নির্বাচন নিয়ে ভুল তথ্য নিয়ন্ত্রণের কৌশল প্রকাশ করল ওপেনএআই
নতুন এই পদ্ধতিটিকে তুলনা করা যায় গত মাসে গুগলের প্রকাশিত নির্বাচনী কনটেন্ট কৌশলের সঙ্গে, যেখানে এআইয়ের তৈরি ছবি ও অডিও’তে ডিজিটাল জলছাপ যোগ করা হয়।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই গোটা বিশ্বে নির্বাচন সংক্রান্ত ভুল তথ্য নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছে চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআই।
এর পাশাপাশি, নির্বাচন সংক্রান্ত তথ্যের উৎস নিয়ে স্বচ্ছতা বাড়ানোর দিকেও নজর রাখার কথা জানিয়েছে কোম্পানিটি।
এ লক্ষ্যে কোম্পানিটি ক্রিপ্টোগ্রাফি ব্যবহারের কথা বলছে, যার মানদণ্ড তৈরি করেছে অলাভজনক সাইট ‘কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভেন্যান্স অ্যান্ড অথেনটিসিটি’। এর লক্ষ্য হল, ওপেনএআইয়ের টেক্সট-টু-ইমেজভিত্তিক জেনারেটিভ এআই ব্যবস্থা ‘ডাল-ই’ যেসব ছবি তৈরি করে, সেগুলোর উৎস খুঁজে বের করা।
গত বছরের সেপ্টেম্বরে ‘ডাল-ই’র তৃতীয় সংস্করণ উন্মোচন করেছিল ওপেনএআই, যেখানে আগের সংস্করণের সক্ষমতাকে আরও উন্নত করার পাশাপাশি ব্যবহারকারীদেরকে চ্যাটজিপিটি অ্যাপের মধ্যেই বিভিন্ন ছবি তৈরির সুযোগ করে দিয়েছিল।
স্বচ্ছতার নতুন এই পদ্ধতিটিকে তুলনা করা যায় গত মাসে গুগলের প্রকাশিত নির্বাচনী কনটেন্ট কৌশলের সঙ্গে, যেখানে এআইয়ের তৈরি ছবি ও অডিও’তে ডিজিটাল জলছাপ যোগ করার কথা বলেছে গুগল। আর ওপেনএআইয়ের এ কৌশলকে গুগলের এআই গবেষণা কোম্পানি ‘ডিপমাইন্ড’-এর তৈরি ‘সিনথআইডি’ টুলের চেয়ে ভাল না হলেও প্রায় একই রকম বলছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
এর পাশাপাশি, মেটার এআই ইমেজ জেনারটর থেকে তৈরি কনটেন্টেও এ ধরনের অদৃশ্য জলছাপ যোগ করা হয়। তবে, নির্বাচন সংশ্লিষ্ট ভুল তথ্য ঠেকানোর ক্ষেত্রে নিজস্ব কৌশল এখনও প্রকাশ করেনি কোম্পানিটি।
ওপেনএআই বলছে, তারা শিগগিরই সাংবাদিক, গবেষক ও বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে নিজস্ব শ্রেণীবিন্যাসকারী ব্যবস্থা তৈরির বিষয়ে মতামত নেবে। একইভাবে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা রিয়েল-টাইম সংবাদের বিস্তারিত লিংক দেখার সুযোগ পাবেন চ্যাটজিপিটি ব্যবহারকারীরা।
এ ছাড়া, ব্যবহারকারীরা কীভাবে ভোট দিতে হবে বা ভোট সংক্রান্ত যে কোনো পদ্ধতিগত প্রশ্ন জিজ্ঞেস করলে, তাদেরকে মার্কিন ভোট সংক্রান্ত অফিসিয়াল সাইট ‘CanIVote.org’তে পাঠিয়ে দেওয়া হবে।
এদিকে, ডিপফেইক ও চ্যাটবটের মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা বন্ধ করার পাশাপাশি ভোটদানের প্রক্রিয়াকে বিকৃত করা বা ভোটদানে মানুষকে নিরুৎসাহিত করার উদ্দেশ্যে তৈরি বিভিন্ন কনটেন্ট বন্ধ করার বিষয়ে নিজেদের বর্তমান নীতির ওপর জোর দিতে বলেছে ওপেনএআই।
রাজনৈতিক প্রচারণার উদ্দেশ্যে তৈরি অ্যাপও নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ওপেনএআই। আর প্রয়োজন পড়লে কোম্পানির নতুন জিপিটি অ্যাপে সম্ভাব্য নীতি লঙ্ঘনের অভিযোগও জানাতে পারবেন ব্যবহারকারীরা।
ওপেনএআই বলছে, তাদের এই প্রাথমিক পদক্ষেপ যদি আদৌ সফল হয়, তবে তা গোটা বিশ্বে এ ধরনের কৌশল তৈরির ক্ষেত্রে সহায়ক করবে।
আসন্ন মাসগুলোয় ওপেনএআইয়ের তরফ থেকে এ সম্পর্কিত আরও ঘোষণা আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
