রেকর্ডের পর রেকর্ড গড়ছেন হলান্ড, প্রশংসায় পঞ্চমুখ গুয়ার্দিওলা
গোল করা ছাড়াও দলে আরও যা অবদান রাখেন নরওয়ে তারকা, তাতে খুব খুশি ম্যানচেস্টার সিটি কোচ।
ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে গোল ও রেকর্ড গড়াকে যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন আর্লিং হলান্ড। সেই ধারায় লাইপজিগের বিপক্ষে গড়েছেন নতুন আরেক কীর্তি। নরওয়ে তারকাকে নিয়ে পেপ গুয়ার্দিওলার তাই উচ্ছ্বাসের শেষ নেই।
সবশেষ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ম্যাচে ৩-২ গোলে জেতে সিটি। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থাকা সিটির ঘুরে দাঁড়ানোর শুরু হলান্ডের ৫৪তম মিনিটে গোলে। এরপর জালের দেখা পান ফিল ফোডেন ও হুলিয়ান আলভারেস।
ইউরোপ সেরার মঞ্চে হলান্ডের ৩৫ ম্যাচে গোল হলো ৪০টি। এই প্রতিযোগিতায় সবচেয়ে কম ম্যাচে ৪০ গোলের রেকর্ড এখন তারই, পেছনে ফেলেছেন সাবেক ডাচ স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়কে (৪৫ ম্যাচ)।
চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে (২৩ বছর ১৩০ দিন) ৪০ গোলের কীর্তিও এখন হলান্ডের দখলে। পেছনে ফেলেছেন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে।
তিন দিন আগে প্রিমিয়ার লিগেও একটি রেকর্ড গড়েন হলান্ড। লিভারপুলের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে দলের একমাত্র গোলটি করে এই প্রতিযোগিতায় দ্রুততম সময়ে ৫০ গোলের মাইলফলক স্পশ করেন তিনি।
লাইপজিগ ম্যাচের পর হলান্ডের এমন দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে কিছু বলতে বলা হলে গুয়ার্দিওলা হেসে পাল্টা প্রশ্ন করে বলেন, “আবার? আমাকে আবার কিছু বলতে হবে?”
এরপর হলান্ডকে নিয়ে নতুন করে মুগ্ধতা প্রকাশ করেন গুয়ার্দিওলা।
"অজস্রবার বলেছি, (হলান্ডকে নিয়ে) আমি আসলেই মুগ্ধ। তারা আজ জিতেছে। আরেকটি রেকর্ড গড়েছে (হলান্ড)। অভিনন্দন। সে অসাধারণ খেলোয়াড়। আমি আপনাদের অনেকবার বলেছি, (তাকে নিয়ে) আমরা সত্যিই, সত্যিই খুশি। আমরা তাকে ভালোবাসি, সেটা শুধু গোল করার জন্যই নয়, আরও অনেক কিছুর জন্যও।”
আগেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করা সিটি ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের শীর্ষে। এক ম্যাচ বাকি থাকতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত হয়ে গেছে গুয়ার্দিওলার দলের।
