২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের দ্বিতীয় ‘ট্রান্সপারেন্ট’ ফোন আনছে নাথিং

নতুন ও দ্রুতগতির চিপ এবং আপগ্রেড করা ক্যামেরা যুক্ত করায় নতুন ডিভাইসের দামও বাড়ানো হয়েছে। কোম্পানির প্রথম ফোন মডেলের দাম তিনশ ৯০ ডলার। আর দ্বিতীয় ফোনের দাম পাঁচশ ৯৯ ডলার।

নিজেদের দ্বিতীয় ‘ট্রান্সপারেন্ট’ ফোন আনছে নাথিং

ছবি: নাথিং

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 02:07 PM

Updated : 14 Jul 2023, 02:07 PM

নিজেদের দ্বিতীয় ‘সি থ্রু ডিভাইস’ আনার প্রস্তুতি নিচ্ছে লণ্ডনভিত্তিক ফোন নির্মাতা কোম্পানি নাথিং টেকনোলজিস। আসন্ন এই ফোনের নাম দেওয়া হয়েছে ‘ফোন ২’।

কোম্পানির প্রথম সংস্করণের ফোনের মতোই এর বহিরাবরণ স্বচ্ছ। এর মানে হচ্ছে, ফোনের ভেতরের অংশ দেখা যাবে। আর ফোনের পেছনের অংশে ‘এলইডি’র মাধ্যমে তথ্য দেখানো ‘গ্লাইফ ইন্টারফেইস’-এও নতুন সুবিধা এসেছে।

নতুন ফোনে প্রাকৃতিক আলোর ওপর ভিত্তি করে ইন্টারফেইসের উজ্জ্বলতা বাড়ানোর বা কমানোর সুবিধা রয়েছে। আর ডিভাইসে বিভিন্ন নতুন প্যাটার্ন কম্পোজ করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।

নাথিং বলছে, এই ইন্টারফেইস এমনভাবে তৈরি যাতে ব্যবহারকারী নিজের ফোনে তুলনামূলক কম মনযোগ দিতে পারেন। তাই এতে স্ক্রিন দেখার প্রয়োজনীয়তা ছাড়াই যেন এক পলকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেখা যায়, এমন সুবিধা রেখেছে কোম্পানিটি।

পাশাপাশি, নতুন ও দ্রুতগতির চিপ এবং আপগ্রেড করা ক্যামেরা যুক্ত করায় নতুন ডিভাইসের দামও বাড়ানো হয়েছে। কোম্পানির প্রথম ফোন মডেলের দাম ছিল তিনশ ৯০ ডলার। আর দ্বিতীয় ফোনের দাম পাঁচশ ৯৯ ডলার।

কোম্পানি নতুন এই ফোন এনেছে দুটি রঙে। একটি সাদা ও অন্যটি ধূসর। আর কালার অপশন নিজে থেকেই ফোনের অভ্যন্তরীন উপাদানগুলোর রঙ নির্ধারণ করে। ফোনের কেসিং নিজেই স্বচ্ছ হওয়াকে এর কারণ হিসেবে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেন্ডেন্ট।

প্রথম সংস্করণ প্রকাশের ঠিক এক বছর পর ফোনের দ্বিতীয় সংস্করণটি এল। আর এর সঙ্গে ‘ইয়ার’ নামের একজোড়া ট্রান্সপারেন্ট ইয়ারফোনও থাকবে।

‘নাথিং’, নাম থেকেই বোঝা যায় কোম্পানি ট্রান্সপারেন্ট ডিভাইসকে নিজস্ব ব্যবসার ‘ট্রাম্প কার্ড’ হিসেবে ব্যবহার করছে। কোম্পানির মতে, তারা এমনটি করছে প্রযুক্তিতে মজা ফিরিয়ে আনার লক্ষ্যে। এর প্রভাবও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এরইমধ্যে নিজস্ব ট্রান্সপারেন্ট ডিভাইস উন্মোচন করেছে ‘বিটস’-এর মতো কোম্পানিগুলো।