আনচেলত্তির চোখে বিশ্বের সেরা ফুটবলার বেলিংহ্যাম
রেয়াল মাদ্রিদে দ্রুত যেভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন ইংলিশ মিডফিল্ডার, তাতে খুব খুশি কোচ।
বর্তমানে ফুটবলের দলবদলের বাজারে ‘সবচেয়ে দামি’ খেলোয়াড় রেয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। ইউরোপের সফলতম দলটির কোচ কার্লো আনচেলত্তির মতে, শুধু বাজারমূল্যেই নয়, মাঠের পারফরম্যান্সেও বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় এই ইংলিশ মিডফিল্ডার। সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্রুত যেভাবে নিজেকে মানিয়ে নিয়ে আলো ছড়াচ্ছেন এই তরুণ, তাতে খুব খুশি অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
ক্যারিয়ারে শুরু থেকেই উজ্জ্বল বেলিংহ্যাম। রেয়ালে নাম লেখানোর পর থেকে তার দ্যুতি যেন আরও বেড়েছে। বরুশিয়া ডর্টমুন্ড থেকে গত জুনে বের্নাবেউয়ে পাড়ি জমানোর পর রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে তার গোল ১৭টি, অ্যাসিস্ট ৫টি। এর মধ্যে লা লিগায় ১৭ ম্যাচে গোল ১৩টি, চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচে ৪টি।
ক্রীড়া গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটরির গত বৃহস্পতিবার প্রকাশিত দলবদলের বাজারে ১০০ দামি খেলোয়াড়ের তালিকায় শীর্ষে আছেন বেলিংহ্যাম। ২০ বছর বয়সী এই ফুটবলারের বর্তমান বাজারমূল্য ২৬ কোটি ৭৫ লাখ ইউরো।
এই মূল্য নির্ধারণে বিভিন্ন নিয়ামক যেমন খেলোয়াড়ের বয়স, পজিশন, চুক্তির মেয়াদ, পারফরম্যান্স, ক্লাব ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়। প্রতি ছয় মাস পর পর প্রতিষ্ঠানটি এই তালিকা প্রকাশ করে।
গত গ্রীষ্মের দলবদলের সময় প্রকাশিত তালিকায় বেলিংহ্যামের অবস্থান ছিল চতুর্থ স্থানে। ছয় মাস পরই তিনি উঠে গেছেন চূড়ায়।
ওই তালিকার শীর্ষে থাকা বেলিংহ্যাম এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার কি-না, এমন প্রশ্নে শুক্রবার সংবাদ সম্মেলনে নিজের ভাবনা তুলে ধরেন আনচেলত্তি।
“বেলিংহ্যাম খুব ভালো খেলছে। মৌসুমের প্রথম ভাগে সে ভালো করেছে। আমাদের ক্লাবে নতুন সংস্কৃতি এবং ভাষার সঙ্গে তাকে মানিয়ে নিতে হয়েছে, বিষয়টি ভাবনায় নিলে সে খুব ভালো করেছে। আমাদের কাছে, অবশ্যই সে সবার সেরা।”
কোপা দেল রের শেষ বত্রিশে শনিবার স্প্যানিশ ফুটবলের চতুর্থ স্তরের দল আরানদিনার মুখোমুখি হবে রেয়াল। ম্যাচটির জন্য বেলিংহ্যামসহ শক্তিশালী স্কোয়াডই দিয়েছেন আনচেলত্তি। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে কেবল টনি ক্রুস, অহেলিয়া চুয়ামেনি ও সম্প্রতি চোট কাটিয়ে ফেরা ভিনিসিউস জুনিয়রকে বিশ্রাম দিয়েছেন তিনি।
স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন রেয়াল। গত আসরের ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে ২০তম বারের মতো চ্যাম্পিয়ন হয় মাদ্রিদের দলটি। এখানে তাদের চেয়ে বেশি ট্রফি আছে কেবল আথলেতিক বিলবাও (২৩) ও বার্সেলোনার (৩১)।
