২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে অ্যাপলের চিপ বানাবে ব্রডকম, ৩০০০ কোটি ডলারের চুক্তি

ট্রাম্প প্রশাসনের দেশীয় উৎপাদন নীতির সঙ্গে সংগতি রেখে করা এ চুক্তিটি অ্যাপলের ইতিহাসে মার্কিন উৎপাদন খাতে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ।

যুক্তরাষ্ট্রে অ্যাপলের চিপ বানাবে ব্রডকম, ৩০০০ কোটি ডলারের চুক্তি
ব্রডকম দীর্ঘদিন ধরেই অ্যাপলকে বিভিন্ন সংযোগকারী যন্ত্রাংশ সরবরাহ করে আসছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 04:11 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

আমেরিকার উৎপাদন খাতকে শক্তিশালী করতে চিপ উৎপাদক কোম্পানি ব্রডকমের সঙ্গে ৩ হাজার কোটি ডলারের বড় চুক্তি করেছে আইফোন নির্মাতা অ্যাপল।

বিদায়ী সিইও টিম কুকের অধীনে হওয়া এ বহুবছর মেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে দেড় হাজার কোটি ডলারের বেশি কাস্টম সিলিকন ও এআই চিপ তৈরি হবে।

ট্রাম্প প্রশাসনের দেশীয় উৎপাদন নীতির সঙ্গে সংগতি রেখে করা এ চুক্তিটি অ্যাপলের ইতিহাসে মার্কিন উৎপাদন খাতে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট সিএনবিসি।

বুধবার অ্যাপলের পক্ষ থেকে ঘোষিত এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে দেড় হাজার কোটিরও বেশি চিপ উৎপাদিত হবে। যার মধ্যে কলোরাডোর ফোর্ট কলিন্সে অবস্থিত চিপ নির্মাতা কোম্পানি ব্রডকমের কারখানা উন্নয়নে ১৫০ কোটি ডলারের একটি প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।

এ নতুন উৎপাদন সক্ষমতা কবে নাগাদ পুরোপুরি চালু হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি অ্যাপল।

ব্রডকম দীর্ঘদিন ধরেই অ্যাপলকে বিভিন্ন ‘কানেক্টিভিটি পার্টস’ বা সংযোগকারী যন্ত্রাংশ সরবরাহ করে আসছে। নতুন চুক্তিটি যুক্তরাষ্ট্রে তৈরি কাস্টম সিলিকন’কে কেন্দ্র করে দুই কোম্পানির সম্পর্ককে আরও গভীর করবে।

অ্যাপল বলেছে, ব্রডকম এমন কিছু ওয়্যারলেস বা তারবিহীন যন্ত্রাংশ তৈরি করবে, যা বিভিন্ন ডিভাইসকে সেলুলার, ওয়াই-ফাই ও ব্লুটুথ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে।

এদিকে, সোমবার মার্কিন ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ বা এসইসি’র কাছে জমা দেওয়া এক নথিতে ব্রডকম বলেছে, ২০৩১ সাল পর্যন্ত অ্যাপলের একাধিক প্রজন্মের পণ্যের জন্য ‘কাস্টম এএসআইসি সিলিকন প্রোডাক্ট’ তৈরি ও সরবরাহের লক্ষ্যে তারা অ্যাপলের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তি করেছে।

এএসআইসি হচ্ছে বিশেষ কাজের জন্য তৈরি সমন্বিত সার্কিট, যা বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কাজের জন্য দিন দিন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে।

অ্যাপলের বিদায়ী প্রধান নির্বাহী টিম কুকের জন্য চুক্তিটি আমেরিকার অভ্যন্তরীণ উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে তার সর্বশেষ প্রচেষ্টারই অংশ, যা ট্রাম্প প্রশাসনের অন্যতম শীর্ষ অগ্রাধিকার ছিল।

২০২৫ সালে ঘোষিত অ্যাপলের চার বছর মেয়াদি ৬০ হাজার কোটি ডলারের মার্কিন বিনিয়োগ পরিকল্পনার মধ্যে এটাই সবচেয়ে বড় অংশ। নিজস্ব সাপ্লাই চেইনে দেশীয় উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে চালু করা ‘আমেরিকান ম্যানুফ্যাকচারিং প্রোগ্রাম’ বা এএমপি’র অধীনেও এটাই এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় প্রতিশ্রুতি।

অ্যাপল এক বিজ্ঞপ্তিতে বলেছে, “আমেরিকার বুকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সিলিকন সাপ্লাই চেইন তৈরিতে সহায়তার জন্য মার্কিন প্রশাসন ও দেশটির বিভিন্ন ব্যবসার সঙ্গে কাজ করে যাচ্ছে অ্যাপল; আর আজকের এ ঘোষণা সেই প্রচেষ্টাকে আরও একধাপ এগিয়ে নিল।”

টিম কুক বলেছেন, ফোর্ট কলিন্সে তৈরি বিভিন্ন যন্ত্রাংশ অ্যাপল গ্রাহকদের প্রত্যাশিত পারফরম্যান্স ও কানেক্টিভিটির জন্য ‘গুরুত্বপূর্ণ’। সেইসঙ্গে প্রকল্পটিকে সমর্থনের জন্য তিনি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে ধন্যবাদ জানান।

ব্রডকমের প্রধান নির্বাহী হক ট্যান বলেছেন, অ্যাপলের বড় এ প্রতিশ্রুতি চিপ নির্মাতা কোম্পানিটিকে ফোর্ট কলিন্সে তাদের উৎপাদনের পরিধি আরও বাড়াতে সাহায্য করবে।