২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ‘সুবিন্যস্ত’ হচ্ছে আইওএস-এর অ্যাক্সেসিবিলিটি মোড

এর ফলে তুলনামূলক বড় আকারের টেক্সট, হোম স্ক্রিনে থাকা বিভিন্ন অ্যাপ, অনুমোদিত কন্টাক্ট ও হার্ডওয়্যার বাটনের মতো বিষয়গুলো সাজাতে পারবেন ব্যবহারকারী।

আরও ‘সুবিন্যস্ত’ হচ্ছে আইওএস-এর অ্যাক্সেসিবিলিটি মোড

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2022, 07:43 PM

Updated : 09 Nov 2022, 07:43 PM

আইওএস-এর জন্য সম্ভবত নতুন একটি ‘কাস্টম অ্যাক্সেসিবিলিটি মোড’ নিয়ে কাজ করছে অ্যাপল।

‘আইওএস ১৬.২’র বেটা সংস্করণে এর প্রমাণ পাওয়ার কথা বলেছে প্রযুক্তিবিষয়ক সাইট ‘৯টু৫ম্যাক’। কোম্পানির ভাষ্যমতে, ‘আইফোন ও আইপ্যাড ব্যবহারের জন্য একটি কাস্টমাইজেবল, সুবিন্যস্ত উপায়’ মিলবে এতে।

এর মানে দাঁড়ায়, বিভিন্ন আইওএস ডিভাইস সহজে ব্যবহার করতে এর কয়েকটি সেটিং নিজের মতো সাজাতে পারবেন ব্যবহারকারী।

“নতুন এই মোডের মাধ্যমে, ‘ইউজার ইন্টারফেস (ইউআই)’ ও তুলনামূলক বড় আকারের টেক্সট, হোম স্ক্রিনে থাকা বিভিন্ন অ্যাপ, অনুমোদিত কন্টাক্ট ও এটি চালু হলে হার্ডওয়্যার বাটনের মতো বিষয়গুলো সাজাতে পারবেন ব্যবহারকারী।” --প্রতিবেদনে লিখেছে ৯টু৫ম্যাক।

সাইটটির শেয়ার করা স্ক্রিনশট দেখাচ্ছে, কীভাবে এই মোডে আকারে বড় বিভিন্ন অ্যাপ আইকন, ব্যাক বাটন ও ‘মেসেজেস’ অ্যাপে তুলনামূলক সহজ একটি ‘ইউআই’ চালু করতে পারবেন ব্যবহারকারী।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, কাস্টম অ্যাক্সেসিবিলিটি মোড চালু হলে আইওএস-এর এরইমধ্যে চমকপ্রদ বিভিন্ন ‘অ্যাক্সেসিবিলিটি’ ফিচারের তালিকায় নাম লেখাবে এটি। তবে, এটি কবে নাগাদ চালু হবে ওই বিষয়টি জানা সম্ভব হয়নি।

৯টু৫ম্যাক বলছে, তারা এই মোড ‘গোপনে’ খুঁজে পেয়েছে ‘আইওএস ১৬.২’র দ্বিতীয় বেটা সংস্করণে। আর এটি এমন কিছু নয়, যা বেটা আপডেট ব্যবহার করা লোকজন এখনই ব্যবহার করতে পারেন।

এর থেকে ইঙ্গিত মিলছে, সম্ভবত খুব শিগগিরই আসছে না এটি। ভার্জ এ প্রসঙ্গে অ্যাপলের মন্তব্য জানতে চেয়ে সফল হয়নি।