২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলাপ এগিয়ে রাখতে ব্যবহারকারীর কথা রাতে ‘ভাববে’ চ্যাটজিপিটি

এআই সিস্টেমটিতে ‘পালস’ নামের এক নতুন ফিচার রয়েছে, যা রাতভর কাজের পাশাপাশি ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় নতুন তথ্য খুঁজে বের করবে।

আলাপ এগিয়ে রাখতে ব্যবহারকারীর কথা রাতে ‘ভাববে’ চ্যাটজিপিটি
পদক্ষেপটির মাধ্যমে চ্যাটজিপিটির ভেতরে বিজ্ঞাপন দেখানোর সুযোগও তৈরি করতে পারে ওপেনএআই। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 08:35 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

সকাল থেকে ব্যবহারকারীর সঙ্গে কথোপকথন বা আলাপচারিতা শুরুর জন্য এখন রাতভর তার কথাই ভাববে এআই চ্যাটবট চ্যাটজিপিটি।

এআই সিস্টেমটিতে ‘পালস’ নামের এক নতুন ফিচার রয়েছে, যা রাতভর কাজ করবে এবং ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় নতুন তথ্য খুঁজে বের করবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

এ উদ্যোগের মাধ্যমে চ্যাটজিপিটিকে আরও সক্রিয় করে তোলা হচ্ছে, যেন বটটি কেবল ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়াতেই সীমাবদ্ধ না থেকে নিজ থেকেই কথা বলা শুরু করতে পারে।

ফিচারটি ব্যবহারকারীদের সম্পর্কে থাকা তথ্য, যেমন আগের বিভিন্ন চ্যাটিং ও সেগুলোতে দেওয়া ফিডব্যাক এবং সংযোগওয়ালা অ্যাপ যেমন ক্যালেন্ডার থেকে নেওয়া তথ্য ব্যবহার করবে।

এদিকে, ব্যবহারকারীরাও ‘পালস’ ফিচারের মাধ্যমে সংগৃহীত তথ্য সম্পর্কে মতামত বা ফিডব্যাক দিতে পারবেন, যা চ্যাটজিপিটিকে আরও উপযোগী তথ্য সাজিয়ে উপস্থাপন করতে সাহায্য করবে।

চ্যাটজিপিটির মধ্যে এ সিস্টেমটি এক সেট কার্ডের ভিত্তিতে তৈরি, যেখানে ব্যবহারকারীরা চাইলে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন। যেমন– কোনো আসন্ন মিটিং সম্পর্কে তথ্য বা ক্যালেন্ডারে থাকা কোনো ভ্রমণ পরিকল্পনার জন্য সম্ভাব্য সময়সূচির প্রস্তাব এসব কার্ডে থাকতে পারে।

কোম্পানিটি জোর দিয়ে বলেছে, ফিচারটি এমন নয় যে, মানুষ বিরতিহীনভাবে স্ক্রল করতে বা অ্যাপেই লেগে থাকবেন। এক্ষেত্রে ব্যবহারকারী যদি নিজে থেকে সেগুলো সংরক্ষণ বা সেইভ করে না রাখেন তবে প্রতিদিনের বিভিন্ন আপডেট কেবল ওই দিনই দেখা যাবে।

বর্তমানে ফিচারটি কেবল চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন ‘প্লাস’ ব্যবহারকারীদের জন্যই চালু রয়েছে, যার জন্য নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয়।

ওপেনএআই বলেছে, ভবিষ্যতে আরও উন্নত হবে ফিচারটি এবং ব্যবহারকারীরা যেভাবে এর সঙ্গে যোগাযোগ করবেন, সেই অনুসারে ধীরে ধীরে পরিবর্তিতও হবে এটি। এ ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারে একদম নতুন ধরনের অভিজ্ঞতা পাবেন ব্যবহারারীরা।

কোম্পানিটি বলেছে, “পালস হল এআইয়ের সঙ্গে যোগাযোগের এক নতুন ধারার পথে প্রথম পদক্ষেপ।

“কথোপকথন, মেমোরি ও সংযোগওয়ালা বিভিন্ন অ্যাপের সমন্বয়ের মাধ্যমে কেবল প্রশ্নের উত্তরদাতা থেকে এগিয়ে গিয়ে এমন এক সক্রিয় সহকারী হয়ে উঠছে চ্যাটজিপিটি, যেখানে আপনার পক্ষ থেকে কাজ করতে পারবে এটি।

“সময়ের সঙ্গে সঙ্গে আমরা এমন এআই সিস্টেম কল্পনা করছি, যা আপনার নির্দেশনা অনুযায়ী গবেষণা, পরিকল্পনা করতে ও প্রয়োজনে সহায়ক বিভিন্ন কাজ করে দিতে পারবে, এমনকি আপনি সরাসরি কিছু জিজ্ঞেস না করলেও।”

পদক্ষেপটির মাধ্যমে চ্যাটজিপিটির ভেতরে বিজ্ঞাপন দেখানোর সুযোগও তৈরি করতে পারে ওপেনএআই। বর্তমানে বিনামূল্যে অ্যাপ ব্যবহার করেন এমন ব্যবহারকারীদের থেকে কোনো আয় করে না কোম্পানিটি। 

বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, বিজ্ঞাপনকে সম্ভাব্য আয়ের উৎস হিসেবে বিবেচনা করছে ওপেনএআই, যাতে প্ল্যাটফর্ম থেকে রাজস্ব বাড়ানো যায়।