ইরানে ইন্টারনেট ফেরাতে মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
“সে (মাস্ক) এ ধরনের কাজে খুব দক্ষ, তার একটি চমৎকার কোম্পানিও রয়েছে,” বলেন ট্রাম্প।
ইরানে ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়ে স্পেসএক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সরকারবিরোধী বিক্ষোভের জেরে ইরান সরকার গত চার দিন ধরে দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ করে রেখেছে।
রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে, ইরানে ইন্টারনেট সেবা চালু করতে স্পেসএক্সের সহায়তা নেওয়া হবে কি না, রোববার ট্রাম্পের কাছে তা জানতে চেয়েছিলেন সাংবাদিকরা।
জবাবে ট্রাম্প বলেন, “সে (মাস্ক) এ ধরনের কাজে খুব দক্ষ, তার একটি চমৎকার কোম্পানিও রয়েছে।”
স্পেসএক্সের ‘স্টারলিংক’ নামে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা রয়েছে, যা এর আগেও ইরানে ব্যবহৃত হয়েছে।
রয়টার্স লিখেছে, ট্রাম্পের ভাবনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মাস্ক বা তার কোম্পানি স্পেসএক্স।
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসেম্বরে শুরু হওয়া বিক্ষোভ এখন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ধর্মীয় শাসনের অবসানের দাবিতে রূপ নিয়েছে। ২০২২ সালে মাশা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া আন্দোলনের পর এটাই ইরানে সবচেয়ে বড় গণবিক্ষোভ।
নিরাপত্তা বাহিনী তেহরান, কেরমানশাহ এবং বুশেহরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালিয়েছে বলে খবর এসেছে। কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে ইন্টারনেট বন্ধ রাখায় তথ্য আদান-প্রদানের ব্যবস্থা অচল হয়ে পড়েছে।
এদিকে, মাস্ক ও ট্রাম্পের মধ্যকার সম্পর্কটি বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে অর্থায়ন করেছিলেন বিশ্বের শীর্ষ ধনী মাস্ক। পরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের বাজেট কাটছাঁটের ক্ষেত্রেও প্রধান ভূমিকা রেখেছিলেন তিনি।
গেল বছর ট্রাম্পের বিশেষ কর বিলের বিরোধিতা করেন মাস্ক। সেই বিরোধে দুজনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তবে ইদানিং ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক আবার জোড়া লাগিয়েছেন টেসলার মালিক মাস্ক।
এ মাসেই ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে তাদের দুজনকে একসঙ্গে রাতের খাবার খেতে দেখা গেছে।সোমবার টেক্সাসে স্পেসএক্সের এক স্থাপনা পরিদর্শনের কথা রয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের।
ইরানিরা যাতে সরকারের বিধিনিষেধ এড়িয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারেন সেজন্য স্টারলিংক সেবা দেওয়ার বিষয়টি সমর্থন করেছেন মাস্ক। ২০২২ সালের বিক্ষোভের সময়ও তিনি এ বিষয়ে সোচ্চার ছিলেন। তখন জো বাইডেন প্রশাসন ইরানে স্টারলিংক সেবা চালুর জন্য মাস্কের সঙ্গে আলোচনা করেছিল।
স্টারলিংক স্যাটেলাইট সেবা ইউক্রেইনের মতো বিশ্বের অন্যান্য যুদ্ধকবলিত এলাকাতেও ব্যবহৃত হয়েছে। তবে ২০২২ সালে ইউক্রেইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযানের সময় সেখানে স্টারলিংক সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মাস্ক।
