০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

স্পেনে নিষেধাজ্ঞার পর মামলা করল অল্টম্যানের ওয়ার্ল্ডকয়েন

ওয়ার্ল্ডকয়েনের লক্ষ্য এমন এক বৈশ্বিক পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা চালু করা, যেখানে ব্যবহারকারীর চোখের মণি স্ক্যান করেই একটি বিনামূল্যের ক্রিপ্টোমুদ্রা ও একটি ডিজিটাল আইডি মিলবে।

স্পেনে নিষেধাজ্ঞার পর মামলা করল অল্টম্যানের ওয়ার্ল্ডকয়েন

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2024, 02:30 PM

Updated : 10 Mar 2024, 02:30 PM

স্পেনের ডেটা সুরক্ষা নিয়ন্ত্রকদের নিষেধাজ্ঞার জবাবে এবার মামলা দায়ের করেছে ওপেনএআই সিইও স্যাম অল্টম্যানের ক্রিপ্টো কোম্পানি ওয়ার্ল্ডকয়েন।

শুক্রবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ওয়ার্ল্ডকয়েনের এক মুখপাত্র। ওয়ার্ল্ডকয়েনের লক্ষ্য হল, এমন এক বৈশ্বিক পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা চালু করা, যেখানে ব্যবহারকারী তার চোখের মণি স্ক্যান করলেই একটি বিনামূল্যের ক্রিপ্টোমুদ্রা ও একটি ডিজিটাল আইডি পেয়ে যাবেন।

বুধবার স্পেনের ডেটা সুরক্ষাবিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ‘এইপিডি’ বলেছে, তারা ওয়ার্ল্ডকয়েনকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও এরইমধ্যে সংগৃহিত ডেটা ব্যবহার করতে নিষেধ করেছে।

এ নিষেধাজ্ঞার জবাবে ওয়ার্ল্ডকয়েন বলেছে, এইপিডি ইইউ’র আইনের নামে ‘ছলচাতুরি’ করছে ও ‘কোম্পানির প্রযুক্তি সম্পর্কে ভুল ও প্রতারণামূলক তথ্য ছড়িয়ে দিচ্ছে’।

এ প্রসঙ্গে রয়টার্স এইপিডি’র মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি।

নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ওয়ার্ল্ডকয়েন বলেছে, এইপিডি’র নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে এ প্রকল্পের পেছনে কাজ করা কোম্পানি ‘টুলস ফর হিউম্যানিটি’।

বিবৃতি অনুসারে, ইইউ’র ‘গৃহিত প্রক্রিয়া ও নীতিমালা’ পাশ কাটিয়ে ‘জিডিপিআর (জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন)’-এর অধীনস্থ নীতিমালা প্রতিষ্ঠার চেষ্টা করেছে এইপিডি, যেখানে তারা কোনও বিস্তারিত তথ্যও প্রকাশ করেনি।”

ওয়ার্ল্ডকয়েনের এক মুখপাত্র বলেন, এইপিডি’র নির্দেশনা স্থগিত করার লক্ষ্যে তারা এ মামলা দায়ের করেছে, যার নথি জমা পড়েছে স্পেনের উচ্চ আদালতের ‘অ্যাডমিনিস্ট্রেটিভ চেম্বার’-এ।