ড্রোন ও স্যাটেলাইট সংযোগ: নতুন নীতিমালা প্রস্তাব এফসিসির
স্পেসএক্সকে ৩৩০ কিলোমিটার উচ্চতায় পরিচালনার জন্য ১৫ হাজার স্যাটেলাইটের অনুমোদন দিয়েছে এফসিসি।
তারহীন সংযোগ সংক্রান্ত নিয়মে বেশ কিছু পরিবর্তনের জন্য তিনটি নতুন প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসি।
এসব পরিকল্পনা এ মাসের শেষদিকে ভোটের জন্য উপস্থাপিত হবে এবং এর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে সরাসরি ডিভাইস বা ‘ডিরেক্ট-টু-ডিভাইস’ যোগাযোগ ব্যবস্থা।
এ প্রস্তাবে সংস্থাটি সরাসরি ডিভাইস বা ডিটুডি সেবার নিয়মগুলোতে বড় ধরনের সংস্কারের পরামর্শ দিয়েছে। যার মূল উদ্দেশ্য ‘আরও নমনীয় টেরেস্ট্রিয়াল, স্যাটেলাইট ও হাইব্রিড ব্যবসায়িক ব্যবস্থাকে উৎসাহিত করা’।
এর সঙ্গে সম্পর্কিত দ্বিতীয় প্রস্তাবটি হচ্ছে, ২৫ মেগাহার্টজ মিড-ব্যান্ড স্পেকট্রাম নিলামে তোলা।
এফসিসির ভাষ্য, নিলামের মাধ্যমে ‘নমনীয় ব্যবহারের টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক, উদ্ভাবনী সরাসরি ডিভাইস অপারেশন বা উভয়ের একটি হাইব্রিড’ ব্যবহারের ক্ষেত্রগুলোকে লক্ষ্য করা হবে।
অ্যামাজনের মতো যেসব কোম্পানি স্যাটেলাইটভিত্তিক সেলুলার সেবার বাজারে প্রবেশের আশা করছে তাদের জন্য প্রস্তাবটি আকর্ষণীয় হতে পারে।
‘ইকোস্টার’ থেকে কেনা স্পেকট্রাম লাইসেন্স স্পেসএক্সের কাছে এরমধ্যে রয়েছে।
বুধবার এফসিসি’র পক্ষ থেকে স্পেসএক্সকে ৩৩০ কিলোমিটার উচ্চতায় পরিচালনার জন্য ১৫ হাজার স্যাটেলাইটের অনুমোদন মিলেছে।
স্পেসএক্সের ডিটুডি সিস্টেম বিস্তারের উদ্যোগটি তাদের এআই কার্যক্রমের জন্য কম্পিউটিং পাওয়ার সরবরাহের উদ্দেশ্যে কক্ষপথে ডেটা সেন্টার নেটওয়ার্ক চালুর প্রচেষ্টার চেয়ে আলাদা এবং এটা কোম্পানিটির ১১ হাজারেও বেশি স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে যোগ হবে।
স্পেসএক্সের কাছে মহাকাশের প্রচুর পরিমাণ যন্ত্রপাতির বড় বহর রয়েছে।
এফসিসির শেষ প্রস্তাবটিতে ৮০০ মেগাহার্টজ সেলুলার ব্যান্ডের মাধ্যমে ড্রোন পরিচালনার অনুমতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। বর্তমানে এ ফ্রিকোয়েন্সি ব্যবহার করার ক্ষেত্রে ড্রোনগুলোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
প্রস্তাবটি পাস হলে ড্রোন বা ইউএভিগুলো ব্যবহারের জন্য প্রায় ৫০ মেগাহার্টজ ব্যান্ড উন্মুক্ত হবে।
গত এক বছর ধরে এমন ড্রোনের ওপর কড়াকড়ি ও নিষেধাজ্ঞা বাড়িয়ে চলেছে এফসিসি, যেগুলোকে তারা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মনে করছে, তা সেগুলোর মধ্যে বিদেশি যন্ত্রাংশ থাকার কারণেই হোক বা লাইডারের মতো প্রযুক্তি থাকার কারণেই হোক।
