হাঁটুর অস্ত্রোপচার হলো রেয়াল মিডফিল্ডার গিলেরের
কমপক্ষে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তুরস্কের অ্যাটাকিং মিডফিল্ডারের, খবর গণমাধ্যমের।
চোট পেয়ে আগে থেকেই মাঠের বাইরে ছিলেন আর্দা গিলের। সমস্যা সারিয়ে তুলতে এবার তার হাঁটুর অস্ত্রোপচার করা হলো।
ফলে অনেক দিন মাঠের বাইরে থাকতে হবে রেয়াল মাদ্রিদের এই অ্যাটাকিং মিডফিল্ডারকে।
গত জুলাইয়ে ফেনেরবাচ থেকে ছয় বছরের চুক্তিতে রেয়ালে যোগ দেন গিলের। এরপর স্প্যানিশ ক্লাবটির সঙ্গে যান যুক্তরাষ্ট্রের প্রাক-মৌসুম সফরে। সেখানেই চোট পান ১৮ বছর বয়সী এই ফুটবলার। এরপর তিনি ফিরে যান মাদ্রিদে।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে সোমবার গিলেরের অস্ত্রোপচার হওয়ার কথা জানায় রেয়াল। তিনি কবে ফিরতে পারেন, তেমন কিছু জানানো হয়নি।
তবে গণমাধ্যমের খবর, কমপক্ষে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে অল্প বয়সেই ‘তুরস্কের মেসি’ নামে পরিচিত পেয়ে যাওয়া এই ফুটবলারকে।
গিলেরের পর সম্প্রতি চোটের শিকার হয়েছেন রেয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার এদের মিলিতাও। এই দুজনও হাঁটুতে চোট পেয়েছেন এবং তাদেরও অস্ত্রোপচার করা হবে।
চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে লা লিগায় আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারায় রেয়াল। কার্লো আনচেলত্তির দলের পরের ম্যাচ আগামী শনিবার, আলমেরিয়ার বিপক্ষে।
