Published : 01 Jun 2025, 08:46 PM
এআই প্রযুক্তির প্রতি বাণিজ্যিক চাহিদা বেড়ে যাওয়ায় অ্যানথ্রোপিকের বার্ষিক আয় বর্তমানে তিনশ কোটি ডলারে পৌঁছেছে।
এ সংশ্লিষ্ট দুটি সূত্র থেকে এ তথ্য মেলার ফলে ধরে নেওয়া চলে, বর্তমান ব্যবসাবাণিজ্যের দুনিয়ায় জেনারেটিভ এআইয়ের সফল ব্যবহার বাড়ছে।
সূত্র দুটি আরও বলেছে, এ অর্জন অ্যানথ্রোপিকের জন্য বড় এক সাফল্য। কারণ ২০২৪ সালের ডিসেম্বরে কোম্পানিটির বার্ষিক আয় ছিল প্রায় একশ কোটি ডলার। ২০২৫ সালে মার্চের শেষ দিকে তা দুইশো কোটি ডলার ছাড়িয়েছে এবং এ বছরের মে মাসের শেষে তা তিনশ কোটি ডলারে পৌঁছায়।
একটি সূত্র বলছে, ব্যবহারকারীরা অ্যানথ্রোপিকের প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটিকে ব্যবহার করছে। অনেক বড় কোম্পানি এখনও পুরোপুরি এআইয়ের ব্যবহার শুরু করেনি, কেবল পরীক্ষামূলকভাবে এআই ব্যবহার করছে তারা। তবে সেসব কোম্পানির বড় কর্মকর্তারা এআই নিয়ে আগ্রহী। অ্যানথ্রোপিকের আয়ে এমন দ্রুত বৃদ্ধি, ব্যবসাবাণিজ্য দ্রুত গতিতে যে এআইমুখী হচ্ছে তারই প্রতিফলন।
এ আয়ের পেছনে বড় কারণ হচ্ছে কোড লেখা বা প্রোগ্রাম তৈরির জন্য এআইয়ের ব্যবহার। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ও মার্কিন ইকমার্স সাইট অ্যামাজন অর্থায়ন করে অ্যানথ্রোপিকে। স্টার্টআপটি এমন এআই তৈরি করেছে, যা প্রোগ্রামিং বা কোড লেখায় খুব ভালো।
অ্যানথ্রোপিকের ‘কোডজেন’ নামে পরিচিত এ প্রযুক্তির ব্যবহার গত কয়েক মাসে অনেক বেড়েছে। অনেক পণ্য ও সেবা এই কাজে স্টার্টআপটির এআই মডেল ব্যবহার করছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এ চাহিদা অ্যানথ্রোপিককে অন্যান্য ‘সফটওয়্যার-অ্যাজ-এ-সার্ভিস’ বা সাস কোম্পানি থেকে স্বতন্ত্র করে তুলছে। একজন ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা বিনিয়োগকারী বলেছেন, কেবল এক ত্রৈমাসিকে অ্যানথ্রোপিকের আয়ের যেমন বৃদ্ধি হয়েছে, এত দ্রুত বেড়ে ওঠা সাস কোম্পানি এর আগে দেখেননি তিনি।
‘মেরিটেক’-এর জেনারেল পার্টনার অ্যালেক্স ক্লেটন বলেছেন, “আমরা দুইশোটির বেশি পাবলিক সফটওয়্যার কোম্পানির আইপিও বা শেয়ার বাজারে তালিকাভুক্তি দেখেছি। তবে এমন দ্রুত আয় বৃদ্ধির হার আগে কখনও দেখিনি।”
তবে তিনি সতর্ক করে বলেছেন, এসব তুলনা পুরোপুরি সঠিক না-ও হতে পারে। কারণ অ্যানথ্রোপিক কেবল বাণিজ্যিক গ্রাহকদের কাছ থেকে নয়, বরং সাধারণ ব্যবহারকারীদের কাছ থেকেও আয় করে। যেমন তাদের ক্লড চ্যাটবটের সাবস্ক্রিপশন থেকে।
তবুও তুলনার জন্য তিনি বলেছেন, পাবলিক সাস কোম্পানি ‘স্নোফ্লেক’-এর আয় একশ কোটি ডলার থেকে দুইশো কোটি ডলারে যেতে সময় লেগেছিল ৬টি প্রান্তিক বা ১৮ মাস। অথচ অ্যানথ্রোপিক তা করেছে কেবল কয়েক মাসেই।
দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে ওপেনএআই থেকে একদল উদ্যোক্তা বেরিয়ে গিয়ে ২০২১ সালে প্রতিষ্ঠা করেন অ্যানথ্রোপিক। এ বছরের শুরুতে সাড়ে তিনশ কোটি ডলার সংগ্রহ করেছে কোম্পানিটি।
এ তহবিলের ফলে কোম্পানির বাজারমূল্য হয়েছে ছয় হাজার একশ ৪০ কোটি ডলার। অন্যদিকে, ওপেনএআইয়ের মূল্য এখন প্রায় ৩০ হাজার কোটি ডলার।