২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ‘সবচেয়ে দুঃসময়ে’ বাটা

মহামারীর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক বাটা শু; যে কারণে বাংলাদেশে ব্যবসার ইতিহাসে সর্বোচ্চ লোকসানে পড়েছে কোম্পানিটি।

ফারহান ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2021, 08:20 PM

Updated : 10 Oct 2022, 06:00 PM

পুরনো খবর:

মহামারীতে বড় ধাক্কা খেল বাটা সু
বাটার লভ্যাংশে মহামারীর ধাক্কা

দেশে গত বছর করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়লে বহুজাতিক কোম্পানিটি বড় ক্ষতির মুখে পড়ে, যা থেকে চলতি বছরেও বের হতে পারেনি তারা।

বিক্রিতে ধস নামায় টানা লাভের মধ্যে থাকা কোম্পানিটি ২০২০ হিসাব বছর শেষে মোট লোকসান করেছে ১৩২ কোটি ৬১ লাখ টাকা।

স্বাধীনতার আগে থেকে বাংলাদেশে আলাদা কোম্পানি খুলে ব্যবসা পরিচালনাকারী কোম্পানিটি সব সময় লাভেই মধ্যেই ছিল।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ২০২০ সালে শেয়ারপ্রতি ৯৬ টাকা ৯৪ পয়সা লোকসানের তথ্য দিয়েছে বাটা শু বাংলাদেশ।

বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের মার্কেটিং ম্যানেজার ইফতেখার মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে ব্যবসা শুরুর পর থেকে বাটা শু কখনও এতটা খারাপ করেনি। প্রতিবছরই বিক্রি বেড়েছে।

“এর আগে কোনো বছর আগের বছরের চেয়ে ন্যুনতম ৫ শতাংশ বিক্রি কমেছে এমন নজির নেই, যা এবার দেখা গেছে। এমন দুঃসময়ে কোম্পানি পড়েনি কখনও।“

বাটা শু এর কোম্পানি সচিব হাশিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বাটা শু কোম্পানি ৪১ শতাংশ আয় কম করেছে। আগের বছরের তুলনায় এতটা খারাপ বাটা শু বাংলাদেশে আর কোনো দিন করেনি।”

রেকর্ড পরিমাণ ব্যবসা খারাপ করলেও বিনিয়োগকারীদের একেবারে হতাশ করেনি জুতার জন্য বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত ব্র্যান্ডটি।

২০২০ হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে দেশের পুঁজিবাজারে চামড়া খাতে তালিকাভুক্ত কোম্পানিটি। ২০১৯ সালে ১২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

আর্থিক সূচকে এই খারাপ অবস্থা চলতি বছরেও অব্যাহত রয়েছে। জানুয়ার-মার্চ প্রান্তিকেও বহুজাতিক কোম্পানিটি বড় লোকসান করেছে।

বছরের প্রথম প্রান্তিকে প্রতিশেয়ারে ৩ টাকা ৫৮ পয়সা লোকসান (ইপিএস) দেখিয়েছে কোম্পানিটি।

করোনাভাইরাস প্রকোপের ঠিক আগে গত বছর এসময় তাদের প্রতিশেয়ারে মুনাফা ছিল ২ টাকা ৭ পয়সা।

ডিএসইর ওয়েবসাইটে দেওয়া ঘোষণাতেও বাটা শু জানিয়েছে, বাংলাদেশে তাদের ব্যবসার ইতিহাসে ২০২০ সালে সবচেয়ে খারাপ বছর পার করেছে।

এর আগে আর কোনো বছর আগের বছরের তুলনায় তাদের আয় ৪১ শতাংশ কমেনি।

২০১৯ সালে বছরজুড়ে বাটা শু মোট পণ্য বিক্রি করেছিল ৮৫৭ কোটি ৩৫ লাখ টাকা। আর ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিক্রির পরিমাণ ছিল ৩৪৪ কোটি ৭৮ লাখ টাকা। বছরের বাকি তিন মাসে বিক্রি খুব বেশি বৃদ্ধি পাওয়ার প্রভাব দেখা যায়নি বছর শেষের আর্থিক প্রতিবেদনে।

