২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এবার ছবি এডিটে বিকিনি যোগ নিষিদ্ধ করল গ্রক

সামাজিক যোগাযোগ মাধ্যমটি বলেছে, এসব নতুন সুরক্ষা ব্যবস্থা গ্রক-এর পেইড বা আনপেইড সব ব্যবহারকারীর জন্যই কার্যকর হবে।

এবার ছবি এডিটে বিকিনি যোগ নিষিদ্ধ করল গ্রক
মাস্ক দাবি করেছেন, ‘গ্রক কোনো অপ্রাপ্তবয়স্কের নগ্ন ছবি তৈরি করেছে এমন কোনো তথ্য জানা নেই’ তার। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 10:45 AM

Updated : 26 Aug 2026, 05:34 PM

গত কয়েক সপ্তাহ ধরে তীব্র বিতর্কের মুখে এবার প্লাটফর্মটির এআই চ্যাটবট গ্রক-এর ছবি এডিটের নিয়মে পরিবর্তন এনেছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। ফলে কারো ছবি এডিটে বিকিনি যোগ করার সুযোগ আর থাকছে না।

গ্রকের বিরুদ্ধে শিশুদের যৌন উত্তেজক ছবি ও অনুমতি ছাড়া নগ্ন ছবি তৈরির অভিযোগ ওঠার পর শেষমেষ কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

এক্স-এর সেইফটি অ্যাকাউন্ট থেকে প্লাটফর্মটি বলেছে, “এখন এমন প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করেছে তারা, যা বাস্তব কোনো ব্যক্তির ছবিতে এডিটে বিকিনি বা খোলামেলা পোশাক যোগ করা বন্ধ করবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমটি বলেছে, এসব নতুন সুরক্ষা ব্যবস্থা গ্রক-এর পেইড বা আনপেইড সব ব্যবহারকারীর জন্যই কার্যকর হবে। পাশাপাশি ছবি তৈরির সব সুবিধা এখন থেকে কেবল প্রিমিয়াম বা সাবস্ক্রাইবারদের জন্য নির্দিষ্ট করে দিচ্ছে মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই। ফলে যারা অর্থ দিয়ে সাবস্ক্রিপশন কেনেননি এখন থেকে আর ছবি তৈরি করতে পারবেন না তারা।

কোম্পানিটি আরও বলেছে, “যেসব অঞ্চলে আইনত নিষিদ্ধ সেখানে ব্যবহারকারীরা গ্রকের মাধ্যমে বাস্তব মানুষের বিকিনি, অন্তর্বাস বা এ ধরনের পোশাক পরা ছবি আর তৈরি করতে পারবেন না।”

এআই দিয়ে তৈরি অননুমোদিত নগ্ন ছবি ও শিশু নিপীড়নসংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ নিয়ে এক্সএআই ও গ্রকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এ ঘটনার কেবল কয়েক ঘণ্টা পরই এক্স এমন বিবৃতি দিল।

এক বিশ্লেষণের তথ্য তুলে ধরে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা বলেছেন, ‘ক্রিসমাস থেকে ইংরেজি নববর্ষের মাঝামাঝি সময়ে এক্সএআই দিয়ে তৈরি ২০ হাজার ছবির মধ্যে অর্ধেকেরও বেশি ছিল স্বল্পবসনা মানুষের ছবি’, যার মধ্যে কিছু ছবি শিশুদের।

এক্স বলেছে, শিশু নিপীড়নের বিষয়ে তাদের নীতি ‘জিরো টলারেন্স’। ‘নিজেদের প্ল্যাটফর্ম থেকে শিশুদের যৌন নিপীড়নমূলক উপাদান ও কারো অনুমতি ছাড়া তৈরি নগ্ন ছবির মতো গুরুতর নিয়ম লঙ্ঘনকারী বিভিন্ন কনটেন্ট সরিয়ে ফেলেছে’ তারা।

এদিকে, মাস্ক দাবি করেছেন, ‘গ্রক কোনো অপ্রাপ্তবয়স্কের নগ্ন ছবি তৈরি করেছে এমন কোনো তথ্য জানা নেই’ তার।

পরে তিনি বলেন, গ্রকে অপ্রাপ্তবয়স্কদের জন্য অনুপযুক্ত সেটিং চালু থাকলে তা “কেবল কাল্পনিক প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের উপরের অংশের নগ্নতা তৈরি করতে পারবে, বাস্তব মানুষের নয়। বিষয়টি অনেকটা অ্যাপল টিভিতে ‘আর-রেটেড’ বিভিন্ন সিনেমাতে যেমন দেখা যায় তেমনই”।

তবে মাস্ক বলেছেন, কোনো দেশের স্থানীয় আইন অনুসারে ‘বিভিন্ন অঞ্চলে এ সুবিধায় ভিন্নতা থাকতে পারে’।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও এআই দিয়ে তৈরি যৌন উত্তেজক উপাদানের কারণে সম্প্রতি গ্রক ব্লক বা বন্ধের পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

বর্তমানে এক্সএআই ও গ্রক নিয়ে যুক্তরাজ্যে তদন্ত করছে নিয়ন্ত্রক সংস্থা ‘অফকম’। সেখানকার কর্মকর্তারাও বলেছেন, চ্যাটবটটি বন্ধের পক্ষে একই ধরনের পদক্ষেপ সমর্থন করবেন তারা।

আরও পড়ুন…

'আপত্তিকরছবিমাস্কের গ্রক'কে ৩ দেশের কড়া হুঁশিয়ারি

বিশ্বে প্রথম দেশ হিসেবে মাস্কের গ্রক বন্ধ করল ইন্দোনেশিয়া