২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দার পুঁজিবাজারে এবার জেমিনির পালে হাওয়া

এ কোম্পানির দুই জন উদ্যোক্তা পরিচালক ২ লাখ ২২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই বাড়ছে দাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 03:18 PM

Updated : 05 Apr 2023, 03:18 PM

এক বছরের বেশি সময় ধরে মন্দা চলা পুঁজিবাজারে বিভিন্ন সময়ে একেক কোম্পানির শেয়ারে অস্বাভাবিক যে উত্থান দেখা যাচ্ছে, সেই ধারাবাহিকতায় এবার বাড়ছে খাদ্য খাতের কোম্পানি জেমিনি সি ফুডের শেয়ারের দাম।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কোনো রকমে তার অবস্থান ধরে রাখার দিন এ কোম্পানির শেয়ারদর বেড়েছে ৪৬ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ। এক দিনে এর চেয়ে বেশি বাড়া সম্ভব ছিল না।

কেবল ছয় কর্মদিবসে এ কোম্পানির শেয়ার দর ৪৫৬ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬৬৫ টাকা। দাম বেড়েছে ৪৫ দশমিক ৬০ শতাংশ।

২০২১ সালের জুনে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার আগে ১৪৪ টাকায় এ কোম্পানির শেয়ারের ক্রেতা ছিল না। তবে সে বছর কোম্পানি ছিল লোকসানে। পরের দুই বছরে মুনাফার মুখ দেখেছে। চলতি অর্থবছরে অর্ধবার্ষিকে শেয়ার প্রতি ৭ টাকা ১০ পয়সা আয় দেখিয়েছে কোম্পানি।

৬ কোটি ১০ লাখ টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির শেয়ার সংখ্যা ৬১ লাখ ৫ হাজার ২০৬টি। সম্প্রতি চিংড়ি রপ্তানির জন্য জার্মানির একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে জেমিনি। আর এর দুই জন উদ্যোক্তা পরিচালক ২ লাখ ২২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই বাড়ছে দাম।

এই দাম বৃদ্ধির বিষয়ে কোম্পানির কাছে জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে নোটিস করেছিল, তার জবাবে জেমিনি বলেছে, তাদের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য জানা নেই।

জেমিনির চেয়ে বেশি দর বেড়েছে লোকসানি কোম্পানি ইনটেক অনলাইনের। আগের দিন দরপতনের শীর্ষ তালিকায় থাকা এই কোম্পানির দরও দিনের দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা ছুঁয়েছে।

৯.৮৩ শতাংশ বেড়ে ২৪ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে দর দাঁড়িয়েছে ২৬ টাকা ৮০ পয়সায়। এ কোম্পনিও জেমিনির মতই স্বল্প মূলধনী, যার লভ্যাংশের হার বেশি নয়।

মন্দা পুঁজিবাজারে এ ধরনের কোম্পানিগুলোর শেয়ারদরই কেবল লাফাচ্ছে। সবচেয়ে বেশি দর বেড়েছে এমন ১০টি কোম্পনির মধ্যে সাতটিই স্বল্প মূলধনী। এর মধ্যে তিনটি আবার লোকসানী।

এর মধ্যে ইনটেক ও জেমিনি ছাড়া অন্যগুলোর মধ্যে অর্ধবার্ষিকে শেয়ার প্রতি ৪ টাকা ৭১ পয়সা লোকসান দেওয়া রহিম টেক্সটাইলের দর ৯.৭৩ শতাংশ, স্বল্প মূলধনী সোনালী আঁশের দর ৮.০৩ শতাংশ, আমরা নেটওয়ার্কের দর ৬.৭৩ শতাংশ, নতুন তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংকের দর ৫.৮৮ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের দর ৫.৫০ শতাংশ, লোকসানি ইমাম বাটন ও জেনেক্স ইনফোসিসের দর ৪.২২ শতাংশ করে এবং আরেক স্বল্প মূলধনী এএমসিএল প্রাণের দর বেড়েছে ৩.৭৬ শতাংশ।

শীর্ষ দশের বাইরে আরও একটি কোম্পানির তিন শতাংশের বেশি, সাতটির দর ২ শতাংশের বেশি, ১৩টির দর এক শতাংশের বেশি বেড়েছে। 

সব মিলিয়ে বেড়েছে ৫২টি কোম্পানির দর, কমেছে ৬৪টির। আগের দিনের দরে হাতবদল হয়েছে ১৯০টি কোম্পানি, যেগুলো ফ্লোর প্রাইসে হাতবদল হয়েছে। আর ৮৩টি কোম্পানির একটি শেয়ারও হাতবদল হয়নি।

লেনদেন আগের দিন ছয়শ কোটি টাকা ছাড়ালেও এবার তা নেমে এসেছে পাঁচশ কোটির দরে। সব মিলিয়ে হাতবদল হয়েছে ৫২৭ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার টাকা, যা আগের দিন ছিল ৬৪৬ কোটি ৪৫ হাজার টাকা।

লেনদেনের ২৬.৬৫ শতাংশই হয়েছে তথ্যপ্রযুক্তি খাতে। হাতবদল হযেছে ১১৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। এই খাতের ১১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭টির, কমেছে দুটির, অপরিবর্তিত ছিল একটির দর।

দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে খাদ্য খাতে। সাতটি কোম্পানির দর বেড়েছে, কমেছেও সমান সংখ্যক, অপরিবর্তিত ছিল ছয়টির দর।

অন্য কোনো কোনো খাতে ৫০ কোটি টাকার বেশি লেনদেন হয়নি।

দর বৃদ্ধির শীর্ষ থেকে পতনের শীর্ষ তালিকায়

দরপতনের শীর্ষ তালিকায় ছিল এমন সব কোম্পানি, যেগুলো আগের দুই দিনে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দেখা গেছে।

সবচেয়ে বেশি ৭.১৬ শতাংশ দর হারিয়েছে সমতা লেদার। সোমবার ১০ শতাংশ দর বেড়ে ৭০ টাকা থেকে ৭৭ টাকায় উঠে যাওয়া সমতা লেদারের শেয়ারদর দুই দিনে আবার ৭০ টাকায় নেমে গেছে।

সোমবার দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা ছুঁয়ে লেনদেন হওয়া ইউনিয়ন ক্যাপিটালের দর যতটা বেড়েছিল, পরের দুই দিনে কমেছে তার চেয়ে বেশি। ৪.৯৩ শতাংশ কমে এটি দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে ছিল।

এছাড়া বিডি ওয়েল্ডিংয়ের দর ৪.০১ শতাংশ, জিকিউ বলপেনের দর ৩.৯৩ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের দর ৩.৯২ শতাংশ, ন্যাশনাল ফিডমিলসের দর ৩.৭৭ শতাংশ, ফাইন ফুডসের দর ৩.৬৪ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের দর ৩.৫৭ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের দর ৩.০৩ শতাংশ এবং বিডি অটোকারের দর ২.৮৯ শতাংশ কমেছে।

শীর্ষ দশের বাইরে আরও ১০টি কোম্পানির দর ২ শতাংশের বেশি, ১৮টির দর কমেছে এক শতাংশের বেশি।