব ফোনের সফটওয়্যার সাপোর্ট শেষ হচ্ছে, যার মধ্যে ‘শাওমি ১২’ ও ‘১২টি’ ফোন রয়েছে, সেগুলো এই তালিকায় নেই।
সফটওয়্যার আপডেট ট্র্যাকাররা আরও বেশ কিছু সাশ্রয়ীদামের মডেল শনাক্ত করেছে, যেগুলোর সাপোর্ট সময়সীমা এখনো বাকি থাকলেও সেগুলোতে হাইপারওএস ৪-এর কোনো পরীক্ষা চালানো হয়নি।
ওইসব ফোন আপডেট থেকে বাদ পড়বে কি না এ নিয়ে শাওমি এখনো কিছু বলেনি। আপাতত এ আপডেট কার্যক্রম কেবল চীনের বাজারেই সীমিত রয়েছে।
যেসব ফোন হাইপারওএস ৪ পাচ্ছে
চীনের সফটওয়্যার আপডেট চালুর তালিকায় শাওমির মোট ৫৭টি ফোন ও ১৫টি ট্যাবলেটের নাম রয়েছে।
২০২৬ সালের অক্টোবরের মাঝামাঝি প্রথম ব্যাচের পর ৩১ অক্টোবরের মধ্যে ‘শাওমি ১৭ ম্যাক্স’, ‘১৭টি’ ও ‘১৭টি প্রো’, ‘রেডমি কে৯০ ম্যাক্স’ ও ‘রেডমি টার্বো ৫’ সিরিজের আপডেট আসার কথা ছিল।
এরপর ১৫ নভেম্বরের মধ্যে ‘শাওমি ১৫’ সিরিজ, ‘মিক্স ফ্লিপ ২’, ‘সিভি ৫ প্রো’ ও ‘রেডমি কে৮০’ সিরিজে আসার কথা রয়েছে। পরবর্তী ধাপে ৩০ নভেম্বরের মধ্যে আসবে রেডমি নোট ১৭ এবং নোট ১৫ লাইনআপে।
ডিসেম্বরের ব্যাচটি হতে যাচ্ছে সবচেয়ে বড়, যেখানে ‘শাওমি ১৪’ ও ‘১৩ সিরিজ’, ‘মিক্স ফোল্ড ৩’ ও ‘মিক্স ফোল্ড ৪’, ‘রেডমি কে৭০’ সিরিজ ও ‘রেডমি নোট ১৪ প্রো’ ও ১৪ ফাইভজি আপডেট পাবে।
এ ছাড়া, ২০২৭ সালের জানুয়ারি মাসটি রাখা হয়েছে টিভি ও পরা যায় এমন ডিভাইস আপডেটের জন্য।
২০২৬ সালের সেপ্টেম্বরে ‘শাওমি ১৭’, ‘শাওমি ১৭ আল্ট্র ‘ ও লাইকা লাইটজফোনের জন্য গ্লোবাল বিটা সংস্করণ উন্মুক্ত হয়েছিল, যার পরই ১৭টি, ১৭টি প্রো, ১৫ ও ১৫ আল্ট্রা-তেও তা আসে।
তবে, এটা বিশ্ববাজারে চালুর নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করেনি শাওমি।
প্রযুক্তি সাইট ‘বিবম’ ১১ অক্টোবর প্রতিবেদনে লিখেছিল, ভারত বা অন্য কোনো বাজারের জন্য শাওমি এখনো কোনো সময়সীমা নিশ্চিত করেনি। চীনে বিক্রি না হওয়ায় ‘পোকো’ ফোনগুলোর নাম এই তালিকায় একদমই আসেনি।
যেসব ফোন বাদ পড়ছে
নিজেদের সিকিউরিটি সেন্টার ওয়েবসাইটে ডিভাইসগুলোর সফটওয়্যার সমর্থন শেষ হওয়ার তারিখ প্রকাশ করেছে শাওমি।
প্রযুক্তি সাইট গিজমোচায়নার হিসাব অনুসারে, ২০২৬ সালে মোট ১৯টি ডিভাইস এই সাপোর্ট তালিকা থেকে বাদ পড়ছে। এর মধ্যে গেল মার্চে ‘শাওমি ১২’ ও ‘শাওমি ১২ প্রো’, ‘রেডমি নোট ১২ ফাইভজি’, ‘রেডমি ১২সি’ এবং ‘রেডমি এ২’ ও ‘রেডমি এ২ প্লাস’-এর সাপোর্ট শেষ হয়েছে।
মে মাসে বাদ পড়েছে ‘পোকো এফ৫’ ও ‘পোকো এফ৫ প্রো’। অক্টোবরে শাওমি ১২টি ও ১২টি প্রোর মেয়াদ শেষ হয়েছে এবং নভেম্বরে বাদ পড়ছে রেডমি ১৩সি ও পোকো সি৬৫।
কোনো মডেল একবার এই তালিকায় চলে গেলে সেটা আর কোনো অপারেটিং সিস্টেম আপগ্রেড বা সিকিউরিটি প্যাচ পায় না। তবে সাম্প্রতিক সময়ে শাওমি তাদের সফটওয়্যার সাপোর্টের মেয়াদ বাড়িয়েছে।
