টেসলা, এক্সএআইকে আলাদা কোম্পানি হিসাবেই রাখতে চান মাস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে সরে আসার পর নিজের বিভিন্ন ব্যবসাকে আরও কাছাকাছি আনার চেষ্টা করছেন মাস্ক, যার বেশিরভাগই এক্সএআইকে কেন্দ্র করে।
মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা টেসলা ও এআই স্টার্টআপ এক্সআই-এর একীভূতকরণের পক্ষে নন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তবে তিনি চাইছেন, এক্সএআইতে যেন বিনিয়োগ করে টেসলা।
সোমবার মাস্ক বলেছেন, তার এআইনির্ভর কোম্পানি এক্সএআই ও টেসলা’র মধ্যে কোনও একীভূতকরণ সমর্থন করেন না তিনি। বর্তমানে এ দুই কোম্পানির ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে অনেক প্রশ্ন উঠছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ ‘@BullStreetBets’ নামের এক অ্যাকাউন্ট টেসলার বিনিয়োগকারীদের উদ্দেশে একটি খোলা প্রশ্ন করে জানতে চায়, তারা কি টেসলা ও এক্সএআইয়ের মধ্যে একীভূতকরণ সমর্থন করে কি না। সেই প্রশ্নের জবাবে মাস্ক সরাসরি লিখেছেন, “না।”
মাস্কের এ মন্তব্য এমন এক সময়ে এল যখন নিজের বিভিন্ন ব্যবসার মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক ও সম্ভাব্য একীভূতকরণ নিয়ে তিনি চিন্তা করছেন বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।
রোববার রাতেই মাস্ক ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে এক শেয়ারহোল্ডার ভোট আয়োজন করতে পারে টেসলা, যেখানে সিদ্ধান্ত হবে, টেসলা কি এক্সএআইতে বিনিয়োগ করবে কি না। তবে ভোটটি কবে হবে, তা এখনও ঠিক হয়নি।
এক্সএআই হচ্ছে মাস্কের এআই কোম্পানি, যা চ্যাটবট গ্রক তৈরি করেছে। গত বছর এক্স-এ একটি অনলাইন জরিপ করেছিলেন মাস্ক, যেখানে তিনি অনুসারীদের প্রশ্ন করেছিলেন, টেসলা’র কি এক্সআইতে পাঁচশ কোটি ডলার বিনিয়োগ করা উচিত কি না। সেই সময় বেশিরভাগ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন।
সিএনবিসি লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে সরে আসার পর নিজের বিভিন্ন ব্যবসাকে আরও কাছাকাছি আনার চেষ্টা করছেন মাস্ক, যার বেশিরভাগ কর্মকাণ্ডই এক্সএআইকে কেন্দ্র করে।
মার্চে নিজের এক্সএআই ও সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স’কে একীভূত করেন মাস্ক। ওই চুক্তিতে এক্সএআইয়ের মূল্য আট হাজার কোটি ডলার ও এক্স-এর মূল্য ধরা হয় তিন হাজার তিনশ কোটি ডলার।
গত সপ্তাহে মাস্ক ঘোষণা দিয়েছেন, টেসলার বিভিন্ন ইভিতে এক্সএআইয়ের গ্রক ব্যবহার করা যাবে। তবে সম্প্রতি সমালোচনার মুখে পড়েছে চ্যাটবটটি। হিটলারের প্রশংসা ও ইহুদিবিদ্বেষী মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছে গ্রক।
এ ঘটনার পর শনিবার ক্ষমা চেয়ে দীর্ঘ বিবৃতি দিয়েছে এক্সএআই, যেখানে কোম্পানিটি বলেছে, “অনেকের জন্যই এটি ভয়ঙ্কর এক অভিজ্ঞতা ছিল, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”
কোম্পানিটি আরও বলেছে, এমন ভুল যেন আর না হয় সে জন্য ব্যবস্থা নিচ্ছে এক্সএআই।
শনিবার মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, এক্সএআইতে দুইশো কোটি ডলার বিনিয়োগ করবে মাস্কের আরেক কোম্পানি স্পেসএক্স।
কোম্পানিটির ঘনিষ্ঠ কিছু বিনিয়োগকারীর বরাত দিয়ে এ তথ্য দিয়েছে জার্নালটি। এ বিনিয়োগ ‘মরগ্যান স্ট্যানলি’ ঘোষিত এক বৃহৎ তহবিল সংগ্রহ প্রকল্পেরই অংশ, যার লক্ষ্য ঋণ ও শেয়ার উভয় পথেই এক হাজার কোটি ডলার সংগ্রহ করা।
