লোকসানে বিনিয়োগকারীরা
সপ্তাহ জুড়ে দেশের পুঁজিবাজারে মূল্য সূচকে ছিল কিছুটা নিম্নমুখী প্রবণতা; ঝুঁকির মাত্রাও ছিল অপেক্ষাকৃত বেশি। সেই সঙ্গে বেশিরভাগ বিনিয়োগকারীকে গুণতে হয়েছে লোকসান।
পুঁজিবাজার গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব (আরআইএল) এর গবেষণায় গত সপ্তাহের বাজারের এ চিত্র উঠে এসেছে।
সাপ্তাহিক বাজার বিশ্লেষণ থেকে দেখা গেছে, বিনিয়োগকারীদের অংশগ্রহণ তুলনামূলক বেশি ছিল, যা ২১.৫৭% লেনদেন বৃদ্ধি থেকে দৃশ্যমান।
আরআইএল বলছে, মূলত বাজারে লেনদেন বৃদ্ধিতে অবদান রেখেছে বিনিয়োগকারীদের বিক্রির চাপ।
গত সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় গড় বাজার মূলধন হ্রাস পেয়েছে ১.২৫%, বাজার মূলধন হ্রাসের সঙ্গে হাওলা ২৮.৫৭% বেড়েছে।
যা থেকে বোঝা গেছে, গত সপ্তাহে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রির মাধ্যমে বাজার থেকে মূলধন তুলে নিয়েছেন।
মাপকাঠি | চলতি সপ্তাহ | গত সপ্তাহ | পরিবর্তন |
ডিএসসিএক্স সূচক | ৪৪৪৬.২৯ | ৪৩৭০.৫০ | -১.৭০% |
গড় বাজার মূলধন (কোটি টাকা) | ৩০৫৮৩০.৮৪ | ৩০৯৬৯৩.৭৯ | -১.২৫% |
মোট লেনদেন (কোটি টাকা) | ১৮৩৮.৭৪ | ১৫১০.৩৯ | ২১.৫৭% |
মোট পরিমাণ (কোটি টাকা) | ৫৮.৬০ | ৪৩.৯০ | ৩৩.৪৯% |
মোট হাওলা | ৪৯৯২৬৮ | ৩৮৮৩২৬ | ২৮.৫৭% |
মুনাফা-ঝুঁকি অনুপাত | -৩.৭৪ | -২.০১ | -৮৫.৮৬% |
সূত্রঃ রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব (আরআইএল), রয়্যাল ক্যাপিটাল লিমিটেড
আরআইএল বলছে, গত সপ্তাহে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ থেকে সুবিধা তো করতেই পারেননি বরং তাদের মধ্যে অনেকেই লোকসানের শিকার হয়েছেন।
গবেষণায় দেখা যাচ্ছে, গেল সপ্তাহে গড়ে প্রতি ইউনিট ঝুঁকি গ্রহণের বিপরীতে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে ৩.৭৪। ফলে, এটি পরিষ্কার বোঝা যায় যে বাজারের অবস্থা কিছুটা দুর্বল।
এ সপ্তাহে প্রধান মূল্যসূচক ১.৭০% (৭৫.৭৯ পয়েন্ট) হ্রাস পেয়েছে এবং বাজার ঝুঁকির মাত্রা ছিল ০.৪৬%।
বাজারের অ্যাডভান্সড-ডিক্লাইন (এডি) রেশিও ০.৯২ থেকে ০.৯১ তে পরিণত হয়েছে, যা থেকে বোঝা যায় বাজারে নিম্নমুখিতা ঊর্ধ্বমুখীর তুলনায় বেশি ছিল।
গত সপ্তাহে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বাজার মূলধন মোট বাজার মূলধনের ৩৩.৩২% থেকে কমে দাঁড়ায় ৩৩.০৬%। অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমেছে।
খাত ভিত্তিক বিশ্লেষণ
গত সপ্তাহে পেপার ও প্রিন্টিং (১৬০.০০) ও জুট (১৪৬.২০) খাতে ছিল সর্বাধিক পি-ই রেশিও, যা এ দুটি খাতের কোম্পানিগুলোর মুনাফার তুলনায় তাদের শেয়ারের উচ্চ চাহিদাকে নির্দেশ করে।
বিনিয়োগকারীদের জন্য লক্ষণীয়, গেল সপ্তাহে জুট এবং পেপার ও প্রিন্টিং উচ্চ পি-ই রেশিও দেখালেও এই খাতের শেয়ারগুলো বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারেনি, বরং লোকসানের মুখোমুখি করেছে।
ফলে এই দুটি খাতের শেয়ার কেনার ব্যাপারে বিনিয়োগকারীদের উচ্চমাত্রার সাবধানতা অবলম্বন করা উচিৎ বলে মনে করে আরআইএল।
