১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

আরও পেছাল স্টারলাইনারে নভোচারীদের ফিরতি যাত্রা

৫ জুন স্টারলাইনারে যাত্রা শুরু করার একদিন পরই আইএসএস-এ পৌঁছেছিলেন নাসার দুই নভোচারী, যেখানে তাদের থাকার কথা ছিল মাত্র এক সপ্তাহ বা তার কিছু বেশি সময়।

আরও পেছাল স্টারলাইনারে নভোচারীদের ফিরতি যাত্রা
ছবি: নাসা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 03:51 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা বোয়িংয়ের নভোযান স্টারলাইনার যাত্রীদের নভোচারীদের ফেরার দিনক্ষণ সম্প্রতি আরও পিছিয়েছে।

স্টারলাইনারে করে আইএসএস-এ পাড়ি জমিয়েছিলেন নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। তবে, তাদেরকে সম্ভবত জুলাই মাস পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই থাকতে হবে।

এর আগে, নভোচারীদের পৃথিবীতে ফেরার নির্ধারিত সময় ছিল ১৪ জুন। এর পর সে পরিকল্পনা পিছিয়ে ২৬ জুন করা হলেও সেই তারিখও পিছিয়ে গেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

২১ জুন এক ব্লগ পোস্টে নাসা ঘোষণা দেয়, তারা নভোচারীদের ফিরে আসার তারিখ আরও পিছিয়েছে, যেখানে এ অতিরিক্ত সময় তারা স্টারলাইনারের ফ্লাইট চলাকালীন উঠে আসা বিভিন্ন সমস্যা আরও খতিয়ে দেখার সুযোগ পাবেন। আর এখন পর্যন্ত মহাকাশযানটির ফিরে আসার কোনো তারিখ নির্ধারিত হয়নি।

৫ জুন স্টারলাইনারে যাত্রা শুরু করার একদিন পরই আইএসএস-এ পৌঁছেছিলেন নাসার দুই নভোচারী, যেখানে তাদের থাকার কথা ছিল মাত্র এক সপ্তাহ বা তার কিছু বেশি সময়।

তবে, ২৪ ঘণ্টার এই ফ্লাইটে মহাকাশযানটি থেকে চারবার হিলিয়াম ছিদ্র দিয়ে বের হয়ে যাওয়ার পাশাপাশি এর ২৮টি সক্রিয় থ্রাস্ট্রারের পাঁচটি বন্ধ হয়ে গিয়েছিল, যার মধ্যে সে সময় চারটি থ্রাস্ট্রার চলমান রাখতে সক্ষম হয়েছিল বোয়িং। উৎক্ষেপণের কিছুদিন পর নাসা জানায়, তাদের গবেষণা দলটি রকেটের সার্ভিস মডিউলে থাকা ভালভের সমস্যাটি খতিয়ে দেখছে, যা ‘ঠিকভাবে বন্ধ হয়নি’।

এরইমধ্যে গত সপ্তাহে একাধিকবার ফিরতি যাত্রার তারিখ পিছিয়েছে মার্কিন এ মহাকাশ গবেষণা সংস্থাটি। এমনকি ২৬ জুন মহাকাশযানটি অবতরণ করার যে পরিকল্পনা ছিল, সেটিও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

নাসা বলছে, ২৪ জুন ও ২ জুলাই আইএসএস-এ পরিকল্পিত স্পেসওয়াক শেষ হওয়ার আগ পর্যন্ত স্টারলাইনারের ফেরা হবে না।