২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটারি শিল্পে প্রায় ৩ হাজার কোটি ডলার ঢালছে দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় ইভি বিক্রির গতি কমে যাওয়ায় ২০২৪ সালে তাদের ব্যাটারি বিক্রিতেও প্রভাব পড়বে, যেখানে অন্যতম কারণ স্বয়ংক্রিয় গাড়ি খাতে গ্রাহকের খরচ বৃদ্ধি।

ব্যাটারি শিল্পে প্রায় ৩ হাজার কোটি ডলার ঢালছে দ. কোরিয়া

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2023, 04:32 PM

Updated : 14 Dec 2023, 04:32 PM

নিজ দেশের ব্যাটারি শিল্পকে জোরদার করার লক্ষ্যে আগামী পাঁচ বছরে দুই হাজার নয়শ কোটি ডলার বিনিয়োগের লক্ষ্য নিয়েছে দক্ষিণ কোরিয়া।

বুধবার দেশটির সরকার বলেছে, বৈশ্বিকভাবে ব্যাটারি সরবরাহ চেইন সুরক্ষিত করার প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় তারা এ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

এক যৌথ বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বলেছে, ২০২২ সালে চীন বাদে বৈশ্বিক ব্যাটারি বাজারের ৪৯ শতাংশ দখল করে ছিল ‘এলজি এনার্জি সলিউশন’, ‘স্যামসাং এসডিআই’ ও ‘এসকে ওন’-এর মতো দক্ষিণ কোরীয় ব্যাটারি কোম্পানিগুলো।

গুরুত্বপূর্ণ উপাদানগুলোর জন্য বাইরের দেশগুলোর ওপর নির্ভরতা পরিস্থিতিকে জটিল করে তুলেছে বলে উল্লেখ রয়েছে মন্ত্রণালয়গুলো।

রয়টার্স বলছে, বাইরের দেশে দক্ষিণ কোরীয় কোম্পানিগুলোর বিভিন্ন ব্যাটারি সংশ্লিষ্ট উপাদান মাইনিংয়ের অধিকার নিশ্চিত করতে শুল্ক ছাড় ও ঋণ সুবিধা চালুর পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া। এর পাশাপাশি, খনিজ পরিশোধন ও পুনর্ব্যবহারে নিয়োজিত কোম্পানিগুলোর জন্য আর্থিক সহযোগিতা জোরদার করার ঘোষণাও দিয়েছে দেশটি।

ব্যাটারি শিল্পের জন্য ‘এক্সপোর্ট-ইম্পোর্ট ব্যাংক অফ কোরিয়া’র মতো প্রতিষ্ঠান থেকে ঋণ ও বীমার মতো আর্থিক সহায়তা বাড়ানোর পরিকল্পনা করছে দেশটি। এমনকি ‘ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট (আইআরএ)’-এর অধীনে উত্তর আমেরিকায় শুল্ক সুবিধা পাওয়া বিনিয়োগকারীরাও এর আওতাধীন।

দক্ষিণ কোরীয় ব্যাটারি কোম্পানিগুলোর অনুমান বলছে, ইভি বিক্রির গতি কমে যাওয়ায় ২০২৪ সালে তাদের ব্যাটারি বিক্রিতেও প্রভাব পড়বে, যেখানে আংশিক দায় বর্তেছে স্বয়ংক্রিয় গাড়ি খাতে গ্রাহকের খরচ বেড়ে যাওয়ার ওপর।

বিবৃতিতে উল্লেখ রয়েছে, ঘোষিত পদক্ষেপগুলোর লক্ষ্য হল, দীর্ঘমেয়াদী বৈশ্বিক প্রতিযোগিতায় নিজ দেশের মাধ্যমিক ব্যাটারি শিল্পের অবস্থান জোরদার করা।