ইরান যুদ্ধ: প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ ও বাণিজ্যের জোয়ার
গোটাবিশ্বে ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় বিভিন্ন দেশ এখন নিজেদের সামরিক বাহিনীকে আধুনিক করতে মরিয়া।
বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূ-রাজনৈতিক উত্তেজনা ও ইরান-ইসরায়েল যুদ্ধের ফলে প্রতিরক্ষা প্রযুক্তির বাজারে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ খাতে এখন বিনিয়োগের বন্যা বইছে ও নতুন সব স্টার্টআপের জন্য মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে বড় বাণিজ্যিক সুযোগ।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, এক সময় ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা বিনিয়োগকারীদের কাছে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করা ছিল এক প্রকার নিষিদ্ধ বা ‘ট্যাবু’। তবে গত কয়েক বছরে এই ধারায় বিস্ময়কর পরিবর্তন এসেছে।
‘ডিলরুম’ নামের প্ল্যাটফর্মের তথ্য অনুসারে, ২০২০ সালে বিশ্বজুড়ে এ খাতে বিনিয়োগের পরিমাণ ছিল কেবল ৮৬.৯ কোটি ডলার। তবে ২০২৫ সালে সেই অংক প্রায় ১৩ গুণ বেড়ে দাঁড়িয়েছে ১১২০ কোটি ডলারে।
আসলে পাঁচ বছরে অনেক কিছুই বদলে যেতে পারে।
গোটাবিশ্বে ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় বিভিন্ন দেশ এখন নিজেদের সামরিক বাহিনীকে আধুনিক করতে মরিয়া। এর ফলে নতুন নতুন প্রতিরক্ষা স্টার্টআপের জন্য ব্যবসার বড় সুযোগ তৈরি হয়েছে।
ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধ নতুন ধরনের ড্রোন ব্যবহারের দুয়ার খুলে দিয়েছে। এ যুদ্ধটি নতুন সব প্রতিরক্ষা প্রযুক্তির পরীক্ষাগার হিসেবে কাজ করেছে।
এখন বিভিন্ন প্রযুক্তি কোম্পানি মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে তৈরি হওয়া নানা সুযোগের দিকেও নজর দিচ্ছে।
গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কিছু প্রতিরক্ষা স্টার্টআপ বলেছে, তারা আগের চেয়ে বেশি চাহিদার মুখোমুখি হচ্ছে ও চলমান যুদ্ধের কারণে নতুন বাণিজ্যিক চুক্তির আশা করছে।
ক্রমাগত চাহিদা
ইরান যুদ্ধ এমন এক সময়ে হচ্ছে, যার জন্য প্রতিরক্ষা প্রযুক্তি ও সিলিকন ভ্যালি এতদিন অপেক্ষা করছিল।
বহু বছর ধরে এ খাতের বিভিন্ন স্টার্টআপ পেন্টাগনের বড় বাজেটের একটি অংশ পাওয়ার জন্য প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার চেষ্টা করে আসছিল। তারা বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এ অভিযান তাদের জন্য সেই সুযোগের দরজা খুলে দিয়েছে।
বেশ কয়েকজন প্রতিরক্ষা প্রযুক্তি উদ্যোক্তা বলেছেন, ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথম ইরানে হামলা চালায়। তারপর থেকেই প্রতিরক্ষা বিভাগে তাদের পণ্যের চাহিদা বেড়েছে।
কোম্পানিগুলো বলেছে, অনেক গ্রাহক তাদের সব পণ্য অগ্রিম কিনে নেওয়ার প্রস্তাব দিচ্ছে বা তাদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর অনুরোধ করছে।
ইউরোপের প্রতিরক্ষা প্রযুক্তি খাতের নির্বাহীরা বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন সরকারের সঙ্গে বাণিজ্যিক আলোচনা বাড়িয়ে দিয়েছেন।
প্রযুক্তি খাতের অন্য একজন প্রধান নির্বাহী বলেছেন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর জন্য নিজেদের সক্ষমতা বাড়াতে বর্তমানে উপসাগরীয় বিভিন্ন দেশের আগ্রহ ‘আকাশচুম্বী’।
গবেষণা সংগঠন ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’-এর সংগৃহীত তথ্য অনুসারে, যুদ্ধ শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও কুয়েতে তিন হাজারেরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।
এদিকে, ইউরোপভিত্তিক বিভিন্ন প্রতিরক্ষা স্টার্টআপ মধ্যপ্রাচ্যে তাদের জনবল বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।
এস্তোনিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধক স্টার্টআপ ‘ফ্রাঙ্কেনবার্গ টেকনোলজি’ ও ইউক্রেইন-যুক্তরাজ্যভিত্তিক ‘ইউফোর্স’ উভয় কোম্পানিই বলেছে, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে তারা এ অঞ্চলে কর্মী নিয়োগের পরিকল্পনা আরও জোরদার করছে।
সামনের বিভিন্ন চ্যালেঞ্জ
তবে এখনও কিছু বাধা রয়েছে।
সিএনবিসির সাংবাদিক সামান্থা সুবিন লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগে পণ্য বিক্রি করতে চাওয়া বিভিন্ন কোম্পানির জন্য মার্কিন সরকার এখনও নিয়মিত বা পর্যাপ্ত চুক্তির নিশ্চয়তা দেয়নি, যা তাদের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্তকে যৌক্তিক করে তুলবে।
“ফলে প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানিগুলো এমন দ্বিধায় পড়েছে যে, তারা কি চুক্তি পাওয়ার আশায় উৎপাদন বাড়িয়ে লাভের ঝুঁকি নেবে, নাকি আপাতত পিছিয়ে থেকে সুযোগ হাতছাড়া করবে?”
ইউরোপের বিভিন্ন স্টার্টআপ সাধারণত যুক্তরাষ্ট্রের তুলনায় কম মূলধন নিয়ে কাজ করে। ফলে তাদের সম্পদও সীমিত। তাদের এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি মধ্যপ্রাচ্যের এ সুযোগ কাজে লাগাতে সবটুকু পুঁজি বিনিয়োগ করবে কি না।
ফলে উপসাগরীয় বিভিন্ন দেশের চাহিদা মেটাতে গিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজার থেকে বিনিয়োগ বা সম্পদ সরিয়ে নেওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। আর এ বাজি ধরাটা শেষ পর্যন্ত সঠিক হবে কি না তা সময়ই বলে দেবে।
তবে বিষয়টি নিশ্চিত যে, প্রতিরক্ষা খাত এখন আর বিনিয়োগকারীদের কাছে আগের মতো ‘অস্বস্তিকর’ কোনো ক্ষেত্র নয়, বরং এখানে এখন মোটা অংকের বিনিয়োগ হচ্ছে।
এ সপ্তাহেই স্বচালিত জাহাজ নির্মাতা স্টার্টআপ ‘সারোনিক’ ১৭৫ কোটি ডলারের বিনিয়োগ পাওয়ার ঘোষণা দিয়েছে। এর আগের সপ্তাহে ড্রোন কোম্পানি ‘শিল্ড এআই’ বলেছে, তারা ২০০ কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছে।
