স্পেস ক্যাপসুলের চোখে ‘দেখা গেল’ বায়ুমণ্ডলে প্রবেশের ঘটনা
“ভিডিও’তে দেখা যায়, আমাদের ক্যাপসুলটি মাক ২৫ হাইপারসনিক গতিতে বায়ুমণ্ডল ভেদ করছে। আর এর র ফুটেজ আমরা রেন্ডারও করিনি।”
পৃথিবীতে ফিরে আসার সময় একটি স্পেস ক্যাপসুলে করে বায়ুমণ্ডলে প্রবেশের ঘটনা কেমন দেখায়, এক চমকপ্রদ ভিডিও ফুটেজের মাধ্যমে তার প্রথম ঝলক দেখিয়েছে মার্কিন বাণিজ্যিক রকেট কোম্পানি ‘ভার্ডা স্পেস ইন্ডাস্ট্রিস’।
ক্যালিফোর্নিয়াভিত্তিক এ কোম্পানির প্রকাশিত ভিডিও’তে ক্যাপসুলটিকে বহন করা স্যাটেলাইট থেকে এর বিচ্ছিন্ন হওয়া এমনকি বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করে ভূপৃষ্ঠে এর ‘ঝাঁঝালো আগমনের’ ঘটনাও দেখা গেছে।
২১ ফেব্রুয়ারি মার্কিন সামরিক ঘাটি ‘ইউটাহ টেস্ট অ্যান্ড ট্রেইনিং রেঞ্জ’-এ অবতরণ করে ‘ডব্লিউ-১’ নামের এ ক্যাপসুলটি, যেখানে প্রথম বাণিজ্যিক কোম্পানি হিসেবে এমন নজির দেখিয়েছে ভার্ডা।
প্রযুক্তি সাইট আর্স টেকনিকার প্রতিবেদন অনুযায়ী, পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রায় আট মাস সময় কাটিয়েছে ক্যাপসুলটি। তবে, যুক্তরাষ্ট্রের মাটিতে অবতরণের জন্য দেশটির সরকারি নিয়ন্ত্রকদের অনুমোদনের অপেক্ষায় ছিল কোম্পানিটি।
“ভিডিও’তে দেখা যায়, আমাদের ক্যাপসুলটি মাক ২৫ হাইপারসনিক গতিতে বায়ুমণ্ডল ভেদ করছে। আর এর র ফুটেজ আমরা রেন্ডারও করিনি,” সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বায়ুমণ্ডলের পুনঃপ্রবেশের ভিডিও ক্লিপ পোস্ট করে বলেছে কোম্পানিটি।
এ ছাড়া, পৃথিবীর নিম্ন কক্ষপথ (লিও) থেকে ভূপৃষ্ঠে ক্যাপসুলটির সামগ্রিক ভ্রমণ নিয়ে ইউটিউবে ২৮ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে ভার্ডা।
এ মিশনের জন্য আরেক রকেট কোম্পানি ‘রকেট ল্যাব’-এর সঙ্গে কাজ করেছে ভার্ডা। কোম্পানির লক্ষ্য, মহাকাশে এমন মিনি ল্যাব স্থাপন করা, যা কক্ষপথে ঔষধের চাহিদা মেটাতে পারবে। এর উদাহরণ হিসেবে ধরা যায়, এইচআইভি’র ঔষধ ‘রিটোনাভির’।
রকেট ল্যাবের ‘ফোটন’ স্যাটেলাইট বাসের সঙ্গে যুক্ত ছিল ডব্লিউ-১ ক্যাপসুলটি। এর উৎক্ষেপণের আগে কোম্পানিটি বলেছিল, স্যাটেলাইটটি ক্যাপসুলের বিদ্যুৎ, যোগাযোগ ও উচ্চতা নিয়ন্ত্রণের কাজ করবে।
প্রযুক্তি সাইট স্পেস নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে পুনঃপ্রবেশের আগে ক্যাপসুলটিকে সঠিক অবস্থানে নিয়ে আসে ফোটন স্যাটেলাইটটি। আরেক প্রযুক্তি সাইট আর্স টেকনিকা প্রতিবেদনে উঠে এসেছে, ক্যাপসুলটি ভূপৃষ্ঠে ফিরে আসায় কক্ষপথে উৎপাদন করা রিটোনাভির ক্রিস্টালগুলো এখন বিশ্লেষণ করবে ইন্ডিয়ানাভিত্তিক ওষুধ কোম্পানি ‘ইমপ্রুভড ফার্মা’।