বাংলাদেশে বাটা শু স্বাধীনতার আগে থেকেই ব্যবসা করছে।

বহুজাতিক কোম্পানিটি কারণ হিসেবে বিনিয়োগকারীদের অবহিত করেছে, লকডাউনের কারণে ২০২০ সালে দুটি ঈদ, পুজা ও পহেলা বৈশাখের উৎসবগুলোতে তাদের তেমন বিক্রি হয়নি।

অন্যান্য বছরে এসব উৎসব থেকেই তাদের মোট আয়ের ৩০ শতাংশ আসত। মুনাফার বড় অংশের যোগানও দিত এই সময়ের বিক্রি।

গত বছর তাদের ৭৭ শতাংশ ডিলার খারাপ করেছে বলে জানিয়েছে কোম্পানিটি।

বিষয়টির ব্যাখ্যা করে কোম্পানি সচিব হাশিম রেজা বলেন, “বাটা শু অনেক বড় একটা কোম্পানি। খুব সহজে কিন্তু বড় কোম্পানিতে কোনো পরিবর্তন করা যায় না। বাংলাদেশে যেটা হয়েছে করোনাভাইরাসের কারণে জুতার বিক্রি অনেক কমে গেছে।

“মানুষ আসলে এখন জুতাই কিনতে চাচ্ছে না। মানুষ কখন জুতা কেনে? যখন মানুষের মন মেজাজ ভালো থাকে, তখন মানুষ একটিু শপিং করে জুতা কেনে। কিন্তু মানুষের এখন জান নিয়েই টানাটানি।“

মানুষ এখন ঘর থেকেই বের হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, “এই অবস্থায় মানুষ জুতো কিনবে না। ঘরে চাল না থাকলে চাল কিনতে হবে কিন্তু জুতা না থাকলেও, না কিনলেও হয়ত চলবে। এই কারণে বাট সু কোম্পানির এই অবস্থা হয়েছে।”

তবে করোনাভাইরাস কমে গেলে ব্যবসা ভালো হবে বলে আশা তার।

তিনি বলেন, “এখন করোনাভাইরাস যদি আরে না বাড়ে তাহলে আমরা আস্তে আস্তে আরো রিকভার করব।”

লোকসান ও লভ্যাংশের খবরের দিনে বাটা শু এর শেয়ারের দাম ছিল অপরিবর্তত।

অনেকদিন ধরেই শেয়ারের দাম ফ্লোর প্রাইস ৬৯৩ টাকা ২০ পয়সায় আটকে আছে।

সর্বশেষ আথিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সাল শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ২৬৭ টাকা ৯৪ পয়সা। শেয়ারপ্রতি নগদ প্রবাহ নেমে এসেছে মাত্র ২ টাকা ২৬ পয়সায়।

২০১৯ সালে যা ছিল যথাক্রমে ৩৬৪ টাকা ৬৫ পয়সা এবং ৬৮ টাকা ৬৬ পয়সা।

মহামারীতে কোম্পানিটির বিক্রি কমতে থাকে গতবছর মার্চ প্রান্তিকের পর থেকেই।

২০১৯ সালের প্রথম নয় মাসে যেখানে বিক্রি করেছিল ৬২৮ কোটি ৪০ লাখ টাকা। ২০২০ সালের প্রথম নয় মাসে তা নেমে আসে ৩৪৪ কোটি ৭৮ লাখ টাকায়।

২০২০ সালের প্রথম নয় মাসে আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ কম বিক্রি জুতা ও অন্যান্য পণ্য বিক্রি করেছে।

২০১৯ সালে সারা বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা-ইপিএস ছিল ৩৬ টাকা ১১ পয়সা।

অথচ ২০২০ সালে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৬ টাকা ৯৪ পয়সা। সে হিসাবে মুনাফা ৩৬৮ শতাংশ কমেছে।

১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

পুঁজিবাজারে কোম্পানিটির ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার শেয়ার আছে। এর মধ্যে ৭০ শতাংশ আছে পরিচালকদের হাতে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৯ দশমিক ৪১ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে দশমিক ১ দশমিক ৮১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৮ দশমিক ৭৮ শতাংশ শেয়ার আছে।

বাটা শু এর বর্তমান বাজার মূলধন ৯৪৮ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১৩ কোটি ৬৮ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৪৭৯ কোটি ১০ লাখ টাকা।