১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ প্রকল্পের জন্য স্যাটেলাইট বানাবে স্পেসএক্স

গোল্ডেন ডোম প্রকল্প ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর স্পেসএক্সের স্যাটেলাইট নেটওয়ার্ককে অন্যান্য সামরিক কাজে ব্যবহারের পরিকল্পনা করছে।

ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ প্রকল্পের জন্য স্যাটেলাইট বানাবে স্পেসএক্স
গত বছরের মে মাসে ট্রাম্প গোল্ডেন ডোম প্রকল্পের ঘোষণা দেন। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 05:18 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

ইলন মাস্কের স্পেসএক্স যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে প্রায় দুইশ কোটি ডলারের একটি বড় চুক্তি পেতে যাচ্ছে। এই চুক্তির আওতায় কোম্পানিটি প্রায় ছয়শ স্যাটেলাইট তৈরি করবে। 

স্যাটেলাইটগুলো আকাশে উড়ে চলা মিসাইল ও বিমান শনাক্ত ও ট্র্যাক করতে পারবে। এগুলো মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ প্রকল্পে ব্যবহার করা হবে বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। 

গত বছরের মে মাসে ট্রাম্প এই গোল্ডেন ডোম প্রকল্পের ঘোষণা দেন। প্রকল্পটির মূল লক্ষ্য এমন একটি অ্যান্টি-মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করা যা শত্রুপক্ষের ছোড়া মিসাইল লক্ষ্যভেদ করার আগেই সেটিকে প্রতিরোধ করতে পারবে।

এই প্রকল্পের ধারণা অনেকটা ইসরায়েলের ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার মত। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এখনো এই প্রকল্পের সুনির্দিষ্ট নকশা বা কারিগরি পরিকল্পনা প্রকাশ করেনি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে, প্রকল্পটির ব্যাপ্তি ও গুরুত্ব এত বড় যে স্পেসএক্সের দুইশ কোটি ডলারের এই চুক্তি সম্ভবত এর শুরু মাত্র।

অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ এবং প্যালান্টির টেকনোলজিসের মত প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানিগুলোকেও এই প্রকল্পে যুক্ত করার কথা ‘ভাবছে’ যুক্তরাষ্ট্র সরকার।

ট্রাম্প প্রশাসনের ইচ্ছা, তার প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই গোল্ডেন ডোম প্রকল্পের প্রাথমিক কাজ সম্পন্ন করা হবে।

গোল্ডেন ডোম প্রকল্প ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর স্পেসএক্সের স্যাটেলাইট নেটওয়ার্ককে অন্যান্য সামরিক কাজে ব্যবহারের পরিকল্পনা করছে। এর মধ্যে থাকবে সামরিক যোগাযোগ, যানবাহন ট্র্যাকিং এবং অন্যান্য প্রতিরক্ষা কার্যক্রম।

বর্তমানে স্পেসএক্সের স্টারলিংক প্রকল্পের অধীনে পৃথিবীর কক্ষপথে আট হাজারেরও বেশি স্যাটেলাইট রয়েছে। এই স্যাটেলাইটগুলো মূলত বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা দিতে ব্যবহার করা হচ্ছে, তবে এখন এগুলোকে সামরিক ও নিরাপত্তা খাতেও কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।