Published : 26 Mar 2026, 02:36 PM
আসছে জুনে হতে যাচ্ছে অ্যাপলের বার্ষিক সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৬। এবারের আয়োজনে আইফোনের জন্য বহুল প্রতীক্ষিত আইওএস ২৭ ও সিরি’র বড় ধরনের আপডেটসহ একগুচ্ছ নতুন সফটওয়্যার নিয়ে আসবে কোম্পানিটি।
ঘোষণায় অ্যাপল বলেছে, এ বছরের ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স’ বা ডব্লিউডব্লিউডিসি আগামী ৮ থেকে ১২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, কোম্পানিটি সাধারণত তাদের অনুষ্ঠানের সময়সূচী একই রকম রাখে। ফলে ৮ জুন দুপুর ১টায় (যুক্তরাষ্ট্রের সময় অনুসারে) সিইও টিম কুক মূল বক্তব্য বা কিনোট দেওয়ার মাধ্যমে এ অনুষ্ঠান উদ্বোধন করবেন।
ডব্লিউডব্লিউডিসি’র বেশিরভাগ অংশই অনলাইনে অনুষ্ঠিত হয় এবং এতে সবাই বিনামূল্যে অংশ নিতে পারেন। তবে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত ‘অ্যাপল পার্ক’-এ নির্বাচিত কিছু ডেভেলপার, শিক্ষার্থী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সরাসরি উপস্থিত থাকার সুযোগ থাকবে।
আগ্রহীরা অ্যাপল ডেভেলপার অ্যাপ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে পারবেন। এ ছাড়া চীনে অ্যাপল ডেভেলপার ‘বিলিবিলি’ চ্যানেলেও এ অনুষ্ঠান দেখা যাবে।
অ্যাপলের ডব্লিউডব্লিউডিসি সম্মেলনটি সফটওয়্যারকেন্দ্রিক আয়োজন।
এবারের আয়োজনের সব লক্ষণ থেকে ইঙ্গিত মিলেছে, এখানে পরবর্তী প্রজন্মের ‘২৭’ সিরিজের বিভিন্ন অপারেটিং সিস্টেম উন্মোচিত হতে পারে। যার মধ্যে থাকবে আইওএস ২৭, আইপ্যাডওএস ২৭, ম্যাকওএস ২৭, ভিশনওএস ২৭ ও ওয়াচওএস ২৭।
এসব অপারেটিং সিস্টেম আপডেটগুলোতে নতুন কোন সব ফিচার থাকবে তা এখনই বলা যাচ্ছে না।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, ডব্লিউডব্লিউডিসি’তে খুব বেশি বড় চমক নাও থাকতে পারে।
তবে গুঞ্জন রয়েছে, আইওএস ২৭-এ বহুল প্রতীক্ষিত অ্যাপলের নিজস্ব এআই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর উন্নত সংস্করণ আনতে এবং সিরি’কে নতুনভাবে সাজাবে কোম্পানিটি, যা দীর্ঘদিন ধরেই প্রতীক্ষিত।
এ ছাড়া কিছু প্রতিবেদনে আইফোনে ‘স্প্লিট পেন মাল্টিটাস্কিং’ বা একসঙ্গে দুটি অ্যাপ ব্যবহারের সুবিধা, নতুন ডিজাইনের হেলথ অ্যাপ ও উন্নত ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম থাকার ইঙ্গিত মিলেছে।