নেটফ্লিক্সে কোন শো’র পেছনে কত ঘণ্টা খরচ করেন দর্শকরা?
মোট ১০ হাজার কোটি ঘণ্টার ‘ভিউয়িং টাইম’ এর হিসাব রয়েছে তালিকাটিতে এবং অন্যান্য শীর্ষ শো-এর মধ্যে রয়েছে জিনি অ্যান্ড জর্জিয়া, গিলমোর গার্লস, সেইনফেল্ড, ফ্রেন্ডস এবং দ্যা অফিস।
এই প্রথমবারের মতো নিজেদের ৯৯ শতাংশ ক্যাটালগের দর্শক ডেটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স।
বিশ্বব্যাপী গ্রাহকরা তালিকার শীর্ষে থাকা ‘দ্যা নাইট এজেন্ট’ নামের পলিটিক্যাল থ্রিলারটি চলতি বছরের প্রথমার্ধে মোট ৮১ কোটি ২০ হাজার ঘণ্টা দেখেছেন।
প্ল্যাটফর্মটিতে কনটেন্টের জনপ্রিয়তার ব্যাপারে স্বচ্ছতা না থাকার কারণে এতোদিন সমালোচিত ছিলো কোম্পানিটি।
এ অস্বচ্ছতাই ছিলো চলতি বছরের হলিউড ইন্ডাস্ট্রিতে ধর্মঘটের অন্যতম কারণ, যার ফলে কয়েক মাসব্যাপী মার্কিন টেলিভিশিন এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কন্টেন্ট সৃষ্টিতে বন্ধ্যাত্ব তৈরি হয়, লিখেছে বিবিসি।
স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্টের জনপ্রিয়তার ওপর ভিত্তি করে বাড়তি পারিশ্রমিক দাবি করেন অভিনয় শিল্পী এবং চিত্রনাট্যকাররা।
জনপ্রিয়তার ব্যাপারে স্বচ্ছতার অভাবে প্ল্যাটফর্মটির ওপর শিল্পী ও কলাকুশলী মহলের এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে –গণমাধ্যমের সঙ্গে একটি কনফারেন্স কলে বলেছেন কোম্পানিটির সহ-প্রধান নির্বাহী টেড স্যারান্ডস।
গুরুত্বপূর্ণ ডেটা সম্ভাব্য প্রতিদ্বন্দীদের কাছে অপ্রকাশিত রেখে পরীক্ষামূলকভাবে নিজেদের ব্যবসায়িক ধারা সৃষ্টি করতে ভিউয়ার ডেটা গোপন রেখেছে নেটফ্লিক্স, যোগ করেন তিনি।
সেই ধারা থেকে সরে আসা “নেটফ্লিক্স এবং আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটি বড় পদক্ষেপ” একটি ব্লগপোস্টে লিখেছে কোম্পানিটি।
“আমরা বিশ্বাস করি নির্মাতা এবং ইন্ডাস্ট্রিকে আমাদের দর্শকদের ব্যাপারে আরও নিবিড় ধারণার পাশাপাশি কীভাবে তাদের হৃদয়কে আরও গভীরভাবে ছুঁয়ে দেওয়া যাবে –সে ধারণা দেবে এই প্রতিবেদনে থাকা তথ্য।”
কেবল টেলিভিশন এবং অন্যান্য সম্প্রচার মাধ্যমে দর্শকরা কোন প্রযোজনা কতটুকু দেখেছেন –সে ব্যাপারে ধারণা পেতে ডেটা কোম্পানি নিলসেনের বার্ষিক প্রতিবেদনের ওপর নির্ভরশীলতা হলিউডের নির্মাতাদের মধ্যে বেশ প্রচলিত।
নেটফ্লিক্সের ‘দ্যা হোয়াট উই ওয়াচড’ শিরোনামের প্রতিবেদনটিতে ঘণ্টার হিসাবে ১৮ হাজার প্রযোজনার জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভিউর তালিকা প্রকাশ করেছে। সেইসঙ্গে কোম্পানিটি বলেছে তারা এখন থেকে প্রতি ছয় মাসের প্রতিবেদন প্রকাশ করবে।
মোট ১০ হাজার কোটি ঘণ্টার ‘ভিউয়িং টাইম’ এর হিসাব রয়েছে তালিকাটিতে এবং অন্যান্য শীর্ষ শো’র মধ্যে রয়েছে জিনি অ্যান্ড জর্জিয়া সিজন টু: সাড়ে ৬৬ কোটি ঘণ্টা, দ্যা গ্লোরি সিজন ওয়ান: ৬২ কোটি ঘণ্টা ,ওয়েডনেসডে সিজন ওয়ান: ৫০ কোটি ঘণ্টা, কুইন শার্লট ৫০ কোটি ঘণ্টা।
সিনেমার তালিকার শীর্ষে রয়েছে জেনিফার লোপেজ অভিনীত দ্যা মাদার, দর্শকরা প্রায় ২৫ কোটি ঘণ্টা দেখেছেন সেটি।
ইংরেজি ব্যতীত অন্যান্য ভাষার কন্টেন্ট ছিল মোট ভিউর এক তৃতীয়াংশ জুড়ে, সেইসঙ্গে পুরনো কন্টেন্টের চাহিদা রয়ে গেছে এখনও বলেছে প্রতিবেদনটি।
বিশ্বজুড়ে ২৫ কোটি গ্রাহক নিয়ে নেটফ্লিক্স বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং সার্ভিস।
তবে, গত বছর বিজ্ঞাপনদাতাদের কাছে কন্টেন্টের জনপ্রিয়তা প্রকাশের জন্য পৃথক সেবা চালু করে নেটফ্লিক্স।
