০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

চ্যাটজিপিটিতেই এবার পোশাক ট্রাই করার ভার্চুয়াল সুবিধা

বিশেষ এ সুবিধার আওতায় কেবল চ্যাটজিপিটি থেকে দেখানো পণ্যই যে ব্যবহার করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

চ্যাটজিপিটিতেই এবার পোশাক ট্রাই করার ভার্চুয়াল সুবিধা

নতুন ছবি তৈরির কাজটি ওপেনএআইয়ের নতুন ‘চ্যাটজিপিটি ইমেজ ২.৫’ মডেলের মাধ্যমে পরিচালিত হবে, যা সেপ্টেম্বরে উন্মোচিত হয়েছিল। ছবি: ওপেনএআই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 12:10 PM

Updated : 04 Oct 2026, 12:10 PM

ব্যবহারকারীদের ছবি আপলোড করার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত ভার্চুয়াল ট্রাই-অন ছবি তৈরির সুবিধা নিয়ে আসছে ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটজিপিটির শপিং ফিচারে নতুন একটি মাত্রা যোগ হল।

নতুন ফিচারের সাহায্যে চ্যাটবটেই পোশাকের ভার্চুয়াল প্রিভিউ দেখা যাবে, যা এরইমধ্যে গুগলের সার্চ ফিচারেও যোগ রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

চ্যাটজিপিটের ভার্চুয়াল ট্রাই-অন ফিচারটি ব্যবহারের প্রক্রিয়া বেশ সহজ। চ্যাটিংয়ের সময় পোশাকের কোনো প্রডাক্ট লিস্টিং বা তালিকা দেখা গেলেই সেখানে ফিচারটি ব্যবহার করা যাবে।

নিজের পছন্দমতো কাস্টম ছবি তৈরি করতে ব্যবহারকারীকে কেবল ওই পোশাকে ট্যাপ করে ‘ট্রাই অন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের একটি সেলফি ও ফুল-বডি ছবি আপলোড করতে হবে, যা ব্যবহার করে চ্যাটজিপিটি ভার্চুয়াল লুক তৈরি করবে।

বিশেষ এ সুবিধার আওতায় কেবল চ্যাটজিপিটি থেকে দেখানো পণ্যই ব্যবহার করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

ইন্টারনেট থেকে স্ক্রিনশট নেওয়া যে কোনো পোশাকের ছবি আপলোড করেও ট্রাই-অন ছবি তৈরি করা সম্ভব বলে জানিয়েছে কোম্পানিটি।

নতুন ছবি তৈরির কাজটি ওপেনএআইয়ের নতুন ‘চ্যাটজিপিটি ইমেজ ২.৫’ মডেলের মাধ্যমে পরিচালিত হবে, যা সেপ্টেম্বরে উন্মোচিত হয়েছিল।

ভার্চুয়াল ট্রাই-অন ছাড়াও ব্যবহারকারীদের জন্য নতুন আরেকটি সুবিধা এনেছে ওপেনএআই। এর মাধ্যমে অ্যাপের নির্দিষ্ট ‘লাইব্রেরি’ অংশে পছন্দসই বিভিন্ন পণ্য সংরক্ষণ করা যাবে, যাতে পরবর্তীতে সেগুলো সহজেই খুঁজে পাওয়া যায়।

তবে চ্যাটজিপিটিতে ছবি আপলোডের ক্ষেত্রে প্রচলিত প্রাইভেসি সতর্কতাগুলো এখানেও প্রযোজ্য থাকবে।

ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আপলোড করা যে কোনো ছবি মডেলের প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হতে পারে, যদি না ব্যবহারকারী তা থেকে অপ্ট-আউট বিকল্প বেছে নেন।

মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজনের মতো বড় পরিসরের কোনো অনলাইন মার্কেটপ্লেস না হলেও অতীতে ‘ইনস্ট্যান্ট চেকআউট’ ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটিতেই পণ্য কেনাবেচার মতো বিভিন্ন পরীক্ষা চালিয়েছে ওপেনএআই।

পাশাপাশি, ব্যবসায়ীরা যাতে তাদের পণ্য ও সেবা প্রচার করতে পারে সে জন্য চ্যাটিংয়ের ভেতরে বিজ্ঞাপন দেখানোর সুবিধাও দেয় কোম্পানিটি।

এআই মডেলগুলোর পেছনে গবেষণা ও পরিচালনার জন্য ওপেনএআইকে মোটা অংকের অর্থ ব্যয় করতে হয়। একক কোনো ফিচার দিয়ে এ খরচ পুষিয়ে নেওয়া কঠিন।

গেল এক বছরে ধারাবাহিকভাবে নতুন সব শপিং টুল যোগের বিষয়টি থেকে ইঙ্গিত মেলে, এই খাতে সম্ভবত বড় সম্ভাবনা দেখছে ওপেনএআই।