২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রেডসের চেয়ে টুইটারই ‘বেশি পছন্দ’ তালেবানদের

মেটা মালিকানাধীন সামাজিক মাধ্যম ফেইসবুকে তালেবানদের দেখা হয় জঙ্গি সংগঠন হিসেবে। আর তারা এতে পোস্ট করার সুযোগও পান না।

থ্রেডসের চেয়ে টুইটারই ‘বেশি পছন্দ’ তালেবানদের

তালেবান নেতা আনাস হাকানি

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 06:44 PM

Updated : 11 Jul 2023, 06:44 PM

মেটার থ্রেডস অ্যাপ প্রকাশ পাওয়ার পর থেকেই এতে ব্যবহারকারীদের ঢল নামতে দেখা গেছে। এর মধ্যেই প্রতিদ্বন্দ্বী টুইটারের পক্ষে ‘সাফাই গেয়েছেন’ তালেবান এক নেতা।

তালেবান নেতা আনাস হাকানি টুইট করেন, অন্যান্য সামাজিক মাধ্যমের চেয়ে তার টুইটারই বেশি পছন্দ। তার মতে, মাস্ক মালিকানাধীন সাইটটিতে কয়েকটি বাড়তি সুবিধা রয়েছে।

“অন্যান্য সামাজিক মাধ্যমের চেয়ে টুইটারে দুটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে।” --বলেন হাকানি।

“প্রথম সুবিধা হলো বাকস্বাধীনতা। আর দ্বিতীয়টি হলো টুইটারের বৈশিষ্ট্য ও নির্ভরযোগ্যতা। মেটার মতো টুইটারের নীতিমালা অতটা কঠোর নয়। আর অন্যান্য প্ল্যাটফর্ম এর জায়গা নিতে পারবে না।” --বলেন তিনি।

গত বছর মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকেই কোম্পানি বেশ কয়েকটি বড় বাধার মুখে পড়েছে। আর এর মধ্যে যোগ হলো মেটা প্রধান মার্ক জাকারবার্গের চালু করা নতুন থ্রেডস অ্যাপটি।

আইটি সেবাদাতা কোম্পানি ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্সের মতে, থ্রেডস উন্মোচনের পর টুইটার ব্যবহারকারী ‘কমে আসার’ প্রবণতাও দেখা গেছে।

গত সপ্তাহে প্রিন্স একটি গ্রাফ দেখান, যেখানে মাস্কের কোম্পানি অধিগ্রহণের পর টুইটারের জনপ্রিয়তা কমে যাওয়ার বিষয়টি ফুটে উঠেছে। আর থ্রেডস উন্মোচিত হওয়ার পর বড় পতন লক্ষ্য করা যায় এতে।

উন্মোচনের পাঁচ দিনের মধ্যেই ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে মার্ক জাকারবার্গের টুইটার কিলার অ্যাপ।

“ব্যবহারকারীদের বেশিরভাগই ‘অর্গানিক’ উপায়ে যোগ দিয়েছেন। আর আমরা এখনও এর তেমন প্রচারণা চালাইনি। কেবল পাঁচ দিনে এই লক্ষ্যমাত্রায় পৌঁছেছি, তা আমার বিশ্বাস হচ্ছে না।” --বলেন মেটা প্রধান।

অনেক ব্যবহারকারীর সঙ্গে টুইটারের সম্পর্কে ভাটা পড়লেও তালেবানরা থ্রেডস-এর বদলে একেই বেছে নিল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট।

টুইটার অধিগ্রহণের পর কোম্পানির সামগ্রিক কর্মশক্তির তিন চতুর্থাংশই ছাঁটাই করেছেন নিজেকে ‘বাক স্বাধীনতার ধারক’ হিসেবে দাবি করা মাস্ক। এর মধ্যে ছিল কনটেন্ট মডারেশন দল ও প্ল্যাটফর্মে ঘৃণামূলক বক্তব্যের উত্থান নিয়ে আপত্তি করা সামাজিক মাধ্যম বিশেষজ্ঞরা। পাশাপাশি, বিজ্ঞাপনদাতা ও নিয়মিত ব্যবহারকারীরাও প্ল্যাটফর্ম থেকে বিদায় নিয়েছেন।

তবে তালেবান নেতা হাক্কানির মতে, টুইটারের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর নমনীয় মডারেশন নীতি। আর এতে তালেবানরাও নিয়মিত পোস্ট আপডেটের সুযোগ পান।

অন্যদিকে, মেটা মালিকানাধীন সামাজিক মাধ্যম ফেইসবুকে তালেবানদের দেখা হয় জঙ্গি সংগঠন হিসেবে। আর তারা এতে পোস্ট করার সুযোগও পান না।