এআই ডেটা সেন্টার: ৬০ হাজার কোটি ডলার বাজেট মেটার
“আগেভাগেই বড় পরিসরে সক্ষমতা তৈরি করা হবে সঠিক কৌশল, যাতে আমরা সবচেয়ে ভালো সুযোগের জন্য প্রস্তুত থাকতে পারি।”
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার বাড়াতে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে ফেইসবুকের মূল কোম্পানি মেটা।
শুক্রবার মেটা বলেছে, আগামী তিন বছরে যুক্তরাষ্ট্রে অবকাঠামো ও চাকরিতে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে তারা, যার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টারও। কারণ নিজেদের উচ্চাকাঙ্ক্ষী এআই প্রকল্প চালানোর জন্য অবকাঠামো তৈরিতে রীতিমতো উঠেপড়ে লেগেছে মার্কিন এই সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।
রয়টার্স লিখেছে, বর্তমানে এআইতে দ্বিগুণ মনোযোগ দিয়েছে মেটা। কোম্পানিটির লক্ষ্য, ‘সুপারইন্টেলিজেন্স’ বানানো। তাত্ত্বিকভাবে এটি এমন এক মাইলফলক, যেখানে বিভিন্ন মেশিন মানুষের চেয়েও বেশি চিন্তা করতে পারবে।
মেটা বলেছে, কয়েকটি বড় ধরনের এআই ডেটা সেন্টার তৈরিতে শত শত কোটি ডলার বিনিয়োগ করবে তারা। ভবিষ্যতে আরও বেশি কম্পিউটিং শক্তির প্রয়োজন মেটাতে মোটা অংকের অর্থ ব্যয়েরও পরিকল্পনা রয়েছে তাদের।
সেপ্টেম্বরে হোয়াইট হাউসে এক নৈশভোজে মেটা প্রধান মার্ক জাকারবার্গ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বলেছেন, আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রে ‘অন্তত ৬০ হাজার কোটি ডলার’ বিনিয়োগ করবে মেটা।
কোম্পানিটির সাম্প্রতিক আয়-সংক্রান্ত আলোচনায় জাকারবার্গ বলেছেন, এখন কম্পিউটিং সক্ষমতা বা কম্পিউটার অবকাঠামো তৈরি করছে মেটা। কারণ “আগেভাগেই বড় পরিসরে সক্ষমতা তৈরি করা হবে সঠিক কৌশল, যাতে আমরা সবচেয়ে ভালো সুযোগের জন্য প্রস্তুত থাকতে পারি”।
মেটা বলেছে, আগামী বছরে তাদের খরচের পরিমাণ ‘বেশি’ হবে। কারণ এআইতে বড় বিনিয়োগ করছে তারা, বিশেষ করে এআই প্রযুক্তি চালানোর জন্য দ্রুতগতিতে নতুন ডেটা সেন্টার নির্মাণ করছে কোম্পানিটি।
গত মাসে ‘ব্লু আউল ক্যাপিটাল’-এর সঙ্গে ২ হাজার ৭০০ কোটি ডলারের অর্থায়ন চুক্তি করেছে সামাজিক মাধ্যম জায়ান্টটি। এ অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ডেটা সেন্টার তৈরি করবে মেটা, যা গোটা বিশ্বে কোম্পানিটির সবচেয়ে বড় প্রকল্প।