তারা বলছে, এরকম মুনাফা ও পি-ই-এর সম্পর্ক শেয়ারের অতি উচ্চমাত্রার ঝুঁকি ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নির্দেশ করে।
উল্লেখযোগ্য শেয়ার
গত সপ্তাহে সাপ্তাহিক মুনাফার দিক থেকে শীর্ষ ৫ শেয়ার ছিল- কেয়া কসমেটিক্স লি. (১৭.৩%), লিব্রা ইনফিউশন লি. (১৬.৬%), বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্ লি. (১৫.৯%), ইস্টার্ন লুব্রিকেন্টস লি. (১৫.৪%) এবং সাভার রি-ফ্র্যাকটরিজ লিমিটেড (১৩.৬%)।
সর্বনিম্ন ৫ শেয়ার ছিল- জিল বাংলা সুগার মিলস্ লি. (-১৪.১%), সামিট পুর্বাচল পাওয়ার কোম্পানি (-১২.২%), ওয়ান ব্যাংক (-১১.৭%), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (-১১.৭%) এবং ট্রাস্ট ব্যাংক (-১১.২%)।
দামের ওঠানামায় ঝুঁকির পরিমাপে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ৫ শেয়ার- ইস্টার্ন লুব্রিকেন্টস (৫৮.১৫), ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (৪৩.০৯), জেমিনী সী ফুড (৪১.৭৫), লিব্রা ইনফিউশন (৩৪.৫৭) এবং বার্জার পেইন্টস (২৩.৮৩)।
টাকার পরিমাপে বাজারে মোট লেনদেনের শতাংশ হিসেবে সর্বাধিক লেনদেন হয়েছে- কেয়া কসমেটিক্স (৫.৩৬%), বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্ (৩.৬৪%), স্কয়ার ফার্মাসিউটিক্যালস (৩.৪৩%), এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ (৩.১১%) এবং এএফসি অ্যাগ্রো বায়োটেক (৩.০৬%)।
অন্যদিকে সপ্তাহের মোট লেনদেনকৃত শেয়ারের সংখ্যার অনুপাতে সর্বোচ্চ শেয়ার লেনদেন হওয়া শীর্ষ ৫ কোম্পানি- কেয়া কসমেটিক্স (১০.৯৯%), ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং (৩.৭৮%), ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি (২.৮৭%), সিএমসি কামাল টেক্সটাইল মিলস্ (২.৬৩%) এবং ন্যাশনাল ফিড মিল (২.০৬%)।
মোট বাজার মূলধনের অনুপাতে সর্বোচ্চ মূলধন সৃষ্টিকারী ৫ শেয়ার ছিল- গ্রামীণফোন (১০.৪৪%), স্কয়ার ফার্মাসিউটিক্যালস (৫.১৪%), ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (৪.৭১%), লাফার্জ সুরমা সিমেন্ট (২.৬৪%) এবং রেনেটা (২.১৪%)।
সবচেয়ে বেশি সংখ্যক লেনদেন সংঘটিত হয়েছে- ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং (৪৬৬৭৫), কেয়া কসমেটিক্স (২০৩১৪), এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ (১২০৫৫), বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্ (১০৯৩১) এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস (৮৬৩২)।
আগামী সপ্তাহের পূর্বাভাস
গত সপ্তাহ এবং তার আগের কয়েক সপ্তাহের বাজার পরিস্থিতি ও গবেষণার প্রেক্ষিতে, আগামী সপ্তাহের বাজার কিছুটা ঝুঁকিপূর্ণ হবে বলে ধারণা করা যাচ্ছে। আগামী সপ্তাহে সূচকের ওঠানামায় ভিন্নতা দেখা যেতে পারে, একই সঙ্গে বাজার থেকে লাভ তুলে নেওয়া কঠিন হতে পারে।
গেল সপ্তাহের নিম্নমুখী প্রবণতা আগামী সপ্তাহে কিছুটা চলমান হবে বলে ধারণা করছে আরআইএল।