যেমন ‘শাওমি ১৫’-এ চারটি ওএস আপডেট ও ছয় বছরের সিকিউরিটি প্যাচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে শাওমি। তবে তা স্যামসাং ও গুগলের ফ্ল্যাগশিপ ফোনের সাত বছরের সাপোর্টের তুলনায় কিছুটা কম।
শাওমির সফটওয়্যার ট্র্যাকার ‘জিমটাইম’ বলেছে, অ্যান্ড্রয়েড ১৬-তে সীমিত থাকা কোনো ফোনের জন্যই হাইপারওএস ৪-এর টেস্ট বিল্ডের কোনো লক্ষণ দেখা যায়নি।
তারা এমন ছয়টি মডেলের নাম উল্লেখ করেছে যেগুলোর পরীক্ষা এখনো শুরু হয়নি। যেমন, ‘রেডমি নোট ১৩ প্রো’ ফোরজি, ‘রেডমি নোট ১৪এস’, ‘রেডমি এ৫ ফোরজি’, ‘পোকো সি৭১’, ‘পোকো এম৬ প্রো ফোরজি’ ও ‘পোকো এক্স৬ ফাইভজি’।
শাওমি এখনও নিশ্চিত করেনি, এসব ফোন আপডেট থেকে বাদ পড়ছে কি না ও এগুলোর কয়েকটিতে এখনও কয়েক বছরের সিকিউরিটি আপডেট বাকি রয়েছে। বাদ পড়লে ফোনগুলো ‘হাইপারওএস ৩’তেই থেকে যাবে।
ডিসেম্বরের আপডেট তালিকায় শাওমি ১৩ সিরিজের নাম রয়েছে। তবে ২০২৩ সালে কোম্পানিটি এই সিরিজের জন্য তিনটি প্রধান অ্যান্ড্রয়েড আপডেটের প্রতিশ্রুতি দিয়েছিল, যা অ্যান্ড্রয়েড ১৬-তেই শেষ হওয়ার কথা।
তবে শাওমি ১৩ সিরিজ অ্যান্ড্রয়েড ১৭ পাবে নাকি অ্যান্ড্রয়েড ১৬-এর ওপর ভিত্তি করে তৈরি হাইপারওএস ৪-এর কোনো সংস্করণ পাবে তা এখনও স্পষ্ট করেনি শাওমি।
২০২৩ সালের শুরুতে বিশ্ববাজারে আসার পর চার বছরের সিকিউরিটি প্যাচের প্রতিশ্রুতি থাকায় শাওমি ১৩ এখন সফটওয়্যার সাপোর্টের শেষ বছরে থাকা জনপ্রিয় স্মার্টফোনগুলোর একটি।
হাইপারওএস ৪-এ নতুন কী থাকছে?
শাওমি এ নতুন ডিজাইনকে বলছে ‘সফট লাইট গ্লাস’, যা অর্ধস্বচ্ছ এক উপাদান এবং এর পেছনে থাকা রং ও কনটেন্টের ওপর ভিত্তি করে কাচের স্বচ্ছতা পরিবর্তিত হয়।
লক স্ক্রিনের ঘড়িটি এখন আইওএস ২৬ চালিত আইফোনের মতো ছোট-বড় করা, সরানো ও নতুন করে সাজানো যাবে।
শাওমি বলেছে, এ ডিজাইনের পূর্ণাঙ্গ ইফেক্ট কেবল স্ন্যাপড্রাগন ৮ এলিট, ডাইমেনসিটি ৯৫০০ বা শাওমির নিজস্ব ‘এক্সরিং ও১’ বা তার পরবর্তী চিপওয়ালা ফোনেই কাজ করবে। তালিকায় থাকা পুরনো ফোনগুলো এর সাধারণ সংস্করণ পাবে।
শাওমি দাবি করেছে, টানা আট ঘণ্টা ব্যবহারের পর ‘হাইপারওএস ৪’ আগের তুলনায় ২৭ দশমিক ২ শতাংশ বেশি মেমোরি খালি রাখে ও দীর্ঘ সময় ব্যবহারের পরও অ্যাপগুলো ১৭ দশমিক ৫ শতাংশ দ্রুত খোলে।
এদিকে, এর ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সুপার জিয়াওএআই ২.০’ এখন শাওমির নিজস্ব ‘মিমো’ এআই মডেলে চলছে ও এতে ‘এক্সপার্ট মোড’ যোগ হয়েছে, যা বিভিন্ন অ্যাপের মধ্যে একাধিক ধাপের কাজ সম্পন্ন করতে পারে।
তবে এআই ফিচারগুলোর বেশিরভাগই আপাতত চীনের মধ্যে সীমিত। হাইপারওএস ৪ অ্যান্ড্রয়েড ১৭-এর ওপর ভিত্তি করে তৈরি।
শাওমির সর্বশেষ ফোনগুলো ২০২৬ সালের জুলাই মাসেই ‘হাইপারওএস ৩.৩’ নামের এক সাময়িক আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৭ পেয়ে গিয়েছিল।
