দাবানলের খবর প্রচারে বাধা দেওয়ায় ফেইসবুককে ‘ধুয়ে দিলেন’ ট্রুডো
কানাডার শহর ইয়েলোনাইফ থেকে দাবানলটি কেবল ১৫ কিলোমিটার দূরে রয়েছে। সংবাদে নিষেধাজ্ঞা তাদের জীবন সুরক্ষা সংশ্লিষ্ট তথ্য প্রচারকে জটিল করে তুলেছে।
ফেইসবুকের বিরুদ্ধে ‘মানুষের সুরক্ষার চেয়ে আর্থিক লাভকে’ প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর আগে দেশটিতে চলমান দাবানলের সংবাদ প্রচার নিষিদ্ধ করেছে মেটা মালিকানাধীন সামাজিক মাধ্যমটি।
ফেইসবুকের এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে কানাডার ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ নামের এক আইন, যেখানে ফেইসবুকের আর্থিক আয়ের লভ্যাংশ বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে ভাগাভাগির বাধ্যবাধকতা রয়েছে।
দাবানল ঠেকাতে কাজ করা কর্মীরা বলেছেন, এই নিষেধাজ্ঞা তাদের একে অপরের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ আদান প্রদানের সক্ষমতা কেড়ে নিয়েছে।
ওই আইনকে ‘মৌলিকভাবে ত্রুটিপূর্ণ’ বলে আখ্যা দিয়েছে ফেইসবুকের মালিক কোম্পানি মেটা। আর, সোমবার প্রচারিত এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, মেটার এই পদক্ষেপ ‘অকল্পনীয়’।
কানাডার পার্লামেন্টে আইনটি পাশ হওয়ার পর পয়লা অগাস্ট থেকে দেশটির ফেইসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ সংশ্লিষ্ট কনটেন্ট দেখানো বন্ধ করে দিয়েছে মেটা। ফেইসবুক ও মেটার মতো অনলাইন প্ল্যাটফর্মগুলোকে কনটেন্টের জন্য বিভিন্ন সংবাদ প্রকাশকের সঙ্গে চুক্তি করতে হবে, এমন বাধ্যবাধকতা রয়েছে এই আইনে।
নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই কানাডার সরকারি কর্মকর্তাদের সমালোচনার মুখে পড়েছে মেটা। শনিবার কানাডার ঐতিহ্য বিষয়ক মন্ত্রী প্যাসকেল সেইন্ট অং বলেন, কোম্পানি ব্যবহারকারীদের জন্য ‘গুরুত্বপূর্ণ তথ্য’ ব্লক করে দিচ্ছে।
তিনি আরও যোগ করেন, ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ বা ‘হাউজ অফ কমনস বিল সি-১৮’ কার্যকর হওয়ার আগে থেকেই ফেইসবুক এমনটি করছে। এর আগের এক পোস্টে ফেইসবুকের সিদ্ধান্তকে ‘বেপরোয়া’ বলেও আখ্যা দেন তিনি।
ফেইসবুক বলছে, আইনটি মৌলিকভাবে টেকসই নয়। আর প্ল্যাটফর্মটি কীভাবে কাজ করে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনায় নেয় না এটি।
বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে মেটা বলেছে, আইনটি কোম্পানিকে সংবাদ ভিত্তিক কনটেন্টে দেশটির নাগরিকদের প্রবেশাধিকার বন্ধে বাধ্য করেছে।
তারা আরও যোগ করে, আক্রান্ত এলাকার লোকজন সুরক্ষিত আছেন কি না, তা জানাতে তারা ‘সেইফটি চেক’ নামের ফিচার চালু করেছে।
কোম্পানির এক মুখপাত্র বলেন, এর মাধ্যমে ব্যবহারকারী নিজেকে সুরক্ষিত হিসেবে চিহ্নিত করার পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থার গুরুত্বপূর্ণ তথ্যেও প্রবেশের সুযোগ পান।
কানাডার উত্তর পশ্চিমাংশের সবচেয়ে বড় শহর ইয়েলোনাইফ থেকে দাবানলটি কেবল ১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। ওই এলাকায় বসবাসকারী ব্যক্তিরা বলছেন, সংবাদে নিষেধাজ্ঞা তাদের জীবন সুরক্ষা সংশ্লিষ্ট তথ্য ছড়িয়ে দেওয়ার উপায়কে জটিল করে তুলেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোয় দুইবার নিজের বাড়ি ছাড়তে বাধ্য হন যুক্তরাষ্ট্রের আরকানস’ অঙ্গরাজ্যের ফোর্ট স্মিথ শহরের বাসিন্দা ডেলানে পোইত্রাস। কানাডার সংবাদমাধ্যম সিবিসি’কে তিনি বলেন, ফেইসবুকে কানাডার বিভিন্ন সরকারি কর্মকর্তার বিবৃতি বা দাবানলের আপডেট সংশ্লিষ্ট সংবাদ তিনি শেয়ার করতে পারছেন না।
তিনি আরও যোগ করেন, তার কমিউনিটির লোকজনের সঙ্গে যোগাযোগের বেলায় ফেইসবুক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
“এর মাধ্যমেই আমরা সবার সঙ্গে যোগাযোগ করি।” --বলেন তিনি।
পরিসংখ্যান বলছে, কানাডার ৭৭ শতাংশ নাগরিক ফেইসবুক ব্যবহার করেন। আর তাদের এক চতুর্থাংশ এটি সংবাদের জন্য ব্যবহার করে থাকেন।
