ইরানে একশ স্টারলিংক সক্রিয়: ইলন মাস্ক
সেপ্টেম্বর মাসে নীতি পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী মাশা আমিনির মৃত্যুর পর থেকেই বিক্ষোভ চলছে ইসলামীক প্রজাতন্ত্র দেশটিতে।
ইরানে প্রায় একশ স্টারলিংক স্যাটেলাইট কাজ করছে বলে দাবি করেছেন স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।
সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পরপরই টুইট করে দেশটিতে স্টারলিংক সেবা চালু করার কথা বলেছিলেন মাস্ক; সে ঘোষণার তিন মাস পর সোমবারে মাস্ক টুইট করেছেন, “ইরানে সক্রিয় স্টারলিংকের সংখ্যা একশ ছুঁতে চলেছে।”
সেপ্টেম্বর মাসেই এই ধনকুবের বলেছিলেন, ইরানের নাগরিকদের জন্য ‘ইন্টারনেট স্বাধীনতাকে এগিয়ে নেওয়া এবং তথ্যের মুক্ত প্রবাহ’ নিশ্চিত করতে মার্কিন সরকার সমর্থিত প্রচেষ্টার অংশ হিসেবে ইরানে স্টারলিংক সেবা চালু করবেন তিনি।
সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দেশের ইন্টারনেট সংযোগ ব্যবস্থার ওপর নানা বিধিনিষেধ আরোপ করে বিক্ষোভকারীদের যোগাযোগ ও সংগঠিত হওয়ার পথ বন্ধ করার চেষ্টা করেছে ইরান সরকার।
দেশটির সরকারের এই সাইবার বিধিনিষেধ পাশ কাটাতে ইরানের বিক্ষোভকারীদের সহযোগিতা করছে স্পেসএক্সের স্টারলিংক সেবা।
সেপ্টেম্বর মাসে নীতি পুলিশ হেফাজতে ২২ বছর বয়সী মাশা আমিনির মৃত্যুর পর থেকেই বিক্ষোভ চলছে ইসলামীক প্রজাতন্ত্র দেশটিতে। হিজাব ঠিকমত না পরার অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন মাশা আমিনি।
