২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফার ধারা ধরে রেখেছে ওয়ালটন

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বা শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ইপিএস ৮.২৫ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2023, 06:55 PM

Updated : 20 Apr 2023, 06:55 PM

অর্থনীতিতে সার্বিক নেতিবাচক পরিস্থিতির মধ্যেও দেশি ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তৃতীয় প্রান্তিকে ভালো মুনাফা করেছে।

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানিটির জানুয়ারি-মার্চ তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২৫ পয়সা।

বৃহস্পতিবার তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করে কোম্পানিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চলতি অর্থবছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) মূল্য পুনর্মূল্যায়ন ব্যতীত দাঁড়িয়েছে ২২৪.৫৭ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৩২৭.৮৪ টাকা।

বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৭৩.৭০ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৫০.৪৯ গুণ বেশি।

বিজ্ঞপ্তিতে তৃতীয় প্রান্তিকে কোম্পানির সার্বিক ঋণের পরিমাণও কমেছে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২২ - মার্চ ২০২৩) কোম্পানির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ২১.০৩ শতাংশ, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল ১৮.৬৭ শতাংশ। এসময়ে বিক্রি ও ঋণের বিপরীতে আর্থিক ব্যয়ের শতকরা হার দাঁড়িয়েছে যথাক্রমে ১৪.৭৯ ও ১৫.৮০ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২.৭৯ ও ৩.৪২ শতাংশ।

কোম্পানিটি জানিয়েছে, এসময়ে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার মান কমে যাওয়ায় কোম্পানিটি ৩৯২.৭৪ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ৪৪.১৮ কোটি টাকা। তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানির মোট আর্থিক ব্যয় হয়েছে ৬০৪.৭৯ কোটি টাকা, যা আগেরে অর্থবছরের একই সময়ে ছিল ১৪৯.৬০ কোটি টাকা।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়া, টালমাটাল বৈশ্বিক বাজার পরিস্থিতি এবং মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার মূল্যহ্রাসের কারণে কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশের দাম ব্যাপকভাবে বেড়ে যায়। তবে নানান উদ্ভাবনী পরিকল্পনা ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাসহ সকল প্রতিকূলতার মধ্যেও মুনাফার ধারা ধরে রেখেছে ওয়ালটন।

অস্বাভাবিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় এবং দু'টি ঈদকে কেন্দ্র করে দেশে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা ও বিক্রি অনেকগুণ বেড়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন।