১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার ওপেনএআইকে ‘ধুয়ে দিলেন’ কোম্পানিরই সাবেক কর্মকর্তা

“আমি বেশ কিছুদিন ধরেই কোম্পানির মূল অগ্রাধিকার নিয়ে ওপেনএআইয়ের নেতৃত্বস্থানীয় পর্যায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে আসছি। তবে এখন সেই ধৈর্যের পারদ ভেঙে গেছে।”

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 03:58 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

ওপেনএআই নিরাপত্তার চেয়ে ‘চকচকে নতুন জিনিস’ রাখার দিকেই বেশি প্রাধান্য দেয়, সম্প্রতি এমনই দাবি করেছেন কোম্পানিটির সাবেক এক শীর্ষ কর্মকর্তা।

ওপেনএআইয়ের ‘সুপার অ্যালাইনমেন্ট’ দল পরিচালনার দায়িত্বে ছিলেন জ্যান লেইক। এ সপ্তাহের শুরুতে কোম্পানি থেকে পদত্যাগ করেন তিনি। তার দাবি, প্রভাবশালী এআই কোম্পানিটির নিরাপত্তার বিষয়টি ‘চকচকে পণ্যের পেছনে’ ঢাকা পড়ে গেছে।

স্টার্টআপ কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী ইলায়া সুটস্কেভারের এ সপ্তাহে পদত্যাগের পরপরই লেইকের ওপেনএআই ছেড়ে যাওয়ার খবর আসে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। 

গেল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লেইক লেখেন, সান ফ্রান্সিসকো-ভিত্তিক কোম্পানিটিতে তার যোগ দেওয়ার কারণ তিনি ভেবেছিলেন, এটি এআই নিয়ে গবেষণা করার সেরা জায়গা হবে।

“আমি বেশ কিছুদিন ধরেই কোম্পানির মূল অগ্রাধিকার নিয়ে ওপেনএআইয়ের নেতৃত্বস্থানীয় পর্যায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে আসছি। তবে এখন সেই ধৈর্যের পারদ ভেঙে গেছে,” বলেন লেইক।

কোম্পানিটির সঙ্গে লেইকের শেষ দিন ছিল বৃহস্পতিবার।

প্রশিক্ষিত এআই গবেষক লেইক বলেছেন, তিনি বিশ্বাস করেন পরবর্তী প্রজন্মের বিভিন্ন এআই মডেলে তৈরির দিকে বেশি মনযোগ দেওয়া উচিৎ। এর মধ্যে রয়েছে নিরাপত্তা ও এমন প্রযুক্তির নানাবিধ সামাজিক প্রভাব বিশ্লেষণের বিষয়টিও।

তার মতে, “মানুষের চেয়েও স্মার্ট মেশিন তৈরি করা সহজাতভাবেই বিপজ্জনক এক প্রচেষ্টা”, যেখানে “কোম্পানিটি মানবতার পক্ষে বড় দায়িত্ব কাধে নিয়েছে।”

“ওপেনএআইকে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করা ‘এজিআই’ কোম্পানি হতে হবে,” লেখেন লেইক। এজিআই’র পূর্ণরূপ হল ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’, যা মানুষের মতো বা মানুষ করতে পারে এমন বিভিন্ন কাজ সম্পন্ন করার মতো সম্ভাব্য স্মার্ট ডিভাইসের একটি ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি হিসেবে বিবেচিত।

ওপেনএআই-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী ইলায়া সুটস্কেভার মঙ্গলবার বলেছেন, তিনি প্রায় এক দশক পর কোম্পানিটি ছেড়ে দিচ্ছেন।

গত বছরের নভেম্বরে ওপেনএআই থেকে অল্টম্যানের নাটকীয় ছাঁটাই এমনকি কোম্পানিতে তার প্রত্যাবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সুটস্কেভারের। সে সময় ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন তিনি। এমনকি সুটস্কেভারই গত নভেম্বরে অল্টম্যানকে বলেছিলেন যে তাকে বরখাস্ত করা হচ্ছে। তবে, পরে নিজের ভুল স্বীকার করে তিনি বলেছিলেন, তিনি এ কাজের জন্য অনুতপ্ত।

সুটস্কেভার বলেছেন, তিনি এক নতুন প্রকল্প নিয়ে কাজ করছেন, যা ব্যক্তিগতভাবে তার কাছে খুবই অর্থবহ। আর সময়মতো এর বিস্তারিত তথ্য প্রকাশ করবেন তিনি।

ওপেনএআইয়ে প্রধান বিজ্ঞানী হিসেবে সুটস্কেভারের স্থলাভিষিক্ত হবেন জ্যাকুব পাচোকি। এর আগে পাচোকিকে ‘আমাদের প্রজন্মের সর্বশ্রেষ্ঠ মনের একজন মানুষ হিসেবে’ সম্বোধন করেছিলেন কোম্পানিটির সিইও স্যাম অল্টম্যান।