Published : 28 Dec 2025, 12:03 PM
ফেব্রুয়ারিতে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এআই মেমোরি চিপ তৈরির কাজ শুরু করছে দক্ষিণ কোরিয়ার বিশাল বহুজাতিক কোম্পানি স্যামসাং।
এসব চিপ মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার ‘রুবিন’ নামের পরবর্তী প্রজন্মের এআই অ্যাক্সিলারেটর সিস্টেমে ব্যবহৃত হবে, যা ২০২৬ সালের শেষার্ধে বাজারে আসবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট স্যামমোবাইল।
এনভিডিয়ার কাছে পঞ্চম প্রজন্মের ‘হাই-ব্যান্ডউইথ মেমোরি৩ই’ নামের চিপ বিপুল পরিমাণে সরবরাহের সুযোগ হারানোর পর এবার নড়েচড়ে বসেছে স্যামসাং। ষষ্ঠ প্রজন্মের ‘হাই-ব্যান্ডউইথ মেমোরি৪’ চিপের ক্ষেত্রে যেন একই সমস্যার মুখে পড়তে না হয় তা নিশ্চিত করতে চাইছে কোম্পানিটি।
সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকেই নিজেদের এই নতুন চিপের উৎপাদন ব্যাপকহারে শুরু করবে স্যামসাং।
এনভিডিয়ার গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে স্যামসাংয়ের ‘হাই-ব্যান্ডউইথ মেমোরি৪’ চিপ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিজেদের পিয়ংট্যাক কারখানায় এসব চিপের উৎপাদন শুরু করবে স্যামসাং।
একই সময়ে ‘হাই-ব্যান্ডউইথ মেমোরি৪’ চিপ তৈরির পরিকল্পনা শুরু করছে স্যামসাংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা ‘এসকে হাইনিক্স’ও।
‘এসকে হাইনিক্স’ নিজেদের ‘হাই-ব্যান্ডউইথ মেমোরি৪’ চিপের বেইস ডাই-এর জন্য ১২ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিলেও নতুন চিপে ১০ ন্যানোমিটারে প্রযুক্তি ব্যবহার করেছে স্যামসাং।
কোম্পানিটির এসব চিপের পারফরম্যান্স বা কার্যসক্ষমতা বেশি শক্তিশালী। নিজেদের অভ্যন্তরীণ পরীক্ষায় এই চিপে ১১ দশমিক ৭ জিবিপিএস পর্যন্ত গতি তুলতে পেরেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
স্যামসাং ও এসকে হাইনিক্স উভয়েরই আগামী বছরের জন্য নির্ধারিত সব হাই-ব্যান্ডউইথ মেমোরি চিপ এরইমধ্যে অগ্রিম বিক্রি হয়ে গিয়েছে। ফলে এখন মরিয়া হয়ে যত বেশি সম্ভব চিপ সংগ্রহের চেষ্টা করছে বিভিন্ন এআই কোম্পানি।
চিপের এই চলমান সংকট মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজন, সার্চ জায়ান্ট গুগল, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ও চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের মতো বিভিন্ন কোম্পানির উৎপাদন কাজে বড় ধরনের বাধা তৈরি করতে পারে।
আর, এসব চিপ বিক্রির মাধ্যমে কয়েক শত কোটি ডলার আয় করবে স্যামসাং।