১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাল্টিভার্সাস গেইমে ‘আসতে পারেন’ ওয়াল্টার হোয়াইট

মাল্টিভার্সাস গেইম উন্মোচনের পর থেকেই এতে বিভিন্ন নতুন চরিত্রের আত্মপ্রকাশ ঘটিয়েছে গেইমের নির্মাতা কোম্পানি ‘প্লেয়ার ফার্স্ট গেইমস’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2023, 04:21 PM

Updated : 02 Jan 2023, 04:21 PM

মাল্টিভার্সাস গেইমে যোগ দিতে পারেন জনপ্রিয় টিভি সিরিজ ব্রেকিং ব্যাডের মূল চরিত্র ওয়াল্টার হোয়াইট, এমনই ইঙ্গিত দিয়েছেন গেইমটির এক ডেভেলপার।

২০২২ সালের মধ্যবর্তী সময় অর্থাৎ গেইমটি উন্মোচনের পর থেকেই, মাল্টিভার্সাস সংশ্লিষ্ট অন্যতম জনপ্রিয় মিম হিসেবে পরিচিতি পেয়েছে মার্কিন অভিনেতা ব্রায়ান ক্র্যানস্টন অভিনীত চরিত্রটি।

প্রযুক্তিবিষয়ক সাইট গেইমিং র‍্যান্ট বলছে, মাল্টিভার্সাস গেইমে ওয়াল্টার হোয়াইটের চরিত্র আনার অনুরোধ মজার ছলে শুরু হলেও, তার মিমের জনপ্রিয়তা থেকে এটি পরিষ্কার যে গেইমটিতে ব্রেকিং ব্যাডের এই মেথ নির্মাতার সংযোজন সফল হিসেবেই বিবেচিত হবে।

মাল্টিভার্সাস গেইম উন্মোচনের পর থেকেই এতে বিভিন্ন নতুন চরিত্রের আত্মপ্রকাশ ঘটিয়েছে গেইমের নির্মাতা কোম্পানি ‘প্লেয়ার ফার্স্ট গেইমস’। এইসব চরিত্রের উৎপত্তিস্থল হলো ‘ওয়ার্নার ব্রাদার্স মাল্টিভার্স’।

গেইমটি উন্মোচনের পর এর চরিত্র তালিকায় যোগ দিয়েছে নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিটকম ‘রিক অ্যান্ড মর্টি’ এবং ‘দ্য রক’ খ্যাত জনপ্রিয় অভিনেতা ডুয়েইন জনসন অভিনীত সুপারহিরো চরিত্র ‘ব্ল্যাক অ্যাডাম’।

মাল্টিভার্সাস গেইমে আরও আছে হরর ফ্যান্টাসি ঘরানার সিনেমা গ্রেমলিনের দুই চরিত্র ‘গিজমো’ এবং ‘স্ট্রাইপ। এমনকি গেইমে রয়েছে ‘স্পেস জ্যাম: এ নিউ লিগাসি’ সিনেমায় অভিনয় করা জনপ্রিয় বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমসের চরিত্রও, যেখানে ফাইটিং গেইমটিতে সবাইকে স্বাগত জানাতে দেখা যায় তাকে।

‘ফেস্টিভার্সাস’ নামের আয়োজন চালু করল মাল্টিভার্সাস

টুইটারের এক পোস্টে নতুন বছরে গেইমটিতে ওয়াল্টার হোয়াইটের চরিত্র আত্মপ্রকাশের ‘জ্বলন্ত আশা’ জাগিয়েছেন গেইমের জ্যেষ্ঠ চরিত্র শিল্পী ড্যান এডার। গেইমটির নির্মাতা প্লেয়ার ফার্স্ট গেইমের এক পোস্টেও এর ইঙ্গিত মিলেছে, যেখানে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তারা ‘বড় চমক’ আনার প্রতিশ্রুতি দিয়েছে।

মাল্টিভার্সাস গেইমে ওয়াল্টার হোয়াইটের চরিত্র সংযোজনের বিষয়টি অবশ্য স্পষ্টভাবে উল্লেখ করেননি এডার। তার বার্তায় অস্পষ্টতার পাশাপাশি কোনো প্রতিশ্রুতিও দেওয়া হয়নি। তবে, ভক্তরা এর বিষয়ে মোটামুটি নিশ্চিত বলে প্রতিবেদনে উল্লেখ করেছে গেইমিং র‍্যান্ট।

প্রতিবেদন অনুযায়ী, এটি ব্যাখ্যা করার সুযোগও কম। কারণ, এডার এমন এক ভক্তের অ্যাকাউন্টে জবাব দিয়েছেন, যা ওয়াল্টার হোয়াইটের চরিত্র মাল্টিভার্সাস গেইমে সংযোজনের উদ্দেশ্যে তৈরি। এর ফলে, নিজস্ব বক্তব্য থেকে ফিরে আসা এডারের জন্য জটিলই হবে।

গেইম নির্মাণ আসলে অনেক জটিল একটি বিষয়। আর এডার একজন ‘কনসেপ্ট আর্টিস্ট’ হলেও তিনি মাল্টিভার্সাস গেইমের পরিচালক নন।

গেইমের নির্মাতা চরিত্রটি নিয়ে আসলেই কাজ করছে কি না, ওই বিষয়ে এডারের ধারণা থাকলেও, তার মানে এই নয় যে চরিত্রটির কাজ শেষ হয়ে গেছে বা ওয়ার্নার ব্রাদার্সের কাছ থেকে গেইমে ওয়াল্টার হোয়াইটের চরিত্র সংযোজনের অনুমোদন মিলেছে। অন্য কথায়, এডার যদি সত্যিই ২০২৩ সালে ওয়াল্টার হোয়াইটের চরিত্র আনার পরিকল্পনার কথা বলে থাকেন, তবে এর মধ্যেও অনেক ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়।

এটি বাস্তবায়নে সকল ভক্তকে গেইমের নির্মাতা প্লেয়ার ফার্স্ট গেইমসের কাছে অনুরোধ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে গেইমিং র‍্যান্ট। এর উপায় হিসেবে ওয়াল্টার হোয়াইট সম্পর্কিত বিভিন্ন কৌতুক তৈরি ও মিম শেয়ারের পাশাপাশি মাল্টিভার্সাস গেইম খেলে ভক্তরা কী চায়, ওই বার্তা নির্মাতার কানে পৌঁছে দেওয়ার কথাও বলছে সাইটটি।