Published : 08 Sep 2025, 01:04 PM
এ মাসের শেষ দিকে তিনটি যুগান্তকারী ডিভাইস উন্মোচন করতে পারে ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং।
এ বছর নিজেদের ফোল্ডএবল ফোনকে আরও উন্নত করার পর এখন মোবাইল ডিভাইসের তালিকা আরও বড় করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক এই নির্মাতা। সেই ধারাবাহিকতায়, এ মাসের শেষ দিকে তিন ধরনের নতুন ডিভাইস বাজারে আনতে পারে কোম্পানিটি। যার মধ্যে একটি স্যাসমাংয়ের প্রথম এক্সআর হেডসেট বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট স্যামমোবাইল।
প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এক লঞ্চ ইভেন্টে তিনটি নতুন ডিভাইস উন্মোচন করবে স্যামসাং। এগুলো হচ্ছে–
১. ট্রাই ফোল্ড গ্যালাক্সি ফোন বা গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড হতে পারে।
২. ‘প্রজেক্ট মোহান’ কোডনামে এক্সআর হেডসেট।
৩. এআই চশমা, যার নাম ‘গ্যালাক্সি গ্লাসেস’।
এসব ডিভাইসের মধ্যে দুটি ডিভাইস খুব একটা চমকজাগানিয়া নয়। কারণ, স্যামসাং আগেই গুগল ও কোয়ালকমের সঙ্গে মিলে তাদের এক্সআর হেডসেট তৈরির ঘোষণা দিয়েছিল। অ্যান্ড্রয়েড এক্সআর চালানোর প্রথম ডিভাইস হওয়ার পাশাপাশি অ্যাপলের ‘ভিশন প্রো’ হেডসেটের সঙ্গে প্রতিযোগিতাও করবে হেডসেটটি।
এ ছাড়া, স্যামসাং নিজেদের সাম্প্রতিক আয়ের প্রতিবেদনে ট্রাইফোল্ডিং স্মার্টফোন উন্মোচনের ইঙ্গিতও দিয়েছিল। তবে কোম্পানিটির এআই গ্লাসের বিকাশের বিষয়টি একদম নতুন উদ্যোগ, যা মেটার ‘এআই গ্লাসেস’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে প্রতিবেদনে লিখেছে স্যাম মোবাইল।
স্যামসাংয়ের ‘এআই গ্লাসেস’-এর কোড নাম ‘প্রজেক্ট হাইয়ান’। কোরিয়ান ভাষায় ‘হাইয়ান’ মানে সমুদ্রতীর বা উপকূল। এসব গ্লাস কেবল অডিওনির্ভর হবে ও এগুলো চলবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এআই১+ জেন ১ চিপের মাধ্যমে। এতে একটি ক্যামেরা, মাইক্রোফোন ও লাউডস্পিকার থাকবে।
নিউজপিম’ ও ‘নিউজওয়ার্কস’-এর প্রতিবেদন অনুসারে, এ এআই গ্লাস দিয়ে ছবি তোলা ও ভিডিও করা যাবে, গ্লাসে থাকা এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়া ও ব্যবহারকারী যা দেখছেন, সে বিষয়েও সহায়তা করবে।
গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড হতে পারে স্যামসাংয়ের প্রথম ট্রাইফোল্ডিং স্মার্টফোন। এতে থাকতে পারে সাড়ে ছয় ইঞ্চির কভার স্ক্রিন ও প্রায় ১০ ইঞ্চির ফোল্ডএবল মূল স্ক্রিন। এটি ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে ফোন থেকে পুরো সাইজের একটি ট্যাবলেটে রূপ নিতে পারবে, ফলে আলাদা করে ফোন ও ট্যাবলেট বহন করার দরকার হবে না।
প্রতিবেদন অনুসারে, এতে থাকবে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ, ১২ বা ১৬ জিবি র্যাম, সর্বোচ্চ এক টেরাবাইট স্টোরেজ, গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর মতো পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম।
এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে স্যামসাং। এতো ঘন ঘন লঞ্চিং ইভেন্ট এর আগে করেনি স্যামসাং।
তবে, প্রতিবেদন একে যথার্থও বলে উল্লেখ করেছে, কারণ এ ইভেন্টে একেবারে নতুন যে ডিভাইস স্যামসাং উন্মোচন করতে যাচ্ছে, দক্ষিণ কোরিয়ান কোম্পানিটির ভবিষ্যতের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।